বাল্টিমোরের 'মধুর ক্যানটিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্টিমোরে লেনি ক্লের হাউস অব ন্যাচারালসে অনেক দিন পর জমে উঠেছিল আড্ডা। ছবি: রয়টার্স
বাল্টিমোরে লেনি ক্লের হাউস অব ন্যাচারালসে অনেক দিন পর জমে উঠেছিল আড্ডা। ছবি: রয়টার্স

সময়টা অনেকটা পেছনে। ষাটের দশকের কথা। যুক্তরাষ্ট্রের বাল্টিমোর তখন ছিল অস্থিরতায় উত্তাল। দাঙ্গা ছড়িয়ে পড়ে ছিল। যেখানে সেখানে মার খাচ্ছিল কৃষ্ণাঙ্গরা। সে সময় রাজনৈতিক নেতা, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সবার মুখে মুখে ছিল এসব অস্থিরতার গল্প। আর এসব গল্পের, আলোচনার, আড্ডার কেন্দ্রবিন্দু ছিল লেনি ক্লের চুল কাটার সেলুন ‘হাউস অব ন্যাচারালস’। ঢাকার মধুর ক্যানটিন বা কলকাতার কফিহাউসের মতোই অনেক ইতিহাসের সাক্ষী লেনি ক্লের সেলুন হাউস অব ন্যাচারালস।

ক্যাঁচ ক্যাঁচ করে সেলুনে আসা খদ্দেরদের চুল কাটতেন লেনি ক্লে। ভাপ দিয়ে ফুলিয়ে তুলতেন চুল। নানাভাবে সাজাতেন খদ্দেরদের চুল। দক্ষ হাতে এসব কাজ চলত। একই সঙ্গে চলত খদ্দেরদের সঙ্গে আলোচনা। থাকত ব্যক্তিগত আলাপ, রাজনৈতিক আলাপ, নাগরিক অধিকার নিয়ে কথা। কখনো কখনো চুল কাটাতে আসার কথা ভুলেই যেতেন খদ্দেররা। মেতে উঠতেন রাজনৈতিক আলাপে। লেনি ক্লেও বিরক্ত হতেন না। যোগ দিতেন এসব আলাপে।

লেনি ক্লের খদ্দেরদের তালিকা ছিল অভিজাত। তাঁর সেলুনে চুল কাটাতে আসতেন ‘দ্য পার্ল’ বলে খ্যাত বাস্কেটবল খেলোয়াড় আর্ল মনরো। আসতেন বিখ্যাত অভিনেত্রী ও অনুষ্ঠান উপস্থাপক অপরাহ উইনফ্রে। আর্ল মনরোর সঙ্গে লেনির ছিল দারুণ ভাব। এমনকি আত্মজীবনীতেও নরসুন্দর লেনির কথা উল্লেখ করতে ভোলেননি আর্ল মনরো। লেনিকে গাড়িও উপহার দিয়েছিলেন তিনি।

নরসুন্দর লেনি এখন বৃদ্ধ। আশির ওপরে বয়স। লেনির সেলুন হাউস অব ন্যাচারালসও অনেকটা মলিন। সেলুনের সীমানাপ্রাচীরে ফাটল ধরেছে। বড় বড় ঘাসে পা রাখা দায়। সেখানেই হঠাৎ করে সম্প্রতি জড়ো হন বাল্টিমোরের কয়েকজন। পুরোনো দিনের মতো আলোচনায় বসেন। সে সময়ের আন্দোলন আর বাল্টিমোরের সাম্প্রতিক সময় নিয়ে চলে আলোচনা। দেখা যায়, কৃষ্ণাঙ্গদের ভাগ্যে খুব বেশি বদল আসেনি। আলোচনায় মধ্যমণি ছিলেন লেনি ক্লে।

লেনি ক্লে বলেন, ষাটের দশকে রাজনৈতিক নেতাদের ভিড় জমে থাকত এখানে। এখন আর কেউ আসেন না।

৫০ বছরের স্টার্লিং ব্রুনসন সে সময় আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, তখন আন্দোলন করেছিলেন সমঅধিকারের জন্য। আর কৃষ্ণাঙ্গরা এখন আন্দোলন করছে টিকে থাকার জন্য।

