বার্লিনের ডায়েরি
এবার গ্রীষ্মের ছুটিতে চার দিনের জন্য জার্মানির রাজধানী বার্লিন বেড়াতে গিয়েছিলাম। গত ১৬ আগস্ট যাত্রা করি। ইউরোপের দেশগুলোর মধ্যে এ বছরই পর্তুগালের রাজধানী লিসবন ও জার্মানির রাজধানী বার্লিন ভ্রমণের সুযোগ হয়েছিল। যদিও জার্মানির গল্পের সঙ্গে পরিচয় হয়েছিল অনেক আগেই। অগ্রজ মিলু কাসেম (লেখক ও সাংবাদিক) নব্বই দশকের প্রথম দিকে প্রায় এক যুগ জার্মানি ছিলেন। সেই থেকে জার্মানি সম্পর্কে আমাদের পরিবারের সবারই কিছুটা জানার সুযোগ হয়। পরে তাঁর লেখার মাধ্যমে আমরা জার্মানির অনেক জনপদ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছিলাম।
বার্লিন বেড়াতে যাচ্ছি আমার বড় মেয়ে ও জামাতার সঙ্গে। গত জানুয়ারিতে গিয়েছিলাম লিসবন। সেবার দুজন গেলেও এবার সঙ্গে যুক্ত হয়েছে মেয়ে ও জামাই। ১৬ আগস্ট ভোরে আমরা লন্ডন স্টেন্ডস্টিড এয়ারপোর্ট থেকে রাইন এয়ারে করে রওনা হলাম। হাতে ছোট একটি ব্যাগ ছাড়া সঙ্গে তেমন কিছুই ছিল না। বোর্ডিং পাস অনলাইনে করে নেওয়ায় এয়ারপোর্ট থেকে সিকিউরিটি চেকআপ শেষ করেই প্লেনে চড়া গেল। লন্ডন সময় ভোর সাড়ে ৬টায় আমাদের উড়োজাহাজটি বার্লিনের উদ্দেশ্যে উড়াল দিল। গ্রীষ্মের ছুটি থাকায় এয়ারপোর্টের ভেতরে-বাইরে ইউরোপিয়ান গন্তব্যের ফ্লাইটগুলোতে ছিল অসম্ভব ভিড়। প্লেনের ভেতরেও পূর্ণ। ফ্লাইটটি ছিল দু ঘণ্টার। ইমিগ্রেশনে পাসপোর্ট স্ক্যান করিয়ে আমরা বাইরে চলে এলাম অল্প কিছুক্ষণের মধ্যেই।
মেয়ে জামাই এয়ারপোর্ট থেকে তাৎক্ষণিকভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে ভাড়ায় একটি বিএমডব্লিউ গাড়ি ড্রাইভ করে আমাদের হোটেলে নিয়ে এল। হোটেলটি চেক ইনের জন্য তখন রেডি ছিল না। রিসেপশনে ব্যাগগুলো রেখে চলে গেলাম নাশতা করতে। পাশেই একটি কফি শপে নাশতা শেষ করে আবার হোটেল।
ফ্লাইট ভোর সাড়ে ৬টায় থাকায় আগের রাতে কেউই আমরা তেমন ঘুমোতে পারিনি। সবাই ক্লান্ত। তাই কিছুক্ষণ বিশ্রাম নিতে হলো। বিকেল ৫টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। হোটেলের পাশের সাবওয়ে ট্রেনে করে চলে এলাম মেইন সিটি সেন্টারের একটি টার্কিশ রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য। উইকেন্ড থাকায় রেস্টুরেন্টটি খুবই ব্যস্ত ছিল। লন্ডনের টার্কিশ খাবার আমাদের সবারই পছন্দের। কিন্তু এখানকার খাবারটির গুণগত মান ছিল কিছুটা নিম্নমানের। ডিনার শেষে কিছুক্ষণ চারপাশে ঘোরাঘুরি করে হোটেলে চলে এলাম।
