বাসা ভাড়া কেন বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবনযাত্রার মান বাড়লে ব্যয় বাড়বে, এটাই স্বাভাবিক। তবে এর সঙ্গে চাহিদা ও জোগানের অবিচ্ছেদ্য একটি সম্পর্ক আছে। চাহিদা ও জোগানের সম্পর্ক ভারসাম্যপূর্ণ না হলে মানুষের আর্থসামাজিক জীবনে বিড়ম্বনা বাড়ে। সুতরাং, মানুষের আয় বাড়লে তাদের জীবনযাত্রার মান বাড়বে। আর জীবনযাত্রার মান বাড়া মানে চাহিদা বাড়বে। চাহিদা বাড়া মানে পণ্যের দাম বাড়বে, এতে হতাশ হওয়ার কিছু নেই।
কিন্তু অর্থনীতির এই সমীকরণ অনেক ক্ষেত্রেই এলোমেলো আচরণ করে। নিউইয়র্কের সিটি হ্যাবিট্যাটস গত আগস্টে বাসা ভাড়া পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ম্যানহাটনের স্টুডিও রুম ও এক বেডরুম-বিশিষ্ট বাসার ভাড়া প্রতি মাসে গড়ে ১ শতাংশ হারে বাড়ছে। সংস্থাটি জানিয়েছে, আগস্টে ম্যানহাটনে একটি স্টুডিও রুমের গড় ভাড়া ছিল ২ হাজার ৩৬৩ ডলার, এক বেডরুমের ভাড়া ৩ হাজার ১৯৩ ডলার, দুই বেডরুমের ৪ হাজার ৬৯ ডলার এবং তিন বেডরুমের ৫ হাজার ৪২০ ডলার। প্রশ্ন হলো, প্রতি মাসে ১ শতাংশ হারে ভাড়া বাড়ার গতি সাধারণ মানুষের আয়ের গতির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ? সামঞ্জস্যপূর্ণ হলে আপত্তি নেই। কিন্তু ব্যয়ের সঙ্গে আয়ের সংগতি না থাকলে আপত্তি আছে। সাধারণ নিয়মে ধরে নেওয়া যায়, মানুষের আয় প্রতি মাসে গড়ে ১ শতাংশ হারে বাড়ে না, বিশেষ করে চাকরিজীবীদের।
সিটি হ্যাবিট্যাটসের তথ্য অনুযায়ী, নিউইয়র্কের গ্যামসি, ফ্যাটিরন, ব্রুকলিনসহ আরও অনেক এলাকাতেই বাসা ভাড়া ১ শতাংশ হারে বাড়ে। তবে সংস্থাটি মজার যে তথ্যটি দিয়েছে সেটি হলো, ম্যানহাটনসহ সিটির সব এলাকাতেই উল্লেখযোগ্যসংখ্যক বাড়ি খালি থাকছে। যেমন জুলাই মাসে ম্যানহাটনে ১ দশমিক ৭৮ শতাংশ বাসা খালি ছিল, আগস্টে ছিল ১ দশমিক ৮৪ শতাংশ। গত বছর একই সময়ে এর হার ছিল ১ দশমিক ৭৩ শতাংশ। তার মানে, সামনের দিকে বাসা খালি পড়ে থাকার সংখ্যা আরও বাড়তে পারে।
এই চিত্র দেখার পর বলা যায়, চাহিদার চেয়ে জোগান বেশি। কিন্তু অর্থনীতির সমীকরণ অনুযায়ী এ অবস্থায় বাসাবাড়ির ভাড়া বাড়ার কথা নয়। তাহলে ভাড়া কেন বাড়ছে? কর্তৃপক্ষকে সেদিকে নজর দিতে হবে। তা না হলে সাধারণ মানুষের ওপর অযাচিত চাপ নেমে আসবে এবং এই চাপ স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করবে।