বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার অব আমেরিকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ২৭ এপ্রিল বার্ষিক ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা, দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মরহুম ড. সিকান্দার আলী, শবতারা বিবি, রাবেয়া আলী, ইরশাদ আলী, আবদুল খালেক, নাজাবত আলী, ড. শাহাব উদ্দিন, আহমেদ জাহান সোহান, সৈয়দ মোকাদ্দেস আলী এবং খালিস মিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ ইসালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়।
ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টার অব আমেরিকার খতিব হাফেজ জমসেদ হোসেনের সভাপতিত্বে মাহফিলে অংশ নেন পার্কচেস্টার জামে মসজিদের খতিব মাওলানা মো. মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া, মাওলানা রহমত উল্লাহ, হাফিজ ওহি চৌধুরী, হাফিজ জমির আলী প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই মানব জাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। প্রকৃত মুমিন হতে হলে প্রিয় রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে।
বিপুলসংখ্যক মুসল্লি এ মাহফিলে যোগ দেন। পরে মুসলিম উম্মাসহ বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মাঈনুল ইসলাম। মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।