বাশারের রাশিয়া সফরে যুক্তরাষ্ট্রের নিন্দা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মস্কো সফরের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মস্কোয় বাশারকে লাল গালিচা অভ্যর্থনা জানানোয় রাশিয়ার সমালোচনা করেছে হোয়াইট হাউস।
এদিকে বাশারের সঙ্গে পুতিনের আলোচনার পর রাশিয়া সিরিয়ার সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। মস্কো বলেছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আগামীকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে এ নিয়ে কথা বলবেন। সৌদি ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়া নিয়ে আলোচনা করবেন তিনি।
হোয়াইট হাউসের মুখপাত্র এরিক স্কালজ বলেন, বাশারের জন্য লাল গালিচা অভ্যর্থনা দেখলাম, যিনি (বাশার) তাঁর নিজের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বাশারের মস্কো সফরে তাঁরা বিস্মিত নন। যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগের বিষয় বাশার সরকারের প্রতি রাশিয়ার চলমান সামরিক সমর্থন।
গত মঙ্গলবার আকস্মিক সফরে রাশিয়া যান বাশার। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। এ সময় রুশ প্রেসিডেন্ট সিরিয়ায় সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। বৈঠকে সিরিয়ায় ‘জঙ্গিবিরোধী’ বিমান হামলা চালানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান বাশার।
সিরিয়ায় চার বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে এই প্রথম দেশের বাইরে গেলেন দেশটির প্রেসিডেন্ট বাশার।
সিরিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট বাশার গতকাল বুধবার সকালের মধ্যেই সিরিয়া ফিরে গেছেন। সিরিয়ায় ফিরে যাওয়ার পরই দৃশ্যত তাঁর সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে মস্কো।
রাশিয়া গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে।
মস্কো বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেই তাদের এই অভিযান।
তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি মিত্র দেশের অভিযোগ, আইএসের কথা বললেও রাশিয়ার হামলার মূল্য লক্ষ্য প্রেসিডেন্ট বাশারবিরোধী বিদ্রোহীদের নিশ্চিহ্ন করা।
সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া গণতন্ত্রপন্থীদের বাশারবিরোধী আন্দোলন ধীরে ধীরে গৃহযুদ্ধে রূপ নেয়। পাশাপাশি সেখানে উত্থান ঘটে আইএসসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর।
আরও পড়ুন:
আকস্মিক সফরে মস্কোয় বাশার