বার্থ টুরিজম বন্ধ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্থ টুরিজম আমেরিকার ইমিগ্রেশনের জন্য একটি বড় বিষয়। জন্মসূত্রে নাগরিকত্ব গ্রহণের জন্য আমেরিকায় সন্তান জন্ম দিতে পর্যটকদের আগমন ঘটে। আমেরিকার চিকিৎসা ব্যবস্থায় প্রসূতি চিকিৎসাপ্রাপ্তিও অনেকটা অবধারিত। জন্ম নেওয়া সন্তান আমেরিকার নাগরিক। এ ক্ষেত্রে সন্তানের বাবা–মা আমেরিকার বৈধ ইমিগ্রান্ট কি না—এ পর্যন্ত তা আর বিবেচনা করা হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে বার্থ টুরিজম নিয়ে কড়াকড়ি আরোপ করবেন বলে আভাস দিয়েছেন মার্কিন ইমিগ্রেশন বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান।

টম হোম্যান ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রতি বছর প্রচুর লোক শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় আসছে। সন্তান জন্মের জন্য এ দেশে আসে, কারণ শিশুটিকে কোনো প্রশ্ন ছাড়াই সামাজিক সুযোগ-সুবিধা, কল্যাণ ও ফুড স্ট্যাম্পসহ নানা সুবিধা দেওয়া হয়। ফলে দেশের স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ছে। অর্থনীতিতে চাপ বাড়ছে।
এ ছাড়া অবৈধ অভিবাসী হলেও বিদেশি বাবা-মা বিশ্বাস করে, আমেরিকায় জন্ম নেওয়া শিশুটি তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ করে দিতে সক্ষম হবে। বছরের পর অবৈধ ইমিগ্রান্ট হিসেবে আমেরিকায় থেকে সন্তান জন্ম দিচ্ছেন। সন্তানেরা আমেরিকান নাগরিক। দুই/তিনটি আমেরিকান সন্তান জন্মের পর ইমিগ্রেশন আইনে গ্রেপ্তার হলে বলা হচ্ছে, আমেরিকান নাগরিক সন্তানের বাবা–মাকে গ্রেপ্তার করা হয়েছে! এ নিয়ে নাগরিক অধিকার সংগঠনগুলোর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছে ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন আইনের প্রয়োগের সঙ্গে মানবিক সমস্যা যোগ হয়ে নাো সমস্যার সূত্রপাত ঘটছে।
সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের দেওয়া তথ্য অনুসারে, বার্থ টুরিজমের জন্য মার্কিন করদাতাদের বার্ষিক ব্যয় হচ্ছে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার। বছরে প্রায় তিন লাখ বাবা-মা অবৈধ অভিবাসী, ৩৯ হাজার শিক্ষার্থী অথবা ওয়ার্ক ভিসা ব্যবহার করে আমেরিকায় আসে। এ ছাড়া ৩৩ হাজার পর্যটক ভিসার মাধ্যমে এ দেশে প্রবেশ করে।
সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ জানিয়েছে, আমেরিকায় ২০১৯ সালে শুধু অভিবাসীদের মধ্যে ৩ লাখ ৭২ হাজার শিশু জন্মগ্রহণ করেছে। এত বেশি পরিমাণে শিশু জন্মের ফলে অবৈধ ইমিগ্রান্ট বাড়ছে ও দিন দিন পরিস্থিতি জটিল আঁকার ধারণ করছে বলে নীতিনির্ধারকেরা মনে করছেন।
মার্কিন ইমিগ্রেশন বিভাগের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক টম হোম্যান বলেন, ‘যদি আমরা বিশ্বের কাছে এই বার্তাটি পাঠাতে চাই যে, অবৈধভাবে এই দেশে প্রবেশ করুন, যদি আমেরিকার নাগরিক সন্তান পেয়ে যান এবং তাহলে নির্দ্বিধায় থেকে যেতে পারেন—এমন হলে আমরা কখনই সীমান্ত সংকট বা ইমিগ্রেশন সংকটের সমাধান করতে পারব না।’
প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন কঠিন করার কথা বলে যে সমর্থকদের সমর্থন পাচ্ছেন, তাদেরও দাবি বার্থ টুরিজম বন্ধ হোক। আমেরিকায় জন্ম নিলেই নাগরিকত্ব দেওয়া হবে কি না, এ নিয়েও কঠিন সিদ্ধান্ত হোক। ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুতই এ নিয়ে এগিয়ে যাবেন।