বাবার বিষণ্নতায় আক্রান্ত মেয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের রাস্তায় স্পেকট্রামের কর্মীদের প্রতিবাদ
নিউইয়র্কের রাস্তায় স্পেকট্রামের কর্মীদের প্রতিবাদ

মারভিন বিলাপস বেশ কিছুদিন ধরে অবসন্ন হয়ে আছেন। তাঁকে নিষ্প্রাণ লাগছে। এ কথাটি তাঁকে জানিয়েছে তাঁর ছোট মেয়ে। বাবার বিষণ্নতা মেয়েকে আক্রান্ত করেছে। কিন্তু মেয়ের সপ্রশ্ন চাহনির সামনে কোনো উত্তর হাজির করতে পারেননি ৪৯ বছর বয়সী বিলাপস। যদিও তাঁর বিষণ্নতা ও নিষ্প্রাণ চলাচলের কারণ নিজের কাছে অজ্ঞাত নয়।
বিলাপস স্পেকট্রামের ১ হাজার ৭০০ কর্মীর মধ্যে তিনি একজন মাত্র, যাঁরা প্রায় পাঁচ মাস ধরে ধর্মঘটে রয়েছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা ভেস্তে যাওয়ার পর তাঁরা এ আন্দোলন শুরু করেন, যা তাঁদের অনেকেরই জীবনযাত্রা ও চিন্তা পদ্ধতিও পাল্টে দিয়েছে। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাপস বলেন, ‘ধর্মঘট আমার জীবনে গভীর রেখাপাত করেছে। আমার চিন্তা বদলে দিয়েছে এ আন্দোলন।’
পেশায় ফোরম্যান বিলাপস ম্যানহাটনের কেব্‌ল নেটওয়ার্ক নির্মাণকাজ তদারকির দায়িত্বে ছিলেন। কাজ হারানোর পর স্পেকট্রামের কাছ থেকে তাঁর মোট ৩০ হাজার ডলার পাওনা রয়েছে। স্পেকট্রাম শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে যোগ দিলেও অন্য কর্মীদের মতো তিনিও এখন পর্যন্ত এ পাওনা আদায় করতে পারেননি। ফলে তাঁর স্ত্রীকে এখন নিজ কর্মক্ষেত্রে বাড়তি শ্রম দিতে হচ্ছে। আর বিলাপসকে পয়সা বাঁচানোর জন্য গাড়ির বদলে হেঁটেই যাতায়াত করতে হয়।
সর্বশেষ ২৫ আগস্ট স্পেকট্রাম কর্মীরা নিজেদের পাওনার দাবিতে বিক্ষোভ করেন। এরই মধ্যে এ ধর্মঘট নিউইয়র্ক সিটির মেয়র কার্যালয়ের গোচরে এসেছে। এ পরিপ্রেক্ষিতে ধর্মঘট চলাকালে প্রতিষ্ঠানটির সেবা অব্যাহত রাখার পন্থা নিয়ে অনুসন্ধান করছে শহর কর্তৃপক্ষ।
জুলাইয়ের শেষে স্থানীয় এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও বলেছিলেন, ‘স্পেকট্রামের উচিত সিটি হলে (মেয়র কার্যালয়) আসা। এখানে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বসে বিষয়টির মীমাংসা করা উচিত তাঁদের। প্রতিদিনই প্রতিষ্ঠানটির কর্মীরা রাস্তায় অবস্থান নিচ্ছেন। এটি সবার জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা সবাই বিষয়টির সমাধান চাই।’
এখন পর্যন্ত একাধিকবার উভয় পক্ষ আলোচনায় বসলেও কোনো সমাধান আসেনি। আমেরিকার দ্বিতীয় বৃহত্তম কেব্‌ল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেকট্রাম পুরো দেশের প্রায় ২৬ দশমিক ২ মিলিয়ন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহককে সেবা প্রদান করে। গত বছরের মে মাসে প্রতিষ্ঠানটি নিউইয়র্কে কার্যক্রম শুরু করে। এ সময় প্রতিষ্ঠানটি নিউইয়র্কের ম্যানহাটন, ব্রুকলিন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডে ২০২০ সাল পর্যন্ত সেবাদানের অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান ব্রাইট হাউস নেটওয়ার্কস ও টাইম ওয়ার্নার কেব্‌লকে ৭০ বিলিয়ন ডলার পরিশোধ করে। প্রাথমিকভাবে সাময়িক চুক্তির মাধ্যমে কর্মী নিয়োগ করে কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। গত ৩১ মার্চ ছিল এ চুক্তির মেয়াদের শেষ দিন। এর তিন দিন আগে ২৮ মার্চ থেকে প্রতিষ্ঠানটির কর্মীরা আন্দোলনে নামেন।
