করোনা ভাইরাসে আক্রান্ত ফটো সাংবাদিক সানাউল হককে দেখতে কাল বিকেলে তাঁর জ্যামাইকার বাসায় যান ডা. ফেরদৌস খন্দকার।
দৈনিক জনকণ্ঠে দীর্ঘদিনের সহকর্মী সানাউল হক নিউইয়র্কে এসেছেন এক বছরের কম সময় আগে। সর্বশেষ ইংরেজি দৈনিক নিউএজ পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের সেপ্টেম্বরে বসবাসের উদ্দেশ্যে সপরিবারে নিউইয়র্ক শহরে আসেন তিনি। নতুন দেশে স্থায়ী হওয়ার জন্য দিন রাত লড়াই করছেন সানাউল হক ও আশরাফি হক দম্পতি। মেয়েকে ভর্তি করান লাগোর্ডিয়া কলেজে। ছেলে জ্যামাইকার সাফটিন বুলভার্ডে বাসার কাছে পাবলিক স্কুলে এইটথ গ্রেডে পড়ে।
করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে সানাউল হক কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন। এর মধ্যে স্বপন হাইয়ের মৃত্যু হয়। নিউইয়র্ক কমিউনিটিতে পরিচিত সাংবাদিকদের মধ্যে সানাউল হকই একমাত্র ব্যক্তি, যিনি স্বপন হাইয়ের জানাজায় যান নিউজার্সির মার্লবোরো গোরস্থানে।
স্বপন হাইয়ের মৃত্যুর শোক ভুলতে না ভুলতেই সানাউল হক করোনা ভাইরাসে আক্রান্ত হন। জ্বর, কাশি, গলা ব্যথাসহ নানা সমস্যায় দিন পার করছিলেন এত দিন। ডাক্তারের নিয়মিত অ্যান্টিবায়োটিকস খাচ্ছিলেন। এর মধ্যে শনিবার গভীর রাতে খুব অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠেন। তাঁর স্ত্রী আশরাফি দিশেহারা হয়ে সানাউল হকের ঘনিষ্ঠ সাংবাদিক বন্ধুদের ফোন করতে থাকেন। তারা যোগাযোগ করেন নিউইয়র্কে বাঙালি কমিউনিটির জনপ্রিয় ডাক্তার ফেরদৌস খন্দকারের সঙ্গে। ডাক্তার সানাউল হককে হাসপাতালে ভর্তি হতে বলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হতে চান না তিনি।
সম্প্রতি দুপুরে সানাউল হকের জ্যামাইকার বাসায় যান ফেরদৌস খন্দকার। তিনি রোগীকে ভালোভাবে চেক আপ করেন। শ্বাসপ্রশ্বাসের সমস্যার জন্য নেবুলাইজার দেন। জ্বর, কাশি ও নিউমোনিয়া যাতে না হয়, সে জন্য আলাদাভাবে ওষুধ প্রেসক্রাইব করেন। শ্বাসকষ্ট হলে কী ধরনের ব্যায়াম করতে হবে, সেটা দেখান। আধঘণ্টার বেশি সময় ডাক্তার বাসায় অবস্থান করেন বলে জানিয়েছেন সানাউল হকের স্ত্রী আশরাফি হক।