বাবার জন্য প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেদিন রাতে আমি ডিনার শেষে ভাবলাম দেশে ফোন করব। কিন্তু দেশ থেকেই ফোন এল। একটু অবাক হলাম। সাধারণত আমিই ফোন করি। ভাইয়া ফোন করেছিল দেশ থেকে, কোনো কথা বলছিল না। আমি হ্যালো হ্যালো করছিলাম। প্রশ্ন করলাম, আম্মার কিছু হয়েছে? ভাইয়ার উত্তর, না। কাঁদছিল বোঝা যায়। আমি বললাম, আব্বার কিছু হয়েছে?
ভাইয়া চুপ করে আছে। আমি বুঝতে পারছিলাম, আমার বাবা আর নেই। অসুস্থ হলে তো বলত আমাকে। যেহেতু কিছুই বলছে না, তার মানে বাবা নেই। আমি ফোনের লাইন কেটে দিলাম। একটুপর আবার ভাইয়া ফোন করল, এবার আমার স্বামী ধরল। জানাল, বাবা মারা গেছে। এরপর আত্মীয়স্বজন, বন্ধু–বান্ধবদের ফোন আসতে শুরু করল। সময়টা ছিল ৭ মার্চ ২০১২ সাল।
আমি অনুভব করতে লাগলাম, যেন আমি দেশেই আছি। বাবার পাশে বসে আছি। যেন বাবা আমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কাঁদিস না। বাবা-মা কি কারও চিরজীবন বেঁচে থাকে?
কোনো খারাপ খবর শুনলে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতাম, তিনি সান্ত্বনা দিতেন। যখন বাবার মৃত্যুর খবর এল মনে হলো, আমি বুঝি আশ্রয় হারালাম। এখন আমার কান্না কে মুছে দেবে? বাবার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, তা কোনো কিছুর সঙ্গে তুলনা চলে না। আমার সবই আছে, তারপরও কেমন যেন শূন্য লাগত চারপাশ। এখনো লাগে মাঝে মাঝে।
আমরা পাঁচ ভাই-বোনের মধ্যে আমিই সবার ছোট। বড় হয়েছি আহ্লাদে, আদরে। ছোট বেলায় দেখতাম, গ্রামে অনেক কৃষক সরিষা ফসল করত। মাইলের পর মাইল সরিষা খেতের হলুদ ফুলগুলো অদ্ভুত এক সৌন্দর্যের আবির ছড়িয়ে দিত। সকালবেলা নামাজ শেষে বাবা আমাকে নিয়ে প্রায় ভোরবেলা হাটতে যেতেন এই অপরূপ দৃশ্য দেখার জন্য। বিশেষ করে ভোরের সূর্যের হালকা কিরণ যখন ফুলের শিশিরের ওপর চিকচিক করত মনে হতো এ কোনো বাস্তব চিত্র নয়, ক্যালেন্ডারের পাতায় থাকা ছবি। এভাবেই তিনি আমাকে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে শিখিয়ে ছিলেন। বলতেন, যখনই সুযোগ পাবে ঘুরে ঘুরে দেখবে সৃষ্টি কর্তার অপার রহস্য।
পরে আমি কত জায়গা দেখতে গিয়েছি, নায়াগ্রা জলপ্রপাত, স্ট্যাচু অব লিবার্টি, আটলান্টিক সাগর, মেরিল্যান্ড মিউজিয়াম, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আরও কত কী—হিসাব নেই। কিন্তু ছোটবেলার সেই আনন্দ ছিল অন্যরকম।
একবার কোরবানি ঈদের মাত্র দুই দিন আগে সেকি জ্বর আমার। বাবা সব কাজ ফেলে সারাক্ষণ আমার কাছে। মাথায় পানি দিচ্ছে, ওষুধ খাওয়াচ্ছে, লেবুর শরবত বানাচ্ছে। একটু পর পর দেখছে জ্বর কমছে কিনা। আর গ্রামের মানুষেরা আসছে কীভাবে কোরবানি হবে, কোথায় কার বাড়িতে হবে আলোচনা করতে। বাবার সেদিকে কোনো খেয়াল নেই, মনযোগের কেন্দ্রবিন্দু আমি। আর ভাইয়াকে সব সামলাতে বলছে।
আমার জ্বর আস্তে আস্তে বাড়তে লাগল, দিন গেল রাত গেল থামার কোনো লক্ষণ নেই। পরদিন সকালে সেকি বৃষ্টি, আমার অবস্থা আরও খারাপের দিকে। তারপর আমার আর কিছু মনে নেই, ঈদের দিন সকালে যখন চোখ খুললাম, দেখলাম ডাক্তার আমার পাশে। আমার মাথা বাবার কোলে, আম্মা আমার একহাত বুকের মধ্যে ধরে আছেন, ভাইয়া ডাক্তারের পাশে দাঁড়িয়ে। এত মমতা, এত যত্ন আদরে ঘেরা আমার শৈশব, কৈশোরের দিন।
আমার একবারও মনে হয় না বাবা নেই, আসলে বাবারা মরে না। তারা বেঁচে থাকে সন্তানের চলার পথে, প্রতি পদক্ষেপে, ভাবনায়। যাদের বাবা–মা আছে, তারা ভাগ্যবান। আর যাদের নেই, আপনারা এমন ভাববেন না যে বাবা নেই। জীবিত বা মৃত হোক, মা-বাবা সুখ-দুখে সন্তানের চারপাশে থাকে সব-সময়, আমরা শুধু বুঝতে পারি না।
