বাশারকে নিয়ে ওবামা-পুতিন অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার সিরিয়া-সংকট নিয়ে আলোচনায় বসে একমত হতে পারেননি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ভবিষ্যৎ ভূমিকার বিষয়ে সমাধানে পৌছাতে ব্যর্থ হন তাঁরা। আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ওবামা সিরিয়ার নেতাকে শিশু হত্যাকারী স্বৈরশাসক বলে অভিহিত করেন।
প্রায় ৪৫ মিনিটের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সিরিয়াবাসীর জন্য কোনো শান্তি বয়ে আনতে পারবেন না বাশার। তিনি (বাশার) শান্তিপূর্ণ বিক্ষোভের জবাবে নিপীড়ন ও হত্যার পথ বেছে নিয়েছেন।
সিরিয়া-সংকট নিরসনে রাশিয়া ও ইরানসহ যেকোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত বলে জানান ওবামা। তবে সিরিয়ায় চার বছর ধরে চলমান সংঘাতের সমাধানে পৌঁছাতে হলে দেশটির প্রেসিডেন্ট বাশারকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন ওবামা।
পুতিন বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে বাশারকে বিশ্বের সমর্থন দেওয়া উচিত। আইএসবিরোধী লড়াইয়ে বাশারই উপযুক্ত ব্যক্তি। এ জন্য তাঁর হাত শক্তিশালী করতে হবে। বাশারকে সমর্থন না করাটা এক বিরাট ভুল।
একই সঙ্গে পুতিন বলেন, বাশারের বাহিনীর প্রতি সমর্থন জোরদার করার পরিকল্পনা করছেন তিনি।
আইএসের বিরুদ্ধে যুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাশিয়ার প্রেসিডেন্ট। আইএসবিরোধী সবাইকে নিয়ে বৃহৎ জোট গঠনেরও একটি প্রস্তাব দেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদে ওবামা ও পুতিনের ভাষণের প্রতি শুরু থেকেই সবার নজর ছিল। দুই নেতার মুখোমুখি অবস্থান মার্কিন গণমাধ্যমে দিনভর গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।
সাধারণ পরিষদে ভাষণ শেষে ওবামা ও পুতিন জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। সেখানে দুই নেতা পরস্পরের পানপাত্রে মৃদু টোকা মারেন, হাত মেলান। তবে এসবে তাঁদের মতভেদ ঘোচেনি। পরে ওবামা ও পুতিন বৈঠক করেন।