পরদিন সকালে ট্রামের ডাকে ঘুম ভাঙল। আমাদের হোটেলের সামনে দিয়ে গাড়ির সঙ্গে সঙ্গে চলে ট্রামও। ট্রামে অবশ্য প্রথম চড়েছিলাম লিসবনে, বছরের শুরুতে। তবে বার্লিনের ট্রামগুলো খুবই আধুনিক ও ঝকঝকে। আমাদের হোটেলটি পড়েছে আগেকার পূর্ব বার্লিনে। হোটেলের পাশেই রয়েছে সাবওয়ে স্টেশন; নাম ‘রোজেনথালার প্লাথস’। জার্মান শব্দ। তাই উচ্চারণে ভুল হতে পারে। এখান থেকে পশ্চিম বার্লিন আধ ঘণ্টার পথ। পাশেই রয়েছে পর্যটকদের কাছে জনপ্রিয় ‘আলেক্সান্ডার প্লাথস’, যেখানে রয়েছে ইউরোপের সবচেয়ে উঁচু বার্লিনের টিভি টাওয়ারটি। হোটেল থেকে দশ-পনেরো মিনিটের পায়ে হাঁটা পথ। সেখানে প্রচণ্ড ভিড়।
অনলাইনে আমার মেয়ে ও জামাতা ‘সিটি ট্যুর’ সার্ভিসের বাস ও ক্রুজে (ছোট জাহাজ) বুকিং দিল। এগুলোয় করে প্রায় দু-তিন ঘণ্টায় আমরা পূর্ব ও পশ্চিম বার্লিনের বিখ্যাত জায়গাগুলোর পাশ দিয়ে ঘুরব—এমনই পরিকল্পনা। শুরু হলো দ্বিতীয় মহাযুদ্ধের ডায়েরি লেখিকা ‘আনা ফ্রাঙ্ক’ মিউজিয়াম পরিদর্শনের মধ্য দিয়ে। মিউজিয়ামটি আমাদের হোটেলের একেবারে পাশেই। সেখানে ঘুরে ঘুরে তাঁর স্মৃতি বিজড়িত অনেক ঐতিহাসিক আলোকচিত্র দেখলাম এবং তাঁর সম্পর্কে নতুন করে আরও অনেক কিছু জানলাম।
পরে সেখান থেকে হেঁটে আমরা ‘হকার মার্কেটে’ এলাম। ছুটির দিন হওয়ায় বেশ জমজমাট। সেখানকার একটি থাই রেস্টুরেন্টে বসে কফি পান করলাম। পরে আরও কিছুটা পথ হেঁটে ‘সিটি ট্যুর’ বাসস্ট্যান্ডে গেলাম, যেখান থেকে আমরা রওনা হব দু ঘণ্টার বাস ট্যুরে। কিছুক্ষণ পরই আমাদের বাসটি এল। বাস চলার সঙ্গে সঙ্গে আশপাশের প্রতিটি ঐতিহাসিক স্থানের বিস্তারিত তথ্য আমাদের জানানো হলো, যা এয়ারফোনের মাধ্যমে আমরা শুনলাম। উন্নত সব দেশেই পর্যটকদের জন্য এ ধরনের বাস সেবা রয়েছে। এভাবে টানা দু ঘণ্টা খোলা বাসে বসে আমরা পূর্ব ও পশ্চিম জার্মানির বিখ্যাত ও ঐতিহাসিক জায়গাগুলো দেখলাম ও তথ্য জানলাম। এর মধ্যে ছিল ঐতিহাসিক ‘বার্লিন প্রাচীর’, যার কিছু অংশ পর্যটকদের জন্য সংরক্ষণ করা হয়েছে। পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে যাতায়াতের সাবেক চেকপোস্ট, ঐতিহাসিক ‘ভিক্টরি কলাম’, ‘পার্লামেন্ট বিল্ডিং’ ও ঐতিহাসিক ব্রান্ডেনবার্গ গেট দেখলাম। বাসটির ১৮ নম্বর স্টপে আমরা নেমে পড়লাম। দুপুরের খাবার খেলাম ‘আলেক্সান্ডার প্লাথস’ এলাকার একটি দোকানে। বেজায় ভিড় থাকায় ঘণ্টাখানেক লাইনে দাঁড়াতে হলো। মেনু ছিল ফিশ অ্যান্ড চিপস।
কিছুক্ষণ বিরতি নিয়ে আমরা আবারও বার্লিনের স্পি নদীতে ক্রুজ ট্যুরে রওনা হলাম। দশ-পনেরো মিনিট হাঁটার পর আমরা নদীর তীরের জেটিতে চলে এলাম, যেখান থেকে রওনা হব। কিছুক্ষণ পর সিটি ট্যুরের ক্রুজটি স্পি নদীর ওপর দিয়ে আমাদের নিয়ে যাত্রা করল। জাহাজের খোলা ছাদে বসে আমরা যখন নদীর দুপাশের ঐতিহাসিক স্থাপনাগুলোর পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন মাইক্রোফোনের মাধ্যমে আমাদের জানানো হচ্ছিল তার ইতিহাস ও ঐতিহ্য। আবহাওয়াও ছিল চমৎকার। তাই ভ্রমণের মেজাজও ছিল ঝরঝরে। ঝলমলে রৌদ্রোজ্জ্বল দিনটি ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। প্রায় দেড় ঘণ্টা নৌবিহার শেষে ফিরে এলাম।
