বাল্টিমোরে ৬ পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্টিমোর পুলিশের এই ছয় সদস্যের বিরুদ্ধে শুক্রবার ফৌজদারি অভিযোগ আনার ঘোষণা দেওয়া হয়। ছবি: রয়টার্স
বাল্টিমোর পুলিশের এই ছয় সদস্যের বিরুদ্ধে শুক্রবার ফৌজদারি অভিযোগ আনার ঘোষণা দেওয়া হয়। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে পুলিশি হেফাজতে আহত হয়ে আফ্রিকান-আমেরিকান যুবক ফ্রেডি গ্রের মৃত্যুর ঘটনায় পুলিশের বরখাস্ত হওয়া ছয় সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। 
দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার পুলিশের ওই ছয় সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার ঘোষণা দেওয়া হয়। তাঁদের মধ্যে অন্তত পাঁচজন হাজতে আছেন। 
এর আগে গ্রেকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের ওই ছয় সদস্যকে বরখাস্ত করা হয়। 
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি ম্যারিলিন মেজবি বলেন, কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়। 
এই আইন কর্মকর্তারা ভাষ্য, ফ্রেডি গ্রের মৃত্যু ছিল একটি হত্যাকাণ্ড। তাঁকে গ্রেপ্তার করাও ছিল অবৈধ। পুলিশি হেফাজতে তাঁর প্রতি যে আচরণ হয়েছে, তা হত্যার শামিল। 
ফ্রেডি গ্রের মৃত্যুর বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত এবং তাঁর লাশের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের বরখাস্ত হওয়া ছয় সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনার বিষয়ে ঘোষণা দেন মেসবি। 
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর আফ্রিকান বংশোদ্ভূত ফ্রেডি গ্রে (২৫) গত ১৯ এপ্রিল মারা যান। মৃত্যুর আগে তিনি এক সপ্তাহ গভীর অচেতন অবস্থায় (কোমা) ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনার জেরে বাল্টিমোসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বাল্টিমোরে হয় সহিংস-বিক্ষোভ। বিক্ষোভ মোকাবিলায় গত মঙ্গলবার শহরটিতে জরুরি অবস্থা এবং এক সপ্তাহের জন্য সান্ধ্য আইন (কারফিউ) জারি করা হয়।