বাল্টিমোরে কারফিউ ভেঙে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের সিটি হলের সামনে শান্তির প্রতীক হাতে এক বিক্ষোভকারী। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের সিটি হলের সামনে শান্তির প্রতীক হাতে এক বিক্ষোভকারী। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে গতকাল শনিবার কারফিউ ভেঙে শত শত মানুষ বিক্ষোভ করেছে। শহরটিতে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, বাল্টিমোরে পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক ফ্রেডি গ্রের মৃত্যুতে ছয় পুলিশ সদস্যকে অভিযুক্ত করার একদিন পরে কারফিউ ভেঙে বিক্ষোভের ঘটনা ঘটল।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গোলযোগপূর্ণ শহরটিতে কয়েক দিন ধরে সান্ধ্য আইন বলবৎ রয়েছে।
গত ১২ এপ্রিল আফ্রিকান বংশোদ্ভূত ফ্রেডি গ্রেকে (২৫) গ্রেপ্তারের পর ভ্যানে টেনে তোলে পুলিশ। তখন ঘাড়ে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এক সপ্তাহ অচেতন থাকার পর গত ১৯ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
গ্রের মৃত্যুর ঘটনার জেরে বাল্টিমোরসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাল্টিমোরে হয় সহিংস-বিক্ষোভ। বিক্ষোভ মোকাবিলায় গত মঙ্গলবার শহরটিতে জরুরি অবস্থা এবং এক সপ্তাহের জন্য সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়। এই পদক্ষেপ নেওয়ার পরও শহরটিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকালও সেখানে কারফিউ ভেঙে বিক্ষোভ হয়। বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। শহরে শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন হাজার সদস্য দায়িত্ব পালন করে।
গ্রের মৃত্যুর ঘটনায় ছয় পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। গত শুক্রবার তাঁর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাল্টিমোরের সরকারি আইন কর্মকর্তা মেরিলিন মসবি এ ঘোষণা দেন। কর্তৃপক্ষের এই ঘোষণায় নিহত গ্রের স্বজনেরা সন্তোষ প্রকাশ করেছেন।