বাবাদের গল্প
প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার পালিত হয় বাবা দিবস। যদিও ঘটা করে বাবা দিবস বা মা দিবস পালন করা খুব জরুরি বিষয় নয়, তবুও আজকের বাণিজ্যিক বিশ্বে দিবসটি জায়গা করে নিয়েছ। অবশ্য বেশির ভাগ মানুষই প্রতিটি কাজের মাধ্যমেই বাবা-মায়ের প্রতি ভালোবাসা বা কর্তব্যের প্রকাশ ঘটান, তাঁরা মোটেই এই দিনটির অপেক্ষায় থাকেন না।
প্রত্যেক মানুষের জীবনে যার প্রভাব সবচেয়ে বেশি তিনি হলেন তার বাবা। প্রতিটি সন্তানের কাছে বাবা হলেন অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিটি সন্তানের কাছ থাকে বাবার নানা গল্প। গত বছর বাবা দিবসের আগে আমেরিকার নামকরা অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট এশীয় অভিবাসীদের তাদের বাবার গল্প শেয়ার করতে বলেছিলেন, সেখান থেকে বেশ কিছু গল্প তারা ছেপেছিল। সেখান থেকে কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি-
একজন বাবা যিনি রেস্টুরেন্টে কাজ করেন তার সম্পর্কে তার মেয়ে জেসিকা লিখছেন—
‘আমার বাবা শুনলেন, আমি আমার বেবি সিটারের বাসায় কাঁদছি। আমার বাবা রেস্টুরেন্টে কাজ করতেন। তিনি তাড়াতাড়ি কাজ শেষ করে আমার কাছে আসতে গিয়ে দুর্ঘটনাবশত হাত পুড়িয়ে ফেললেন। আমার সারা জীবনে বাবা আমার জন্য নিজের কাজকে তুচ্ছ করে এমন অনেক কাজ করেছেন—আমি তার কাছে কৃতজ্ঞ।’
একজন ট্যাক্সিচালক বাবার জন্য তাঁর মেয়ে জুহি লিখছেন—
‘আমার বাবা ছিলেন একজন প্রকৌশলী। অভিবাসী হিসেবে আমেরিকায় আসার পর আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতে আমার বাবাকে অনেক অড-জব করতে হয়েছে। তিনি ট্যাক্সি চালিয়েছেন, নিরাপত্তাকর্মীর কাজ করেছেন। সুন্দর ও সবচেয়ে অর্থপূর্ণ একটা ছবি সব সময় এত সহজে তৈরি হয় না।’
সারা নামের একজন লিখেছেন যার বাবার কখনো কোনো জন্মদিন পালিত হয়নি, কিন্তু জাঁকজমক করে পালন করেছেন মেয়ের জন্মদিন—‘আমাকে নিয়ে আমার বাবা সব সময়ই একটা কিছু করতে ভালোবাসতেন। আমার জন্মদিনে ঘুম থেকে উঠে দেখতাম, বেলুন আর রঙিন কাগজ দিয়ে তিনি আমার কক্ষটি সাজিয়েছেন। কোনো কোনো বছর স্কুল থেকে এসে বাসা সাজানো দেখে আমি অভিভূত হতাম। সেবার বাবাকে অন্য জায়গায় বদলি করা হলো, এবার জন্মদিনে তেমন কিছু হবে না, মনে করে মনটা খারাপ করে রাতে শুতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আমার ঘর সাজানো দেখে বাবাকে খুঁজতে লাগলাম। কোথাও পেলাম না। মায়ের কাছে শুনলাম, বাবা রাতে প্রায় ৩ ঘণ্টা ড্রাইভ করে এসে আমার রুম সাজিয়ে আবার কাজের জায়গায় ফিরে গেছেন। আমি কাঁদতে লাগলাম। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ।’
এবার বিদেশি নয়, আসুন বাংলাদেশি পত্রিকায় ছাপানো বাবাদের জন্য একটা চিঠি পড়ি। সম্প্রতি মাদকবিরোধী অভিযানে নিহত ওয়ার্ড কমিশনার একরামের দুই মেয়ের চিঠি প্রথম আলোতে ছাপা হয়েছিল যা অনেককেই কাঁদিয়েছিল। আপনি যদি তা না পড়ে থাকেন, তবে আপনার জন্য চিঠিটি তুলে ধরলাম—
প্রিয় বাবার জন্য দুই কন্যা তাহিয়াত ও নাহিয়ানের খোলা চিঠি—
আমাদের পুরো পৃথিবীটা যে তোমাকে ঘিরেই ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তোমার কাজ ছিল তোমার রাজকন্যাদের রেডি করা। মোটরসাইকেলে করে প্রাইভেট পড়তে নিয়ে যাওয়া। স্কুলে পৌঁছে দেওয়া।
হয়তো ঈদের পর থেকে আমাদের স্কুলের বাস নিয়ে যাতায়াত করতে হবে। সে সময় তোমাকে অনেক মিস করব। তোমার শরীরে থেকে বাবার একটা ঘ্রাণ আসত, খুব মিস করব সে ঘ্রাণ।
তোমার গানের গলা যথেষ্ট প্রশংসনীয় ছিল, আমাদের আবদারে সব গান গেয়ে শোনাতে। মিস করব সে দরাজ ভরা কণ্ঠের গান।
তোমার ভালো মানের চশমা ও মোটরসাইকেলের প্রতি লোভ ছিল, তোমার রেখে যাওয়া সে সব চশমা আমাদের দিকে জ্বলজ্বল করে নির্বাক হয়ে তাকিয়ে আছে। এই কিশোর বয়সে হারিয়ে ফেলব তা কল্পনাতীত ছিল। কিন্তু আল্লাহ তোমাকে নিয়ে গেলেন, হয়তো উনি তোমাকে আমাদের চাইতে বেশি ভালোবাসেন।
বাবা, তোমার অসমাপ্ত স্বপ্ন আমরা পূরণ করব, তোমার দেখিয়ে দেওয়া পথে আমরা আজীবন চলব। তোমাকে কথা দিলাম, আমরা তোমার সত্যিকার রাজকন্যা হয়ে তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। ওপরে অনেক ভালো থেকো বাবা। তবে চিৎকার করে বলছি, আমরা বাবা ডাকব কারে?
