বাসে প্রেম, বাসেই পরিণয়

বাসে করে রাতে ঘরে ফেরার সময় প্রথম দেখা। সেখান থেকে প্রেম। আর ১৩ বছর পর সেই জুটির পরিণয়েরও সাক্ষী ওই বাস। এ কোনো গল্পগাথা নয়। নিউইয়র্ক সিটিতেই ঘটেছে এমন ঘটনা। অসভালডো জিমেনেজ ও কারা মুলিনসের প্রথম দেখা হয়েছিল ২০০৩ সালে রাতের বাসে করে বাড়ি ফেরার সময়। ২০ আগস্ট সেই প্রথম দেখা ও প্রেমকে স্মরণীয় করে রাখতে একটি বাসেই সম্পন্ন করেছেন তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা। স্থানীয় সংবাদমাধ্যম পিপলস ডটকমের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
২০০৩ সালের কোনো এক রাতে নিউইয়র্ক নগরের এম১৪ডি বাসে করে বাড়ি ফিরছিলেন অসভালডো জিমেনেজ। ওই বাসেরই সহযাত্রী কারা মুলিনসকে দেখে মুগ্ধ হন জিমেনেজ। এ মুগ্ধতা প্রেমে গড়াতে সময় লাগেনি। তবে তা পরিণয়ে পৌঁছাতে সময় লেগেছে আর তা প্রেমের খাতিরেই বলা যায়। টানা ১৩ বছর চুটিয়ে প্রেম করার পর ২০ আগস্ট এ জুটি অবশেষে পরিণয়সূত্রে আবদ্ধ হন। তাঁদের বিয়ের অনুষ্ঠানটিও হয় বাসেই।
এখন ৪১ বছর বয়সী জিমেনেজ বলেন, ‘আমি এ বাসে চির জীবনের জন্য চড়ে বসেছি। আমি এর সবকিছু চিনি-জানি। শুরু থেকেই আমি জানতাম এটি (মুলিনসের সঙ্গে প্রেম) ঠিকঠাক গন্তব্যে পৌঁছাবে।’ নিজের উচ্ছ্বাস গোপন না করেই তিনি বলেন, ‘আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা আমার সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। এত কিছু আমার কল্পনাতেও ছিল না।’
জিমেনেজ ও মুলিনসের বিয়েতে উপস্থিত ছিলেন তাঁদের ৮০ জন বন্ধু ও স্বজন। সবার কাছেই এটি ছিল অভিনব এক অভিজ্ঞতা। বাসে ঝাঁকুনি ছিল, চিরাচরিতভাবেই। তবে তাতে আনন্দ-উচ্ছ্বাসের কোনো খামতি হয়নি। বাসে বিয়ের অনুষ্ঠান নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন বিয়ের কনে। তবে তা জিমেনেজের সঙ্গে জীবন কাটানো নিয়ে নয়। তাঁর চিন্তাজুড়ে ছিল নিজের পাঁচ ইঞ্চি হিলজোড়া নিয়ে। চলন্ত বাসে তিনি বিষয়টি কীভাবে সামলাবেন, তা–ই ছিল মূল ভাবনাজুড়ে।
পিপলকে মুলিনসের বলেন, ‘আমার পায়ে ছিল পাঁচ ইঞ্চি উচ্চতার হিল জুতা। বাসে উঠতে গিয়ে পড়ে না যাই, এ চিন্তাই ছিল শুধু মাথায়। সারাক্ষণই সতর্ক থাকতে হয়েছে। কারণ, বাসটি স্থির ছিল না। পুরো অনুষ্ঠানের সময়ই এটি শহর ঘুরে বেড়িয়েছে। আর আমি আমার পুরো জীবনের জন্য এতে চড়ে বসেছিলাম। এর চেয়ে যথাযথ আর কিছু হতে পারে না। আমার সব বন্ধু এসেছিল অনুষ্ঠানে। নিয়ম অনুযায়ী সবকিছুই করেছিল তারা।’
নিউইয়র্কের অন্য কোনো জুটির জন্য এমন বিয়ে অভাবিত হলেও জিমেনেজ ও মুলিনসের ক্ষেত্রে এর চেয়ে ভালো কিছু হতে পারত না।
