২০১৩ সালের জানুয়ারিতে নিউইয়র্ক নগরের আবাসন কর্তৃপক্ষের (এনওয়াইসিএইচএ) কাছে ঘর মেরামতের জন্য জমা থাকা মোট অনুরোধের সংখ্যা ছিল ৪ লাখ ২০ হাজার। কোনোভাবেই এই জট খুলছিল না। তৎকালীন মেয়র মাইকেল ব্লুমবার্গ তখন এই বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে এই অপেক্ষাধীন মেরামত অনুরোধের সংখ্যা এক বছরের মধ্যে শূন্যে নামিয়ে আনার অঙ্গীকার করেছিলেন। মেয়রের করা এই অঙ্গীকার রক্ষা করতে এনওয়াইসিএইচএ সম্ভাব্য সবকিছু করেছিল। অনুরোধকারী ভাড়াটের সই নকলও এর অন্তর্ভুক্ত ছিল বলে নিউইয়র্ক ডেইলি নিউজের সাম্প্রতিক এক
অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে। গত মাসে ম্যানহাটনের আদালতে করা এক অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অনুসন্ধান চালায় ডেইলি নিউজ।
অনুসন্ধানে দেখা গেছে, যেসব বাসায় কখনোই পরিদর্শন করা হয়নি, সেসব বাসায় বসবাসকারীদের সই নকল করে প্রতিবেদন দিয়েছেন এনওয়াইসিএইচএর কর্মীরা। এমনকি খোদ আবাসন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা ছিল, যাতে বিভিন্ন বাসায় এমন সময়ে পরিদর্শন করা হয়, যখন সেখানে কোনো লোক থাকে না। আর এভাবে শুধু দরজায় কড়া নেড়েই পরিদর্শন কার্যক্রমের একটি বড় অংশ সমাধা করেন সংস্থাটির কর্মীরা, যার মাধ্যমে কোনো মেরামত ছাড়াই মেরামতের অনুরোধের সংখ্যা কমানো সম্ভব হয়।
অনুসন্ধানের অংশ হিসেবে এনওয়াইসিএইচএর সাবেক ও বর্তমান বেশ কিছু কর্মীর সাক্ষাৎকার নিয়েছে ডেইলি নিউজ। এতে দেখা গেছে, এনওয়াইসিএইচএর এই প্রতারণামূলক সেবা কার্যক্রম ওপর মহলের সরাসরি নির্দেশেই হয়েছিল। নিচের তলার কর্মীদের ওপর ভয়াবহ চাপ দেওয়া হয়েছিল, যাতে অভিযোগের সংখ্যা রাতারাতি কমে আসে। এমনকি বিভিন্ন চাতুর্যপূর্ণ কৌশলও তাদের বাতলে দেওয়া হয়।
এনওয়াসিএইচএর তথ্যমতে, ২০১২ সালের শেষ দিকে বিভিন্ন বাসা-বাড়ি মেরামতের অনুরোধের সংখ্যা ছিল ৪ লাখ ২০ হাজার। এর মধ্যে প্রায় ১০০টি অনুরোধ ছিল বাসায় লেড রং করা হয়েছে কিনা তার পরীক্ষা-সংক্রান্ত। ২০১৩ সালের ৩১ জানুয়ারি হালেমের ড্রিউ-হ্যামিল্টনে এক অনুষ্ঠানে তখনকার মেয়র ব্লুমবার্গ এই জট নিরসন করে অপেক্ষাধীন মেরামতের অনুরোধের সংখ্যা শূন্যে নামিয়ে আনার ভয়াবহ এক প্রতিজ্ঞা করে বসেন। বছর শেষে তিনি এ ক্ষেত্রে অনেকটা সফল হন। অপেক্ষাধীন অনুরোধ সংখ্যা ৪৮ হাজারে নেমে আসে। এটা নিঃসন্দেহে বিরাট সাফল্য।
এই সাফল্য অর্জনের পথে এক দারুণ কৌশল অবলম্বন করেছিল এনওয়াইসিএইচএ। ব্লুমবার্গের প্রতিশ্রুতির দুই দিনের মাথায় এনওয়াইসিএইচএর শীর্ষ এক কর্মকর্তা মেরামত সম্পর্কিত কাজের ক্ষেত্রে এক নতুন নীতির কথা উল্লেখ করে ই-মেইল দেন সংস্থাটির কর্মীদের। এতে বলা হয়, এখন থেকে মেরামতের অনুরোধ করা হয়েছে এমন কোনো বাসায় গিয়ে কাউকে পাওয়া না গেলে, সেই অনুরোধটি তালিকা থেকে ছেঁটে ফেলা হবে। এই পুরো কাজটিই করা