বাস ও সাবওয়েতে অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ
নিউইয়র্ক শহরের বাস ও সাবওয়ে গাড়ি ও স্টেশনে অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি (এমটিএ)। আগামী জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে শহর কর্তৃপক্ষ রাজস্ব হারাবে। কিন্তু অপ্রাপ্তবয়স্করা অ্যালকোহলে আসক্ত হলে যে পরিমাণ ক্ষতি হয় তা এ ক্ষতির চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে এমটিএ কর্তৃপক্ষ।
বেশ কয়েক বছর ধরেই এ ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধের জন্য নিউইয়র্ক শহরের বেশ কয়েকটি সংগঠন কাজ করে আসছিল। গণপরিবহন ব্যবস্থায় অ্যালকোহলের বিজ্ঞাপন জনস্বাস্থ্যের জন্য ব্যাপক ক্ষতির কারণ বলে অনেক আগে থেকেই এটি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল এসব সংগঠন। অবশেষে ২৫ অক্টোবর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয় এমটিএ কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিল্ডিং অ্যালকোহল অ্যাড-ফ্রি ট্রানজিটের (বিএএটি) মুখপাত্র জাজমিন রিভেরা নিউইয়র্ক টাইমসকে বলেন, এসব বিজ্ঞাপন অল্পবয়সীদের ওপর ব্যাপক প্রভাব ফেলে। এ ছাড়া সব বয়সীদেরই এটি মদ্যপানে উৎসাহিত করে, যা অনেক ক্ষতির কারণ হয়ে ওঠে। কোনো গণপরিবহন ব্যবস্থা এ ধরনের বিজ্ঞাপনের জন্য ব্যবহার হওয়া উচিত নয়। এ জন্য আমরা বহু আগে থেকেই এ ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছি।
এর আগে ২০১৫ সালে বাস ও সাবওয়েতে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল। গণপরিবহন ব্যবস্থায় তামাক ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ হয় ১৯৯২ সালে। এমটিএর চেয়ারম্যান জোসেফ জে লোটা বলেন, অ্যালকোহলের বিজ্ঞাপন থেকে বছরে ২ মিলিয়ন ডলারের রাজস্ব আসে। প্রতিদিন আমাদের এমটিএ সিস্টেম ব্যবহার করছে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন মানুষ। এ কারণে বিজ্ঞাপনদাতাদের আগ্রহের অন্যতম কেন্দ্র এখানে। ফলে অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ হলেও তার স্থান পূরণ হতে সময় লাগবে না। আর সবচেয়ে বড় কথা হলো সবার আগে জনস্বাস্থ্য।
জোসেফ জে লোটা বলেন, চলতি বছর এমটিএ মোট সাড়ে ১৫ বিলিয়ন ডলারের রাজস্ব আয় করবে বলে আশা করছে। এ হিসাবে অ্যালকোহল উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ আসা আয় খুব বড় নয়। আগামী জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে। তবে এ সময়ের মধ্যে নতুন কোনো অ্যালকোহলের বিজ্ঞাপনের অনুমোদন দেওয়া হবে না।