বাসসার বনভোজন অনুষ্ঠিত

বাংলাদেশি-আমেরিকান স্কুল সেফটি অ্যাসোসিয়েশনের (বাসসা) প্রথমবারের মতো বার্ষিক বনভোজন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই কুইন্সের ফ্লাসিং মিডোস করোনা পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের স্কুল সেফটি বিভাগে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল সেফটি অফিসার ও তাঁদের পরিবারের সদস্যসহ দুই শতাধিক মানুষের সমাগম হয়।
নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের স্কুল সেফটি বিভাগে শত শত বাংলাদেশি-আমেরিকান স্কুল সেফটি অফিসার হিসেবে কাজ করলেও এর আগে কখনো এভাবে তাঁদের একত্র হওয়ার সুযোগ হয়নি। তাই এই বনভোজনটি বাংলাদেশি আমেরিকান স্কুল সেফটি অফিসার ও তাঁদের পরিবারের জন্য মিলন মেলায় পরিণত হয়।
বনভোজন শুরু হয় সকাল নয়টায়। সকাল থেকেই নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা ফ্লাসিং মিডোস পার্কে জড়ো হতে থাকেন। সকাল ১০টার দিকে সকালের নাশতা বিতরণ করা হয়। তরমুজ ও বিভিন্ন রকমের ফাস্ট ফুড দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। এরপর শুরু হয় মূল পর্ব ছোটদের ও বড়দের খেলাধুলার অনুষ্ঠান। এতে স্কুল সেফটি অফিসারদের পরিবার ও সন্তানেরা অংশ নেয়। বিভিন্ন রকম দৌড় প্রতিযোগিতা, মেয়েদের বালিশ যুদ্ধ, পুরুষদের হাঁড়িভাঙা খেলাসহ নানান রকম খেলায় মেতে ওঠেন সবাই। খেলা শেষে দুপুরে খাসির মাংস, মুরগি, পোলাও, সবজি ও পায়েস দিয়ে দুপুরের খাবার শেষে সবাই মেতে ওঠেন আনন্দ অনুষ্ঠানে।
বনভোজনে খেলাধুলার পাশাপাশি ছিল লটারি ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বনভোজনে অন্যর মধ্যে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির স্কুল সেফটি ডিভিশনের প্রথম বাঙালি উচ্চ পদস্থ কর্মকর্তা ব্রঙ্কস ওয়েস্ট কমান্ডের এক্সও দীপা জোয়ার্দার এবং বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) প্রতিনিধি মাহবুবুর জুয়েল।
তরিকুল ইসলাম, রাসেল আনোয়ার, এম মিয়া, এম তৌহিদ, রিপা ইসলাম, রাকিব হাসান, শফিক, ইরফান, রাহী, নাহারসহ কতিপয় স্কুল সেফটি অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠিত হয় এই মহা আয়োজন।
উপস্থিত অতিথিরা এই আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। এর মাধ্যমে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল সেফটি অফিসারদের পারস্পরিক বন্ধন দৃঢ় হবে এবং আরও বাংলাদেশি আমেরিকান এই পেশায় আসতে উৎসাহী হবে ও অনুপ্রেরণা পাবে বলে মত প্রকাশ করেন তাঁরা।
উদ্যোক্তারা জানান, সবার অংশগ্রহণে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।