হয় শুধু যেনতেনভাবে জট খোলার লক্ষ্যে। ২০১৩ সালে দুই লাখ মেরামত অনুরোধের মীমাংসা করা হয়েছে শুধু ‘ভাড়াটে বাড়ি নেই’ লিখে দিয়েই। গত মাসে এনওয়াইসিএইচএর এই প্রতারণার কথা জানিয়ে অ্যাটর্নি জেনারেলের ম্যানহাটন কার্যালয়ের পুরকৌশল বিভাগে একটি অভিযোগ দায়ের করা হয়। এতে এনওয়াইসিএইচএর সেই সময়ের এক ব্যবস্থাপকের কথা উল্লেখ করা হয়েছে, যিনি এই ধরনের নীতি জট কমানোর লক্ষ্যেই গ্রহণ করা হয়েছিল বলে জানান।
সেই সময় এনওয়াইসিএইচএর মহাব্যবস্থাপক ছিলেন সেসিল হাউস। উত্থাপিত অভিযোগ সম্পর্কে জানতে বর্তমানে গিলবেন বিল্ডিং কোম্পানিতে কর্মরত এই সাবেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে এনওয়াইসিএইচএর মুখপাত্র জেসমিন ব্লেক বলেন, ‘বর্তমানে অনুসৃত নীতি অনুযায়ী, এনওয়াসিএইচএর কর্মীরা একটি বাসা পরিদর্শনের জন্য দুবার চেষ্টা করেন। প্রথমবার না পাওয়া গেলে, দরজায় নতুন সময় জানানোর অনুরোধ জানিয়ে চিরকুট সেঁটে আসার নির্দেশনাও দেওয়া আছে। আর প্রতিটি কর্মীকে দেওয়া হয়েছে বিশেষ কিছু ডিভাইস, যার মাধ্যমে তারা আগের চেয়ে ভালোভাবে এই সব অনুরোধ শনাক্ত ও তার সমাধান হয়েছে কিনা তা সম্পর্কে নিশ্চিত হতে পারেন।’
একই ধরনের ঘটনা ঘটেছিল ২০১৫ সালেও। এই বছরের ১৫ ফেব্রুয়ারি এনওয়াইসিএইচএ দাবি করে, তাদের কাছে বর্তমানে মেরামতের জন্য মোট অনুরোধ জমা আছে ৩ লাখ ৬৯ হাজার। অথচ তার মাত্র দুই সপ্তাহ আগেই এই সংখ্যা ৫০ হাজার বেশি ছিল। সেই সময় এই হঠাৎ অবনমন নিয়ে এনওয়াইসিএইচএর তৎকালীন চেয়ারম্যান জন রি-এর কাছে সন্দেহ প্রকাশ করে চিঠি লিখেছিলেন তখনকার পাবলিক অ্যাডভোকেট বিল ডি ব্লাজিও।
গত মাসে করা মামলায় বাদীপক্ষ বলছে, ‘ভাড়াটে বাড়ি নেই’ নীতি অনুসরণ না করলে এনওয়াইসিএইচএর কাছে বর্তমানে থাকা মেরামত অনুরোধের সংখ্যা নিদেনপক্ষে দুই লাখ বেশি হতো। এই নীতির কারণেই কোনো মেরামত ছাড়াই মেরামতের অনুরোধগুলো সমাধা করতে পেরেছিল এনওয়াইসিএইচএ।
শুধু এই নীতি নয়, সম্ভাব্য সব ধরনের কূটকৌশলই সেই সময় নিয়েছিল এনওয়াইসিএইচএ। ২০০৭-১৬ সাল পর্যন্ত এনওয়াইসিএইচএর হয়ে কাজ করেছেন এমন এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে ডেইলি নিউজকে বলেন, ‘ভয়াবহ সব কৌশল নেওয়া হয়েছিল। দরজায় কখনো কড়া না নেড়েও এমনকি মেরামত হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়েছিল। যেকোনো মূল্যে তালিকা ছোট করাটাই ছিল মূল লক্ষ্য। এ ক্ষেত্রে সবচেয়ে বাজে কৌশলটি ছিল ভাড়াটের সই নকল করার। প্রতি দশটির মধ্যে পাঁচ-ছয়টি ছিল এমন নকল সই-সংবলিত।
এই কথার সত্যতা নিশ্চিত করেছেন এনওয়াইসিএইচএতে এখনো কর্মরত ডিন গিডুচ্চি। আমাকেই বহুবার এমন এমন সময়ে এমন এমন বাসায় পাঠানো হয়েছে, যখন সেখানে কোনো লোক থাকে না। এমনকি কোনো বাসায় কিছু মেরামত করতে গিয়ে অন্য কোনো সংকট দেখলে, তা নথিভুক্ত না করারও একটি অলিখিত নির্দেশনা ছিল।