বাশারের মস্কো সফরের নিন্দা যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ হলো, রাশিয়া সিরিয়াকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। এটা বাশারকে শক্তিশালী করে তুলছে। এটা সিরিয়ার গৃহযুদ্ধকে আরও দীর্ঘমেয়াদি করবে

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাশিয়া সফরের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাঁকে লাল গালিচায় অভ্যর্থনা জানানোয় মস্কোর কঠোর সমালোচনাও করে ওয়াশিংটন। খবর বিবিসির।

সিরিয়ায় ও ইরাকে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানের কথা বলে গত ৩০ এপ্রিল সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। এরপর তিন সপ্তাহের মধ্যেই গত মঙ্গলবার মস্কো সফরে গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ২০১১ সালে সিরিয়া সংকট শুরু হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। বাশার রাশিয়া থেকে সিরিয়ায় ফিরে যাওয়ার পর ওই সফরের কথা প্রকাশ করে মস্কো ও দামেস্ক।

বাশারের সফরের নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের মুখপাত্র এরিক শুলজ বলেন, ‘আমরা দেখলাম, বাশার আল-আসাদকে লাল গালিচায় স্বাগত জানানো হলো। যে লোকটি নিজের দেশের জনগণের বিরুদ্ধেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেন, বাশার আল-আসাদের এই সফরে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্বেগের প্রধান কারণ হলো, রাশিয়া সিরিয়াকে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। এটা বাশার সরকারকে আরও শক্তিশালী করে তুলছে। আর এটা সিরিয়ার গৃহযুদ্ধকে আরও দীর্ঘমেয়াদি করবে।

বাশারের মস্কো সফরের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। পুতিন বাশারের সফরের বিষয়ে ওই নেতাদের ব্রিফ করেন। তিনি সৌদি আরব ও তুরস্কের নেতাদের সঙ্গে কথা বলেছেন। ওই দুই দেশই সিরিয়ায় বাশারের ক্ষমতায় থাকার বিপক্ষে। তারা নানাভাবে সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দিয়ে আসছে। পুতিন কথা বলেছেন মিসর ও জর্ডানের নেতাদের সঙ্গেও।

বাশারের মস্কো সফরের পর তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু বলেন, সিরিয়ার সরকার হিসেবে বাশার সরকারের কোনো বৈধতা নেই।

বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল বৃহস্পতিবার বলেন, সিরিয়া সংকট সমাধানের আলোচনায় ইরান, জর্ডান, কাতার, মিসর, ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অংশীদার হতে পারে।

‘সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে’: আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস বলেছে, সিরিয়ায় রুশ হামলা শুরু হওয়ার পর দেশটিতে বেসামরিক জনগণের কাছে জরুরি সাহায্য পাঠানোর কাজ কঠিন হয়ে পড়েছে।

সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক প্রধান রবার্ট মার্ডিনি গত বুধবার এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যেকোনো যুদ্ধেই অস্ত্রের ব্যবহার বাড়লে মানবিক পরিস্থিতিও কঠিন হয়ে পড়ে। বিমান হামলার কারণে রেডক্রসের কর্মীরা কিছু কিছু জায়গায় যেতে পারছেন না। ফলে জরুরি সহায়তা দরকার—এমন জনগণের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

কুরিল দ্বীপপুঞ্জে ঘাঁটি করবে রাশিয়া: বার্তা সংস্থা রয়টার্স জানায়,রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোউগু গতকাল বলেছেন, রাশিয়া কুরিল দ্বীপপুঞ্জে একটি সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরের ওই দ্বীপপুঞ্জ জাপানের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া।