বাড়ছে গৃহবিবাদ, ভাঙছে সংসার
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাছের একটি রাস্তায় দাঁড়িয়ে অনবরত কাঁদছেন এক নারী। এগিয়ে গিয়ে কান্নার কারণ জানতে চাইলে, তিনি এই প্রতিবেদকের ফোন দিয়ে একটি কল করতে দেওয়ার অনুরোধ করেন। তাঁর হাতে ভাঙা একটি ফোন। প্রচণ্ড শীতেও গায়ে বাড়তি কাপড় নেই। ফোন শেষে, সংক্ষেপে তিনি জানালেন, বাড়িতে স্বামী ও অন্যরা মিলে তাঁর ওপর নির্যাতন চালাচ্ছে। মাত্র ছয় মাস হয়েছে তিনি বাংলাদেশ থেকে এসেছেন। এখানকার পথঘাটও ভালো করে চেনা নেই। কাঁদতে কাঁদতে ওই নারী বলছিলেন, তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। কিছুক্ষণ পর তাঁর পরিচিত একজন সেখানে এলে, তাঁর সঙ্গে চলে যান তিনি।
এমন ঘটনা কেবল একটি নয়। নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি অনেকের বাড়িতেই এখন ‘অশান্তি’ চলছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা। জানা গেছে, জ্যামাইকা এলাকার এক ব্যক্তি এখন স্ত্রী নির্যাতনের দায়ে জেল খাটছেন। তাঁর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় শেল্টার হোমে রেখে তার চিকিৎসা করানো হচ্ছে। আর তাঁদের চার সন্তানের জায়গা হয়েছে ফস্টার কেয়ারে।
এ ছাড়া সম্প্রতি বাংলাদেশ থেকে বিয়ে হয়ে আসার অল্প দিনের মধ্যেই, এক নারী তার স্বামীকে ছেড়ে আত্মীয়র বাসায় চলে গেছেন। জানা গেছে, তাঁর স্বামী শারীরিকভাবে নির্যাতন না করলেও কেবল মানসিক দূরত্বের কারণে তাঁরা আলাদা হয়ে গেছেন। তাঁদের এক আত্মীয়র সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলে আমেরিকা থাকে, এমন যুক্তিতে বাবা-মা উচ্চ শিক্ষিত মেয়েটিকে, সেভেন ইলেভেনে কাজ করা এক ছেলের সঙ্গে বিয়ে দেন। শিক্ষা ও মানসিক দূরত্বের কারণে তাঁদের সম্পর্কের মধ্যে সংকট দেখা দিয়েছে।
ঘরে ঘরে এমন সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অ্যাটর্নি ইশরাত সামি প্রথম আলোকে বলেন, “বেশির ভাগ ক্ষেত্রেই পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে নারীরা। আবার সংসারের হাল ধরতে গিয়ে, অনেক পুরুষ যখন বাইরে কাজে ব্যস্ত থাকছেন, কোনো কোনো নারী কিছু পুরুষের নানা প্রলোভনে ভুল করে ফেলছেন। পরকীয়া প্রেমও পারিবারিক সহিসংতার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। তখন পারস্পরিক বোঝাপড়ার অভাবে শেষ পর্যন্ত সংসারই ভেঙে যাচ্ছে। সন্তানদের জন্য তৈরি হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ।”
ইশরাত সামি আরও বলেন,“ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে প্রায় প্রতিদিনই আইনি সহায়তা চাইতে কেউ না কেউ আমার কাছে আসছেন। অনেকে আসছেন তুচ্ছ কারণেও। হয়তো আলোচনা করেই সমস্যাটা মিটিয়ে ফেলা যেত।” এ বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, “চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার আগে ভালো করে ভাবা উচিত। প্রয়োজনে স্বামী ও স্ত্রীকে কাউন্সেলিংয়ে যেতে হবে। রাগের মাথায় কিছু করা উচিত নয়। তবে কেউ অপরাধের শিকার হলে অবশ্যই তিনি প্রতিকার চাইবেন, এটাই স্বাভাবিক।”
এই সংকট বাড়ার কারণ কারণ সম্পর্কে জানতে চাইলে হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশের উত্তর অ্যামেরিকা চ্যাপ্টারের সভাপতি ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী বাবুল বলেন, “কালচারাল শক প্রধান কারণ। একটি উন্নয়নশীল দেশ থেকে হঠাৎ করে উন্নত একটি দেশে এসে সংস্কৃতি ও আবহাওয়াগত পার্থক্যের মধ্যে পড়ে যেতে হচ্ছে। সেটা অনেকের জন্যে বড় একটি ঝাঁকুনির মতো। তারা মানিয়ে নিতে পারে না। আবার স্বামী হয়তো অনেক দিন ধরে থাকছেন। পরে স্ত্রীর এখানে এসেই মানিয়ে নিতে সমস্যা হয়। তখন অবিশ্বাস তৈরি হতে পারে। সেই থেকে শুরু হয় গৃহবিবাদের। সেখান থেকে সংসার ভেঙেও যাচ্ছে।”
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার সাধারণ সম্পাদক অফিসার হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, “এ দেশে বিচার হয় বলেই, এত ঘটনা সামনে আসে। কেউ আইনের আশ্রয় নিলে, আইন তাকে পথ দেখায়। কেউ অন্যায় করে পার পেয়ে যেতে পারে না; ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। ফলে পারিবারিক সহিংসতার বিষয়গুলো সামনে চলে আসে।”
মোহাম্মদ আলী বাবুল বলেন, “এমনও দেখেছি, ডিভি লটারি পেয়ে কিংবা পারিবারিক অভিবাসনের কারণে অনেকে এ দেশে এসে, কিছু টাকা আয় করেছেন। তখন হয়তো দেশ থেকে তার চেয়ে অনেক বেশি শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ে পড়া নারীকে বিয়ে করে আনছেন। তখনই দুজনের মধ্যে চিন্তাগত নানা পার্থক্যে জটিলতা দেখা দেয়।”
ইশরাত সামী বলেন, “পারস্পরিক শ্রদ্ধা, নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা, সন্তানদের প্রতি দায়িত্বশীল আচরণ এসব সংকট থেকে মুক্ত রাখতে পারে”। ফলে শত ব্যস্ততায় পরিবারকে যথেষ্ট সময় দেওয়া এবং আস্থাশীল হওয়ার ওপর জোর দিলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, “প্রথমত আমি সকল প্রবাসী বাংলাদেশিকে আহ্বান জানাব তারা যেন সহনশীলতার পরিচয় দেন। নিজেদের ও সন্তানদের কথা ভেবে কোনো ধরনের গৃহবিবাদে জড়িয়ে না পড়েন। এরপরও যদি কেউ সহিংসতার স্বীকার হন, তাহলে অবশ্যই তিনি বিষয়টি চেপে রাখবেন না। অবশ্যই আইনের আশ্রয় নেবেন। বড় ধরনের কোনো সহিংসতার স্বীকার হলে ৯১১-এ কল দেবেন। আর যদি অপরাধের মাত্রা কম হয়, তাহলেও তিনি প্রতিকার চাইতে পারেন। সে ক্ষেত্রে তাকে ৩১১ এ কল করতে হবে।”