বাল্টিক দখল রাশিয়ার জন্য কয়েক ঘণ্টার ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান হুঁশিয়ারি দিয়েছে, বাল্টিক এলাকার দেশগুলোতে বর্তমানে ন্যাটোর যে সামরিক শক্তি মোতায়েন আছে তা রাশিয়া চাইলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে চুরমার করে দিতে পারে। এই শক্তি দিয়ে সেখানে রাশিয়াকে প্রতিহত করতে যাওয়া পরাজয়কে আমন্ত্রণ জানানোরই নামান্তর। এমন প্রেক্ষাপটে রাশিয়া যদি দখল অভিযান চালায় তাহলে দেশ বাঁচাতে জনগণকে কী কী করতে হবে সে নির্দেশনা হালনাগাদ করে পুস্তিকা প্রকাশ করেছে বাল্টিক দেশ লিথুয়ানিয়া।

ন্যাটোর সামরিক প্রস্তুতি ও রাশিয়ার সম্ভাব্য অভিযান নিয়ে বিশ্লেষণ করা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত গবেষণা প্রতিষ্ঠানটির নাম র্যান্ড করপোরেশন। তারা বলছে, রাশিয়া ২০১৪ সালে যেভাবে ক্রিমিয়া দখল করেছিল, একইভাবে যদি লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া—এই তিন বাল্টিক দেশে অভিযান চালায় তাহলে ফল কী দাঁড়াবে তা তারা বিশ্লেষণ করে দেখেছে। গবেষণায় দেখা গেছে, ন্যাটোর যে শক্তি সেখানে মোতায়েন আছে তা গুঁড়িয়ে দিয়ে এস্তোনিয়ার রাজধানী তালিন এবং লাটভিয়ার রাজধানী রিগা দখল করতে রাশিয়ার সর্বোচ্চ ৬০ ঘণ্টা সময় লাগবে। আর সর্বশক্তি নিয়োগ করলে ৩৬ ঘণ্টার মধ্যেও কোনো কোনো এলাকা তাদের পক্ষে দখল করা সম্ভব।
এমন পরিস্থিতিতেই রাশিয়ার দখল অভিযান থেকে দেশ বাঁচাতে করণীয় উল্লেখ করে নির্দেশনা হালনাগাদ করেছে বাল্টিক দেশ লিথুয়ানিয়া। এতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, রাশিয়া প্রতিবেশী দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে দ্বিধা বোধ করবে না।
৭৫ পৃষ্ঠার পুস্তিকাটির কয়েক লাখ কপি ইতিমধ্যে জনগণের মধ্যে বিতরণ করা হয়েছে। এটির একটি বড় অংশ জুড়ে সামরিক হামলা থেকে বাঁচার নিয়মকানুন সম্পর্কে বলা হয়েছে। এ ছাড়া সরকার একটি টেলিফোন হটলাইন চালু করেছে। কেউ কোথাও গুপ্তচরবৃত্তি করছে বলে মনে হলেই ওই নম্বরে ফোন করে তা জানানোর জন্য বলা হয়েছে।
লিথুয়ানিয়ার রাষ্ট্রীয় প্রতিরক্ষা বিভাগের প্রধান দারিউস জাউনিসকিস বলেন, দেশের প্রতিটি নাগরিকই গুপ্তচরবৃত্তির লক্ষ্য হতে পারে।
২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে বাল্টিক প্রতিবেশী দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কে অবনতি হয়েছে। ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত এই নিয়ে তিনবার লিথুয়ানিয়া এ ধরনের পুস্তিকা জনগণের মধ্যে বিলি করেছে। তবে আগের দুটিতে এত গুরুত্বের সঙ্গে সতর্ক করা হয়নি।
রুশ ট্যাংক, গুলি ও মাইন সহজে চেনার উপায় এবং বনে-জঙ্গলে পলাতক অবস্থায় কীভাবে আত্মরক্ষা করতে হবে সেসব বিষয়ে তথ্য রয়েছে পুস্তিকায়।
বিবিসি জানায়, ন্যাটো উদ্বিগ্ন হয়ে রাশিয়ার প্রভাব ঠেকাতে পোল্যান্ড এবং বাল্টিক অঞ্চলের তিন দেশ এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও লাটভিয়ায় আগামী বছরের শুরুতে এক হাজার করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন বাল্টিক দেশ লিথুয়ানিয়া, লাটভিয়া ও এস্তোনিয়া রাশিয়ার পূর্বসূরী সোভিয়েত ইউনিয়নের দখলে চলে গিয়েছিল। নব্বই দশকের গোড়ার দিকে তারা স্বাধীনতা পায়। লিথুয়ানিয়া ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়। রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদের সঙ্গে এর সীমান্ত রয়েছে। সম্প্রতি রাশিয়া কালিনিনগ্রাদে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসিয়েছে বলে খবর বের হওয়ার পর বাল্টিক এলাকার তিন দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া আতঙ্কিত হয়ে পড়ে। এই তিন দেশেই ন্যাটো অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। ন্যাটোর এ উদ্যোগ, রাশিয়ার শক্তি প্রদর্শনসহ কয়েকটি ঘটনায় দুই পক্ষের মধ্যে শীতল যুদ্ধকালীন উত্তেজনা ফিরে আসার আশঙ্কা করছেন অনেকে।
তবে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ শুক্রবারই বলেছেন, ন্যাটো জোট আরেকটি শীতল যুদ্ধ চায় না। তারা রাশিয়ার সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে চায় না।