হাউস অব ন্যাচারালসে জড়ো হওয়া ব্যক্তিরা একপর্যায়ে বলেন, সম্প্রতি বাল্টিমোরের সহিংসতায় নিহত ফ্রেডি গ্রের কথা। ২৫ বছরের কৃষ্ণাঙ্গ যুবক পুলিশি হেফাজতে থাকাকালে নির্যাতিত হন। পরে মারা যান। আলোচনায় তাঁরা বলেন, গণমাধ্যম নিহত ফ্রেডিকে ফোকাস করেনি। ফোকাস করেছে বাল্টিমোরে চলা সংঘর্ষকে।

হাউস অব ন্যাচারালসের আড্ডায় একটি ব্যাপারে একমত হন সবাই। আর তা হলো ১৯৬৮ সালের আন্দোলনের পরও কৃষ্ণাঙ্গদের জীবনে খুব বেশি বদল হয়নি। তারা এখনো দরিদ্র। একইভাবে বঞ্চিত।

ব্রুনসন ৬৮ সালের ভয়াবহ সময়ের গল্প শোনাচ্ছিলেন অন্যদের। বলেন, বাল্টিমোরের বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলে। বাল্টিমোরের মোড়ে মোড়ে ছিল ন্যাশনাল গার্ড। যখন-তখন কৃষ্ণাঙ্গদের পেটাত তারা। জানালা দিয়ে ঢুকিয়ে দিত বেয়নেট। ঘরে বিছানার নিচে অথবা টিভির পেছনে লুকিয়ে বাঁচার চেষ্টা চলত।

কালের সাক্ষী হয়ে রয়েছে লেনি ক্লের চুল কাটার সেলুন হাউস অব ন্যাচারালস। ছবি: রয়টার্স
কালের সাক্ষী হয়ে রয়েছে লেনি ক্লের চুল কাটার সেলুন হাউস অব ন্যাচারালস। ছবি: রয়টার্স

টনি বয় বলেন, তখন তাঁর বয়স ছিল ১৬। মনে আছে, ন্যাশনাল গার্ডের সামনে পড়ে গিয়েছিলেন একদিন। তখনই জোর করে তাঁকে বাড়ি যেতে বলেছিলেন তারা।

জেসি বেল সে সময়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন। বললেন, বৈষম্য আর বঞ্চনা থেকে বাঁচতে চেয়েছিল কৃষ্ণাঙ্গরা। তাই যে যেভাবে পেরেছে, আন্দোলন করেছে। ক্ষোভে সবকিছু ভেঙে ফেলতে চেয়েছে। এমনকি অনেকে দোকান থেকে জিনিসপত্রও লুট করেছে। মনে করেছে, এটিই আন্দোলনের অংশ। কিন্তু পরিণতি ভালো হয়নি। পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

লেনি ক্লে সে সময়ের কথা মনে করে বলেন, তখন ব্যবসায় খুব মন্দা শুরু হয়। অনেকেই ব্যবসা বন্ধ করে দেয়। হাউস অব ন্যাচারালসের আশপাশের অনেক দোকানই বন্ধ হয়ে যায়।

ব্রুনসন আবারও যোগ দেন আড্ডায়। বলেন, ওই দাঙ্গার ঘটনায় বাল্টিমোরের কৃষ্ণাঙ্গ বাসিন্দারা একেবারে কোণঠাসা হয়ে পড়েন। পুলিশ ও শহরের কর্মকর্তাদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের সম্পর্ক খারাপ হয়। ২০০৯ সালে লেনি ক্লের হাত ভেঙে যায়। ট্রাফিক সিগন্যালে এক নিরাপত্তা কর্মকর্তা তাকে ছুড়ে ফেলে দেন। এরপর প্রতিবাদের ঝড় ওঠে। ২০১৩ সালে বাল্টিমোর কর্তৃপক্ষ লেনি ক্লেকে ৬৩ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়।

গত বুধবার ক্লের দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কারণ তিনি বিদ্যুৎ বিল দিতে ভুলে গিয়েছিলেন। এতে অসুবিধা নেই। লেনি ক্লের দোকানের জায়গায় নতুন ভবন হচ্ছে। লেনিকে তাঁর চুল কাটার দোকান সরিয়ে নিতে হবে। হারিয়ে যাবে হাউস অব ন্যাচারালসকে ঘিরে ক্লের যত ঐতিহ্য। রয়টার্স অবলম্বনে