বাবা-ভাইয়ের ছবি হাতে প্রচারে জেব বুশ
নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেননি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের ছেলে জেব বুশ। তবে তিনি দলের বাছাইপর্বের অনানুষ্ঠানিক প্রচারে নেমে পড়েছেন। বাবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ ও অগ্রজ ডব্লিউ বুশের ছবি হাতে মাঠ চষে বেড়াচ্ছেন।
গতকাল শুক্রবার নিউ হ্যাম্পশায়ারের দলীয়সভায় জেব বুশ বলেন, ‘আমার হৃদয় খুলে দেখাতে চাই, আমি নিজে কে? ’ তিনি বলেন, বাবা ও ভাইয়ের চেয়ে তাঁর গল্প কিছুটা ভিন্ন। বাবা, ভাই, বোন সব সময় সমান হয় না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘প্রত্যেকে আমরা নিজস্ব ভুলগুলো করে থাকি। জীবনের যাত্রাপথ যার যার নিজস্ব হয়।’
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাছাইপর্বের আনুষ্ঠানিকতা শুরু হওযার অনেক আগেই প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। ডেমোক্র্যাট দলের হয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটন এর মধ্যেই তাঁর প্রার্থিতা ঘোষণা করেছেন। কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম এখনো না আসায় হিলারির প্রার্থিতা অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
রিপাবলিকান দলের হয়ে এখন পর্যন্ত তিনজন তরুণ সিনেটর তাঁদের প্রার্থিতা ঘোষণা করেছেন। তাঁরা হলেন সিনেটর মার্কো রুবিও, টেড ক্রুজ ও র্ন পল। এর মধ্যে রিপাবলিকান ঘরানার পরিচিত নাম জেব বুশের প্রচার শুরু হলো। এতে রিপাবলিকান প্রার্থী বাছাইপর্বটি নাটকীয় হবে বলে মনে হচ্ছে।
জেব বুশ ফ্লোরিডার সাবেক গভর্নর ছিলেন। বুশ পরিবারের সদস্য হিসেবে রিপাবলিকান দলের একটি অংশের কাছে তাঁর জোরালো গ্রহণযোগ্যতা রয়েছে। তবে নির্বাচনী প্রচারে বাবা ও অগ্রজের দুর্নামের বোঝাও তাঁকে তাড়া করবে।
নিউ হ্যাম্পশায়ারে জেব বুশ আভাস দিয়েছেন, তিনি দুই মেয়াদের গভর্নর হিসেবে নিজের অভিজ্ঞতাকে সামনে রেখে প্রচার চালাবেন।
নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জরিপে জেব বুশের গ্রহণযোগ্যতার আভাস মিলেছে। রিপাবলিকান সমর্থক মাইকেল রোমিও নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, জেব বুশের বক্তব্যে আমি অনুপ্রাণিত। অভিবাসনসহ বেশ কিছু স্পর্শকাতর ব্যাপারে জেব বুশের অবস্থান মূলধারার রিপাবলিকানদের চেয়ে আলাদা।
রিপাবলিকান দলের বাছাইপর্বের নাটকীয়তা পেরিয়ে জেব বুশ প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন কি না, তা নিয়ে তাঁর একান্ত সমর্থক বিলব্রিডেন নিশ্চিত হতে পারছেন না। নিউজার্সির এই রিপাবলিকান বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ক্লিনটন এবং বুশ দুটি নাম একসঙ্গে দেখা যাবে কি না, এ জন্য আরও কিছুদিন তাঁদের অপেক্ষা করতে হবে।