স্পেকট্রাম শ্রমিক ইউনিয়নের নেতাদের ভাষ্যমতে, প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা কর্মীদের একটি ‘নিম্নমানের ও অগ্রহণযোগ্য’ পেনশন ও স্বাস্থ্যনীতির আওতায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছিলেন। এ অবস্থায় তাঁরা বিদ্যমান পেনশন ও স্বাস্থ্যনীতির অধীনে থাকার দাবি তোলেন। বিদ্যমান এ নীতি একটি স্বাধীন বোর্ড অব ট্রাস্টিজের দ্বারা প্রণীত হয়েছিল।
ইন্টারন্যাশনাল ব্রাদারহুড অব ইলেকট্রিক্যাল ওয়ার্কার্স লোকাল ৩-এর প্রতিনিধি ডেরেক জর্ডান বলেন, ‘আমাদের কর্মীরা দীর্ঘদিন ধরে একটি ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত। আমরা চাই সে অবস্থাটিই বিরাজ করুক। আমাদের এ আন্দোলনের সঙ্গে নির্মাণশ্রমিক থেকে প্রকৌশলী সবাই রয়েছেন। অথচ পুরোনো কর্মীদের সংকটের সমাধান না করেই সারা দেশ থেকে অন্যায্যভাবে কর্মী নিয়ে আসছে স্পেকট্রাম, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এদিকে স্পেকট্রামের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘বেনেফিট প্ল্যানের’ বদলে তারা কর্মীদের বেতন বাড়াতে চায়। এটি অনেক বেশি যুগোপযোগী। সর্বশেষ প্রস্তাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ২২ শতাংশ মজুরি বৃদ্ধি এবং স্বাস্থ্য ও অবসরোত্তর ভাতার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। শ্রমিকদের এ আন্দোলনের কোনো বৈধতা নেই। কারণ তাঁরা আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এ আন্দোলন শুরু করেছেন।
নিউইয়র্কের বাইরে থেকে কর্মী নিয়োগের বিষয়টি অস্বীকার করছে স্পেকট্রাম। এ ক্ষেত্রে কোনো চুক্তি ভঙ্গ হয়নি বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ধর্মঘটের কারণে বিপত্তিতে পড়তে হচ্ছে স্পেকট্রাম গ্রাহকদেরও। নিউইয়র্ক সিটির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তথ্যমতে, গত চার মাসে প্রতিষ্ঠানটির সেবার বিষয়ে বিভিন্ন অভিযোগের পরিমাণ বেড়েছে ৯ শতাংশ। ২৮ মার্চ থেকে মধ্য জুলাই পর্যন্ত অন্তত ১১০টি বড় সংকটের সম্মুখীন হয়েছেন প্রতিষ্ঠানটির সেবাগ্রহীতারা। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় প্রায় ৯৫ হাজার গ্রাহক ভুক্তভোগী হন।
সার্বিক বিষয়ে মেয়র কার্যালয়ের উপ-প্রেস সচিব নিউইয়র্ক টাইমসকে বলেন, মেয়র কার্যালয় বিষয়টি নিয়ে তদন্ত করছে। পুরো প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকেই নিরীক্ষার আওতায় নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কর্মী নিয়োগ ও এ-সংক্রান্ত চুক্তির বিষয়গুলো খতিয়ে
দেখা হবে।