সেখান থেকে ট্যাক্সিযোগে রওনা দিলাম দিনের শেষ দর্শনিয় স্থান বার্লিনের পার্লামেন্ট ভবনের উদ্দেশ্যে। বিকেল সাড়ে ৫টায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট করে রাখা ছিল। তাই তাড়াহুড়া করে ছুটতে লাগলাম সেদিকে। সেখানে যাওয়ার পর রিসেপশনে ওরা জানাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট আজ নয়, আগামীকাল। অগত্যা সেখান থেকে ফেরার পথে পার্কের ভেতরে দ্বিতীয় মহাযুদ্ধে গণহত্যার স্মৃতিসৌধের পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। এক সময় এই পার্ক ও পার্লামেন্ট ভবনটি পশ্চিম বার্লিনের অংশ ছিল। পার্কের পরেই রাস্তার মধ্য দিয়ে বার্লিনের ঐতিহাসিক দেয়ালের চিহ্ন এখনো রয়েছে। উল্টোদিকেই রয়েছে ঐতিহাসিক ব্রন্ডেনডবার্গ গেট, যেখানে প্রতিবছর নিউ ইয়ার ইভে হাজার হাজার তরুণ-তরুণী মেতে ওঠে উদ্যাপনে। এর পাশেই অনেক বড় আকারের স্মৃতিসৌধ; দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ইহুদিদের স্মরণে। মনে মনে সেই ভয়াবহ যুদ্ধে নিহত নিরীহ মানুষগুলোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালাম।
সেখান থেকে আমরা গেলাম বার্লিনের বাঙালি মালিকানাধীন একটি রেস্টুরেন্টে। সেখানে রাতের খাবার খেয়ে ফিরলাম হোটেলে। বাংলাদেশি রেস্টুরেন্টটির খাবার মোটামুটি ভালোই ছিল। যদিও ভেতরের পরিবেশ ছিল খুবই নিম্নমানের। দেখে মনে হলো, এখানকার ফুড হাইজিন অথোরিটি রেস্টুরেন্টটিতে অনেক দিন ভিজিট করেনি।
তৃতীয় দিন ছিল রোববার। সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো হোটেলের পাশের কফি শপ থেকে নাশতা সেরে নিলাম আমরা দুজন। মেয়ে ও জামাতা আমাদের সঙ্গে যোগ দিল পরে। ব্রেকফাস্ট শেষে এক সঙ্গে বেরিয়ে পড়লাম। আজ বার্লিনে আমাদের শেষ দিন। ১৯ আগস্ট রাতের ফ্লাইটেই আমরা লন্ডন ফিরে যাব। আমরা প্রথমে গেলাম বার্লিনের একটি বিখ্যাত সানডে মার্কেটে। সেখানে ঘণ্টাখানেক ঘোরাঘুরি করলাম। ইউরোপের সব জায়গায় সানডে মার্কেটগুলো মোটামুটি একই রকমের মনে হলো।