এবার আমার নিজের একটা গল্প বলি—আমি যখন আমেরিকায় এলাম তখন আমার মেয়ে সবে মাত্র ঢাকায় ভিকারুননিসা স্কুলে ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিল, কিন্তু ক্লাস করতে পারেনি। আমার যখন সপরিবারে অভিবাসী হয়ে এলাম, তখন এখানে স্কুলে ছুটি চলছে। তাই সে স্কুলে ভর্তির জন্য অপেক্ষা করতে লাগল। দুর্ভাগ্যবশত আমার সোশ্যাল সিকিউরিটি কার্ড আসতে বেশ দেরি হলো। সেটি ছাড়া এখানে ভালো কাজ পাওয়া অনেক কষ্টের। আমার স্ত্রী অবশ্য একটি কাজ জুটিয়ে ফেলেছে, তাই আমার মেয়ে সারা দিন আমার সঙ্গে থাকত। আমি এখানে সেখানে কাজের জন্য যাই। কখনো মেয়েকে নিয়ে রাস্তায় হাঁটি। দোকানে সাজানো পুতুলগুলোর দিকে তাকিয়ে দেখে। একটাও কিনতে চায় না। কারণ সে বুঝতে পারছে, আমি হয়তো কিনে দিতে পারব না, কারণ আমার কাজ নেই। এর মধ্যে আমার মেয়ে স্কুলে ভর্তি হয়েছে। একদিন বাসায় এসে দেখে, আমার সঙ্গে ঘোরাঘুরির সময় যে পুতুলটা তার সবচেয়ে ভালো লেগেছে, আমি ওর বিছানার পাশে সেটা সাজিয়ে রেখেছি। সে পুতুলটার দিকে না তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ‘বাবা তোমার চাকরি হয়েছে।’ আমি আমার প্রতি তার এই ভালোবাসার প্রকাশ কখনো ভুলব না। আসলে আমার চাকরি না পাওয়ার কষ্টটা, সে সেই বয়সেই বুঝেছিল।
এই বাবা দিবসে সবচেয়ে কষ্টের হলো, যাদের বাবা বেঁচে নেই। এই ২৪ ঘণ্টা তাদের খুব দুঃখী করে রাখে। আমি তাদের দলে। আমি আমার বাবার প্রতি কৃতজ্ঞ, আজকে আমি যে এই একটু-আধটু লেখালেখি করি সেটা তার কাছ থেকেই শেখা। হাতে গল্পের বই দিয়ে শিখিয়েছেন, পড়ার কি আনন্দ। গল্পের ছলে দিয়েছেন উপদেশ, ‘স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস’।
অভিবাসনের সুযোগে অনেকেই তাদের বৃদ্ধ বাবা-মাকে এই দেশে নিয়ে এসেছেন। আমাদের মনে রাখতে হবে, বৃদ্ধ বয়সে তাদের প্রয়োজনটা থাকে ভিন্ন ধরনের। বিশেষ করে তারা অনেকটা একাকিত্বে ভোগেন। সবারই উচিত, সাধ্যমতো তাদের কিছুটা সময় দেওয়া। আজকাল অনেক অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার হয়েছে, তাদের সেখানে যাওয়ার ব্যবস্থাও করা যেতে পারে।
প্রকৃতির নিয়মে সবাইকে তরুণ থেকে বৃদ্ধ হতে হবে। আমরা যেন আমাদের অগ্রজদের দিকে মমতার সঙ্গে আমাদের হাত বাড়িয়ে দিই। বাবা-মায়ের প্রতি সন্তানের আচরণ কেমন হবে, সে সম্পর্কে পবিত্র কোরআনের সুরা বনি ইসরায়েলের ২৩ ও ২৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ‘তাদের কেউ অথবা উভয়েই যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের সঙ্গে ভালো আচরণ করো এবং কখনো উহ্ শব্দটি উচ্চারণ করো না। তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো।’
লেখক: আবদুল্লাহ জাহিদ, গল্পকার
ই-মেইল: [email protected]