বাবার উল্টো স্বভাবের মেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভানকা ট্রাম্প
ইভানকা ট্রাম্প

ধীরস্থির, শান্ত স্বভাবের তিনি। ভাবুকও। যদিও তাঁর বাবা মেজাজি ও অস্থির ধাঁচের। এই বাবারই একজন সমর্থক তিনি। তবে অন্ধ ভক্ত নন। বাবার অযৌক্তিক ভাবনা বা কথায় সায় দিতে আপত্তি তাঁর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর মেয়ে ইভানকা ট্রাম্পের এই মানসিক ও আচরণগত ব্যবধানে তিনি (ইভানকা) ডেমোক্র্যাট শিবির ও ক্ষুরধার বিশ্লেষক উভয় পক্ষেরই শ্রদ্ধা কেড়েছেন।
বাবা-মেয়ের মধ্যকার এই ব্যবধান এরই মধ্যে স্পষ্ট করে দিয়েছেন একজন মডেল থেকে ব্যবসায়ী নির্বাহী হয়ে ওঠা ইভানকা। ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে গত বুধবার তৃতীয় ও শেষ দফার মুখোমুখি বিতর্কে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আসন্ন নির্বাচনে না জিতলে তিনি ফলাফল মেনে না-ও নিতে পারেন। একই রকম বক্তব্য দিয়েছেন পরের দিন সমর্থকদের এক সমাবেশে। এই বিস্ফোরক মন্তব্যে পুরো মার্কিন জাতিই যেন হতাশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কথায়, ট্রাম্পের এ বক্তব্য ঐতিহাসিক মার্কিন নির্বাচনব্যবস্থা, এমনকি মার্কিন গণতন্ত্রকে এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে ইভানকা জোর দিয়ে বলেছেন, তাঁর বাবা উভয় ক্ষেত্রে ফলাফল মেনে নেবেন; হারলেও-জিতলেও।
আবার সম্প্রতি ফাঁস হওয়া এক ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, সুন্দরী নারীর সঙ্গে তিনি যা খুশি ইচ্ছা করতে পারেন। যদিও পরে তীব্র সমালোচনার মুখে তিনি এ বক্তব্যকে ‘লকার-রুমের কথা’ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তবু মেয়ে ইভানকার কথায়, এসব মন্তব্য ‘যথার্থ নয় এবং তা আক্রমণাত্মক’। তিনি স্বীকার করেন, তাঁর বাবার কথা তাঁদের জন্য ‘অস্বস্তিকর’।
বাবার সব কথা সমর্থন না করলেও শিগগিরই ৩৫ বছরে পা রাখতে চলা ইভানকা ট্রাম্পের একজন আস্থাভাজন। তাই, তরুণ ও নারী ভোটারদের আকর্ষণ করতে মেয়ে ইভানকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও।
ট্রাম্পের এ আস্থার প্রতিফলন গত জুলাইয়ে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে রেখেছেন ইভানকা ট্রাম্প। দর্শক-শ্রোতাদের মধ্যে বাবাকে পরিচিত করতে গিয়ে তিনি বড়াই করেই বাবা ট্রাম্পকে একজন ‘শক্ত-সামর্থ্যবান’ এবং ‘দয়ালু ও সদাশয়’ মানুষ হিসেবে তুলে ধরেছিলেন।
অবশ্য কখন পিছু হটতে হয়, সেটাও ভালোভাবে জানা আছে ইভানকার। প্রকাশ্য বক্তব্য, সাক্ষাৎকার ছাড়াও নিজস্ব টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যক্তিগত ভাবমূর্তি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি; বিশেষত নারীদের মধ্যে। পরিকল্পনা করছেন আগামী বছর একটি বই প্রকাশেরও।