নিজেদের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে জিমেনেজ পিপলকে বলেন, ‘তার (মুলিনস) মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা ছিল। আমি তার সমস্ত প্রকরণকেই পছন্দ করেছি। তাকে দেখে আমার মাথায় প্রথম যে চিন্তাটি এসেছিল তা হচ্ছে, যদি কখনো বিয়ে করি তো এমন কোনো মেয়েকেই আমি বিয়ে করব।’
২০০৩ সালের ওই রাতে তাঁদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। তাঁরা দুজনই নেমেছিলেন একই স্টপেজে। জিমেনেজ দাঁড়িয়ে দেখেন, বিপরীত দিকে মুলিনসের চলে যাওয়া। কিন্তু এ প্রস্থানও ছিল আশা জাগানিয়া। কারণ, বেশি দূরে তো নয়। একই স্টপে থামতে হয় দুজনকেই। এরপর মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুজনের আবার দেখা হয়। এবার জিমেনেজ সাহস সঞ্চয় করে মুলিনসের সঙ্গে কথা বলেন। মুলিনস জানান, ‘প্রথম আলাপেই তাকে পছন্দ হয়। আমি আমার সেলফোন নম্বর দিই তাকে। কিন্তু তার অপেক্ষা সয়নি। চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে আমাকে ফোন করে। আর তার সঙ্গে জড়ানো ছাড়া আমার কোনো উপায়ই রইল না।’
অনেকটা রীতি মেনেই মুলিনস প্রথমে জিমেনেজের প্রেমে সাড়া দেননি। কিছুটা সময় লেগেছিল। তারপর শুরু। মাঝে কিছুটা মান-অভিমানের পর্যায়ও গেছে। কিন্তু ২০১৫ সালে সেই এম১৪ডি বাসে করে যাওয়ার সময় জিমেনেজ মুলিনসকে বিয়ের প্রস্তাব দেন।
সেই ক্ষণটি এখনো চোখে ভাসে মুলিনসের। কথাটি সহজভাবে বলতে পারছিলেন না জিমেনেজ। প্রথমে ফিফটি শেডস অব গ্রে সিনেমা দেখার প্রস্তাব করেন জিমেনেজ। তারপর এদিক-ওদিক নানা কথার মধ্যে হঠাৎ করেই একগাদা অপরিচিত লোকের মধ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেন তিনি। কে ভুলতে পারে এমন ক্ষণটি? মুলিনসও পারেননি। তিনি বলেন, ‘বাইরে তখন তুষার পড়ছে। আর সে হঠাৎ করেই এমন একটি প্রস্তাব দিয়ে বসল। এটা ছিল একেবারেই অভাবিত।’
এ দীর্ঘ পথ পরিক্রমণ শেষে ২০ আগস্ট তাঁরা ওই এম১৪ডি বাসেই সম্পন্ন করেন বিয়ের আনুষ্ঠানিকতা। এ বিষয়ে তাঁরা বলেন, ‘নিজেদের স্মৃতির জন্যই নয় শুধু, এর পেছনে রয়েছে এ শহরের প্রতি তাদের যৌথ ভালোবাসাও। আমরা চেয়েছি আমাদের বন্ধুদের পাশাপাশি পুরো শহরকেই আমাদের বিয়ের অংশ করে তুলতে।’
জিমেনেজ-মুলিনসের বিয়ের কার্ডও ছিল এমটিএ কার্ডের আদলে। বাসে বিয়ের অনুষ্ঠানটি অবশ্য খুব একটা দীর্ঘ হতে পারেনি। ২০ মিনিটেই সারতে হয়েছে যাবতীয় আনুষ্ঠানিকতা। কিন্তু জিমেনেজ ও মুলিনস তাঁর বন্ধুদের নিয়ে সারা দিন ধরে দিনটি উদ্যাপন করেছেন স্ট্যান্ডার্ড হোটেলে।