বামানার ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত

উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বামানা) ৩৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকায় মিশিগানের ডেট্রয়েট শহরে জেনারেল মটরসের (জিএম) সদর দপ্তর রেনেসাঁ ভবনে ৫ থেকে ৭ জুলাই তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সংগঠনের পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠন ও পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনে আমেরিকার বিভিন্ন রাজ্য, কানাডা ও ইউরোপ থেকে আসা বাংলাদেশি চিকিৎসকেরা অংশ নেন। ২০১৮ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বিএমএর ১৩টি চ্যাপটার রয়েছে। এর সদস্য সংখ্যা প্রায় ৮০০। এগুলোর মধ্যে বড় চ্যাপটার নিউইয়র্ক।
এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জিয়া উদ্দিন। এ বছর চিকিৎসক নেতাদের মধ্যে বামানার নির্বাচনে সভাপতি হন জিয়াউর রহমান, প্রেসিডেন্ট (ইলেক্ট) জামাল উদ্দিন, সেক্রেটারি ফজলুল ইউসুফ, ট্রেজারার বসির আহমেদ, সায়েন্টিফিক সেক্রেটারি ইউসুফ আল মামুন, ইয়ং ফিজিশিয়ান সেক্রেটারি আদিবা গীতি, মেম্বার অ্যাট লার্জ মুজিব মজুমদার, ফেরদৌস শিল্পী ও আহমেদ মোরশেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হয় বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ও তাঁদের পরিবারের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে মিশিগানের স্থানীয় কণ্ঠশিল্পী জিন্নাহ খানও গান পরিবেশন করেন। নৈশভোজের পর গানের মূর্ছনায় সবাইকে মাতিয়ে তোলেন বাংলাদেশের ব্যান্ডদল মাইলস ও কণ্ঠশিল্পী বেবি নাজনীন।
চিকিৎসা বিজ্ঞান ও মানবতার অন্যান্য ক্ষেত্রে অনন্য অবদান রাখায় বেশ কয়েকজন চিকিৎসককে তিনটি সম্মানসূচক পুরস্কার দিয়েছে সংগঠনটি। এগুলোর মধ্যে বিএমএ রিকগনিশন অ্যাওয়ার্ড ২০১৯ পেয়েছেন হালিদা হানুম আক্তার ও এ এফ এম জিয়াউল হক। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন ধিরাজ শাহ্, মানবতার জন্য পুরস্কার পেয়েছেন আইনজীবী সালমা আলী ও অধ্যাপক এম এ ফয়েজ। ২০২০ সালে ৪০তম সম্মেলন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস নগরীতে আয়োজনের ঘোষণা দিয়ে এই ৩৯তম সম্মেলনের সমাপ্তি ঘটে।