সেখান থেকে গেলাম ‘বার্লিন ওয়াল’ এলাকায়। প্রচুর ভিড়। আমরাও ঘুরে ঘুরে ভাঙা দেয়ালের অংশবিশেষের পাশে ছবি তুললাম। পরে দেয়ালের পাশে নদীর ধারে ছায়াঘেরা পরিবেশে বসে লাঞ্চ করলাম, যা সকালে এখানে আসার সময় আমরা নিয়ে এসেছিলাম। পরে সেখানকার একটি কাফে রেস্টুরেন্টে কফি ও সামান্য স্ন্যাকস সেরে ট্রেন দিয়ে রওনা হলাম পরবর্তী গন্তব্য ঐতিহাসিক ‘ভিক্টোরিয়া কলাম’ দেখার জন্য। এটা অনেক উঁচু একটি টাওয়ার। কয়েক শ সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। সেখানেও পর্যটকদের ভিড় ব্যাপক। আন্ডারপাসের মধ্য দিয়ে আমরা সেখানে পৌঁছালাম। ভয় হচ্ছিল এত ওপরে উঠতে পারব কি না। জামাতার উৎসাহে ভিক্টোরিয়া কলামের উঁচু চূড়ায় উঠতেই হলো। খুব ক্লান্ত লাগলেও শেষ পর্যন্ত ওপরে উঠতে পেরে খুবই ভালো লাগল। এত সিঁড়ি বেঁয়ে ওপরে উঠতে পেরে নিজের শরীরের ওপর আস্থা বেড়ে গেল।
এই কলামে চড়ে গত বছরের কানাডার টরন্টোর সিএন টাওয়ারে চড়ার স্মৃতি মনে পড়ে গেল। সেখানে উঠেছিলাম লিফটে করে। যদিও কানাডার সিএনএন টাওয়ার বার্লিনের ভিক্টোরিয়া কলামের চেয়ে অনেক উঁচু। ফিরে আসার পথে নিচের ভিজিটর বুকে মন্তব্য লিখে এলাম। সেখান থেকে বাস দিয়ে চলে এলাম বার্লিন পার্লামেন্ট ভবনে। নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছালাম। তাই পার্লামেন্টের পাশের পার্কের বিশ্রাম নিতে গেলাম। কিন্তু হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো। পূর্বাভাসে তেমনই ছিল। তাই হোটেল রিসেপশন থেকে আমাদের একটি ছাতা দিয়েছিল। বৃষ্টিতে ভিজেই আমরা লাইনে দাঁড়ালাম ভেতরে যাওয়ার জন্য। এক এক করে সিকিউরিটি চেক শেষ করে অন্য ভ্রমণকারীদের সঙ্গে আমরা ও পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকলাম।
আমাদের প্রত্যেককে এক একটি রেকডকৃত এয়ারফোন দেওয়া হলো ভেতরে যাওয়ার পর। সেখান থেকে ধারা বর্ণনার মাধ্যমে আমাদের ভবনটির আশপাশের সব ঐতিহাসিক স্থাপনার বিস্তারিত শোনানো হলো। কম সময়ে জার্মানির রাজধানী বার্লিন ঘুরতে আসার সেটাও আরেক দুর্লভ অভিজ্ঞতা। মনে মনে জামাতা ওলোকে ধন্যবাদ জানালাম। ছবি তোলা হলো স্মৃতি ধরে রাখার জন্য। রাতের খাবারের জন্য ওরা নিয়ে গেল বার্লিনের একটি সিরিয়ান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি আমাদের হোটেলের পাশেই। সিরিয়ান খাবারের অভিজ্ঞতা আমার এই প্রথম। খাবারের স্বাদ অনেকটা লেবানিজ খাবারের মতোই। খাবারটি উপভোগ করলাম।
দেখতে দেখতে ভ্রমণের শেষ দিন এসে গেল। রাইন এয়ারের রাত সাড়ে ১০টার ফ্লাইটেই আমরা ফিরে যাব লন্ডনে। হোটেলে আগেই বলে রেখেছিলাম। তারপরও বাড়তি কিছু ভাড়া দিতে হয়েছিল। বেলা ১টার মধ্যেই হোটেল থেকে চেকআউট করে ব্যাগগুলো হোটেলের লকারে রেখে বেরিয়ে পড়লাম। ভাগ্যিস, ব্যাগগুলো বিকেল পর্যন্ত হোটেলের লকারে রাখার জন্য বাড়তি কোনো ইউরো গুনতে হয়নি।
