বাসসেবা ঢেলে সাজানোর ঘোষণা অ্যান্ডি বাইফোর্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের রাস্তায় যাত্রীবাহী বাস
নিউইয়র্কের রাস্তায় যাত্রীবাহী বাস

নিউইয়র্ক নগরের সাবওয়ের মতো বাস যোগাযোগেও ব্যাপক ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আর নিউইয়র্কের ট্রানজিট প্রেসিডেন্ট হওয়ার কয়েক দিনের মধ্যে এই খাতটিকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অ্যান্ডি বাইফোর্ড। ২২ জানুয়ারি মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির (এমটিএ) ট্রানজিট কমিটির সভা শেষে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি।

এমটিএর ট্রানজিট কমিটির সভায় প্রথম অংশ নেন নতুন ট্রানজিট প্রেসিডেন্ট বাইফোর্ড। সভায় তিনি তাঁর চারটি অগ্রাধিকারের কথা জানান। এর মধ্যে রয়েছে সাবওয়ে ব্যবস্থা, প্যারা ট্রানজিট, বাস সেবা ও কর্মপরিবেশ। সভায় তিনি এমটিএ চেয়ারম্যান জো লোটার মতো করেই সাবওয়ে অ্যাকশন প্ল্যানের আদলে ঘোষণা করেন বাস অ্যাকশন প্ল্যান।
গণপরিবহন ব্যবস্থার বর্তমান জীর্ণদশায় প্রাণসঞ্চারের লক্ষ্যে তিনি বেশ কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। বাইফোর্ড বলেন, ‘যাত্রী সংখ্যা কমে যাওয়ার বিষয়টি আমাদের অনুধাবন করতে হবে। আর এ জন্য আমাদের শুরুতেই নিউইয়র্কের সড়কের যানজট কমাতে কাজ করতে হবে, যাতে আমাদের বাসগুলো যথাসময়ে নিয়ম মেনে চলাচল করতে পারে।’
এমটিএর সর্বশেষ তথ্যমতে, গত নভেম্বরে কর্মদিবসে বাসে করে যাত্রী যাতায়াতের হার কমেছে ১০ লাখ ৬ হাজার। আর ছুটির দিনে যাত্রী সংখ্যা কমেছে ১ লাখ ৩৯ হাজার। মূলত কর্মদিবসে নিউইয়র্ক শহরের সড়কগুলোয় বিদ্যমান যানজটের কারণেই বাসযাত্রী সবচেয়ে বেশি কমেছে। এই সংকট নিরসনে এমটিএ ২৭ বার বাস শিডিউল পরিবর্তন করে, যা পুরো বাস সেবার পরিসরকেই ছোট করে আনে। এর মধ্যে ছয়বার শিডিউল পরিবর্তন করা হয় শুধু যানজটের কারণে।
সার্বিক পরিস্থিতি এতই ভয়াবহ যে এমটিএর পরিচালনা পর্ষদের সদস্য অ্যান্ড্রু আলবার্ট রীতিমতো বাস সেবার আশু মৃত্যু দেখতে পাচ্ছেন। নিউইয়র্ক ডেইলিকে তিনি বলেন, ‘এমটিএ তার বাস সেবাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমটিএ যেসব উদ্যোগ নিয়েছে, তা এর বাস সেবাকে অনেক বেশি ধীর করে দিয়েছে। ফলে যাত্রীরা অন্য বিকল্পের দিকে ঝুঁকছেন। এতে ক্রমাগত যাত্রী কমছে।’
তাঁর এ দাবির পক্ষে একটি উদাহরণও হাজির করেন আলবার্ট। তিনি বলেন, লোয়ার ম্যানহাটনে এম ২২ রুটের বাস প্রতি ২০ মিনিট পরপর চলার কথা। কিন্তু এমটিএ নতুন শিডিউলে এই রুটের দুই বাসের মধ্যে সময় ব্যবধান বাড়িয়ে ৩০ মিনিট করেছে। ফলে রুটটিতে বাস সেবা কমেছে, যা যাত্রী সংখ্যা কমার পেছনে কাজ করছে। এ অবস্থার উন্নতি করতে হলে পরিবহন বিভাগকে বিভিন্ন রুটে বাস সংখ্যা বাড়াতে হবে।’
সভায় এই প্রস্তাব দিলে তাতে সম্মতি জানান ট্রানজিট প্রেসিডেন্ট বাইফোর্ড। তিনি বলেন, ‘আমাদের অনেক বাস প্রস্তুত হয়ে আছে। কিন্তু এগুলো নামানো হচ্ছে না। এসব বিষয়ে নিউইয়র্ক ট্রানজিট পূর্ণাঙ্গ অনুসন্ধান করবে। একই সঙ্গে এ বিষয়ে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।’