বাবা ছিলেন আমাদের নির্ভরতার প্রতীক। আগলে রাখতেন সবকিছু। কোনো চিন্তা নেই, যেন সব চিন্তা তাঁর জন্য বরাদ্দ, এজন্যই তিনি বাবা। টাকা দরকার ছুটে গেছি, বই কিনব ছুটে গেছি, সুন্দর ড্রেস কিনব বাবার কাছে আবদার। অসুখ হলে মনে হতো, আমার কোনো অসুখ হয়নি। যেন বাবার নিজের অসুখ হয়েছে। কী নির্ভরতায় আদরে, স্নেহে আগলে রাখতেন! জীবনের যত ঝড় এসেছে, কী নিপুণভাবে তিনি সামলে নিয়েছেন, কেউ বুঝতেই পারিনি, কাউকেই বুঝতে দেননি কি ঝড় বয়ে যাচ্ছে। তাঁর নিজের কোনো চাহিদা ছিল না।
আমার বাবা একজন শিক্ষক ছিলেন। গ্রামের এমন কোনো ভালো ছাত্র নেই যে ওই সময় তাঁর কাছে বিনা পয়সায় পড়েনি। ভালো ছাত্র পেলে অনেক খুশি হতেন। বলতেন তারাই সমাজ আলোকিত করবে। তাদের মানুষ করতে হবে। যেন মানুষ বানানোর এক কারিগরের নেশা ছিল। এই নিয়ে আম্মা অনেক গর্ব করতেন। বাবার কাছ থেকেই শেখা, কীভাবে শত কষ্টের মাঝেও মাথা উঁচু করে দাঁড়াতে হয়। আমার বাবাকে অন্যায়ের সঙ্গে কখনো আপস করতে দেখিনি। তখন তো বুঝিনি, এখন মনে হয় কত ভাগ্যবান ছিলাম, এমন মানুষের সন্তান আমি। তিনি বিশ্বাস করতেন, আজ তিনি যা দিয়ে যাবেন তা ফিরে আসবেই। আসলেও এসেছে, তবে তিনি পাননি পেয়েছি আমরা। তাঁর কোনো ছাত্রের সঙ্গে দেখা হলে এখনো বলে, ও তুমি স্যারের মেয়ে, আহা এমন মানুষ ছিলেন তোমার বাবা। তোমরা তো ভাগ্যবান।
একজন আদর্শ শিক্ষক কতটা নীতিবোধ ধারণ করতেন বাবাকে দেখে বুঝেছি। সত্যি বলতে সেভাবেই গড়ে উঠেছি আমরা সব ভাই-বোন। তাঁর কাছ থেকেই শেখা, জীবনের আনন্দ কীভাবে উপভোগ করতে হয়। কীভাবে শত কষ্টেও প্রতিকূলতায় টিকে থাকতে হয়। জীবনের খারাপ সময়ে খাদের কিনারায় গিয়েও হাল ছাড়তে নেই— এমন চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন তিনি।
আমার মেয়েকে নিয়ে প্রথম যখন দেশে গেলাম আমাকে বললেন, সন্তানকে মানুষ করতে হলে তার সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। এই যে তোমার মেয়ে, মনে রেখ পৃথিবীতে তুমিই তাকে এনেছ। তোমার অনেক দায়িত্ব। শাসন করবে যেন ভুল পথে না যায়। তবে ভালোবাসা দিয়ে তাকে আগলে রেখ। তার সঙ্গে এমন ভাবে মিশবে, যেন বড় হয়ে সে বলতে পারে তার জীবনের সুন্দর সময়গুলো কাটিয়েছে তার মায়ের সঙ্গে। তোমার মেয়ে যখন বুঝতে পারবে তার একটা ভালোবাসার আশ্রয় আছে, সে কখনো খারাপ পথে যাবে না। আর তোমাকেও সম্মান করবে, ভালোবাসবে। কী সুন্দর করেই না আমায় বুঝিয়েছেন! যেন আমি আমার মেয়েকে এভাবে গড়ে তুলি।
বাবা বেঁচে থাকা মানে সন্তানের ওপর বটগাছের ছায়া হয়ে থাকা। জীবিত অবস্থায় সেটা বোঝা যায় না। বোঝা যায় হারিয়ে গেলে। হারানোর পর সন্তানেরা শুধু আফসোস করে বলে, বাবা বেঁচে থাকতে এটা কেন করলাম না, সেটা কেন করলাম না। আসলেই একজন মানুষের অবস্থান বোঝা যায় হারানোর পর।
বাবা, তোমায় খুব মনে পড়ে, শিশির ভেজা এ ভোর,
কে বলবে আমায় বোকা মেয়ে কাঁদিস না আর
আমি আছি তোর পাশে ভয় কি তোর?
বাবা, সবুজ ঘাসের শিকড়গুলো তোমায় কি স্পর্শ করে?
ছোঁয়ায় ভালোবাসার পরশ ওই সাড়ে তিন হাত মাটির ঘরে।
সময় কত দ্রুত চলে যায়। কে বলে তুমি নেই? আমার প্রতি পদক্ষেপে জড়িয়ে আছ। আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী, ৭ মার্চ ২০১২ সালের এই দিনে আমার বাবা মারা যান। সব সময় প্রার্থনা করি, বাবা তুমি ভালো থাকো ওপারে।