বাসরুট পুনর্গঠন সিদ্ধান্তের প্রতিবাদ জ্যাকসন হাইটসবাসীর

নিউইয়র্ক সিটির ট্রানজিট কর্তৃপক্ষ (এমটিএ) নগরীর বাসরুটগুলো পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে জ্যাকসন হাইটসের রুজভেল্ট অ্যাভিনিউয়ের কিউ ৩২, ৩৩ ও ৪৯ রুট স্থায়ীভাবে বন্ধের কথা বলা হয়েছে। এ রুটগুলো বন্ধ হলে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে এরই মধ্যে প্রতিবাদে নেমেছে জ্যাকসন হাইটসবাসী।
জ্যাকসন হাইটসের রুট বন্ধ করার পাশাপাশি এমটিএ ব্রুকলিন ও ব্রঙ্কসের রুটও বন্ধের কথা বিবেচনা করছে। কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের অভিযোগ, ট্রাফিক জ্যাম, যাত্রী কমে যাওয়া, নতুন রুটের দাবি ও তদারকির সুবিধার প্রয়োজনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত চূড়ান্ত নয় বলেও জানিয়েছে এমটিএ। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা বিভিন্ন জায়গায় উন্মুক্ত সভার আয়োজন করে জনগণের অভিযোগ, দাবি, এ সম্পর্কিত যৌক্তিক-অযৌক্তিক বিষয় এবং তাদের পক্ষের যুক্তি উত্থাপন করে সবার মতামত গ্রহণ করবে।
সংশ্লিষ্টরা বলছেন, এ অবস্থায় এমটিএর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার পাশাপাশি উন্মুক্ত সভা ও নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে এ সম্পর্কিত নিজেদের অভিযোগ ও দাবি জানানো জরুরি হয়ে পড়েছে। জ্যাকসন হাইটসের বাসরুট বন্ধ হলে স্থানীয় বাঙালিরাও বড় ধরনের বিপাকে পড়বেন। এ জন্য স্থানীয় অধিবাসীদের এক জোট হয়ে কাজ করা জরুরি। পাশাপাশি অনলাইনে (https://new.mta.info/queensbusredesign) নিজেদের মতামত জানিয়ে এমটিএকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমরা সহায়তা দিতে পারি। সেখানে আমাদের সুবিধা অসুবিধার কথা লিখতে পারি। এরই মধ্যে প্রায় এক হাজার ব্যক্তি এ বিষয়ে অনলাইনে প্রতিবাদ জানিয়েছেন, তুলে ধরেছেন নিজের মতামত। এ সংখ্যা আমরা বাড়াতে পারি, যা এমটিএর ওপর এ সিদ্ধান্ত থেকে সরে আসতে চাপ তৈরি করবে। একই সঙ্গে এমটিএ আয়োজিত উন্মুক্ত সভায় যোগ দিয়ে সরাসরি নিজেদের মত তুলে ধরাও ভীষণ জরুরি। এমটিএর উন্মুক্ত সভাগুলোর স্থান ও সময় তাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।