বার্লিনের ঘোরাঘুরি গতকালই শেষ করে দিয়েছিলাম। আজ আমাদের তেমন কোনো কিছু দেখার কোনো পরিকল্পনা নেই। সামান্য স্যুভেনির কেনা ছাড়া। গতকাল আমার একটি জায়গাতে যাওয়া হয়নি। তাই প্রথমেই আমরা হোটেল থেকে পায়ে হেঁটে গেলাম সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলসের স্ট্যাচু দেখতে। হোটেল থেকে পনেরো-বিশ মিনিটের পায়ে হাঁটা পথ। কিছুক্ষণের মধ্যেই আমরা সেখানে পৌঁছালাম। কালো পাথরের বিশাল আকারের স্ট্যাচু দুটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেখলাম, অনেকেই স্ট্যাচু দুটিকে শ্রদ্ধা জানাচ্ছে। সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী একজন কর্মী হিসেবে আমিও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে বিদায় নিলাম। সেখান থেকে বার্লিন মিউজিয়ামের আশপাশে কিছু ছবি তুলে চলে এলাম ‘আলেক্সান্ডার প্লাথস’-এ দুপুরের খাবার ও কিছু কেনাকাটার জন্য, যেখানে বার্লিনের টিভি টাওয়ারটি রয়েছে। সিটি ট্যুর থেকে আমাদের জানানো হয়েছিল এই টাওয়ার ইউরোপের সবচেয়ে উঁচু টাওয়ারগুলোর একটি। খুবই ব্যস্ত এলাকা। গাড়ির সঙ্গে সঙ্গে ট্রামও চলছে ঘন ঘন।
লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। তাই সেখানকার একটি খাবার দোকানে খাবারের জন্য লাইনে দাঁড়ালাম। শুনতে পেলাম কাউন্টারের ভেতরে দুজন লোক একে অন্যের সঙ্গে বাংলায় কথা বলছে। আমিও সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে বাংলায় কথা বলা শুরু করে দিলাম। গত চার দিনে প্রথম বাঙালি লোকের সঙ্গে কথা বলতে পেরে ভালো লাগল। সকাল থেকে অনেক হাঁটতে হয়েছিল, তাই এখানকার একটি কফি শপে গিয়ে আমরা কফি ব্রেক নিলাম।
ঘণ্টাখানেক পর আমরা সেখান থেকে পায়ে হেঁটে হোটেলে এলাম এবং লাগেজ সংগ্রহ করে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। তখন বার্লিন সময় সন্ধ্যা সাড়ে ৬টা। সাবওয়ে ও ওভার গ্র্যান্ড ট্রেন দিয়ে আমরা ঘণ্টা দেড়েক পর বার্লিন এয়ারপোর্টে চলে এলাম। সময়ের অনেক আগেই এয়ারপোর্টে চলে এসেছিলাম। তাই অনেকক্ষণ বহির্গমন লাউঞ্জে বসতে হয়েছিল। যখন বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়ালাম, তখনই দেখলাম প্লেনের সময় আরও এক ঘণ্টা পেছানো হয়েছে। এক ঘণ্টা পর আমাদের যখন প্লেনে তোলা হলো তখন জানানো হলো, প্লেন ছাড়তে দেরি হবে আরও চল্লিশ মিনিট। সবার ধৈর্যের বাঁধ ভাঙার অবস্থা তখন। করার কিছুই নেই, বসে থাকতে হলো পাইলটের পরবর্তী ঘোষণার অপেক্ষায়। কিছুক্ষণ পরই ফ্লাইটটি আমাদের নিয়ে লন্ডন স্টেনস্টিড এয়ারপোর্টের উদ্দেশ্যে উড়াল দিল। মেঘমুক্ত আকাশ থেকে রাতের বার্লিনকে আরও বেশি সুন্দর মনে হলো। বার্লিনকে বাই বাই দিয়ে রাইন এয়ার ছুটে চলল লন্ডনের পথে।