বাল্টিমোরের পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রেপ্তার ১০
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। খবর রয়টার্স ও এএফপির।
পুলিশ কমিশনার অ্যান্থনি ব্যাটস মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারফিউতে কাজ হচ্ছে। মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে সাতজন কারফিউ অমান্য করেছেন।
মঙ্গলবার রাতে কারফিউ চলাকালে পুলিশের কয়েক হাজার সদস্য দাঙ্গা মোকাবিলার প্রস্তুতি নিয়ে টহল দেন। তাঁদের সহযোগিতার জন্য ন্যাশনাল গার্ডের সেনাসদস্যদেরও মোতায়েন করা হয়। এর আগে পুলিশ কাঁদানে গ্যাস ছড়িয়ে এবং মরিচের গুঁড়া ছিটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশি হেফাজতে আহত কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রের (২৫) মৃত্যুর ঘটনার জেরে বাল্টিমোরে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। তাঁর শেষকৃত্যের কয়েক ঘণ্টা পর গত সোমবার বড় ধরনের দাঙ্গা ছড়িয়ে পড়ে।