বাড়ছে বিতাড়ন, মানবিক সংকটে অভিবাসী পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার ওহাইও অঙ্গরাজ্য থেকে সম্প্রতি নথিপত্রহীন এক অভিবাসীকে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে। প্রতিবেশীরা তাঁকে সজ্জন ব্যক্তি হিসেবেই উল্লেখ করেছেন। লাইসেন্স ছাড়া গাড়ি চালানো ছাড়া তিনি কোনো ধরনের অপরাধ কর্মেও জড়িত ছিলেন না। বিমানবন্দরে বিদায় জানাতে আসা তাঁর দুই শিশুর কান্না ও শঙ্কিত দৃষ্টিই বলে দিচ্ছিল এই পরিবারের ওপর কী সংকট নেমে এসেছে। শুধু মেক্সিকোর এই অভিবাসী পরিবারই নয়, আমেরিকার বহু অভিবাসী পরিবারেরই বাস্তবতা এখন এমন।
ওই হতভাগ্য মেক্সিকানের বড় সন্তান ইরিক ১৪ বছর বয়সী। অষ্টম শ্রেণির শিক্ষার্থীর কাজ করার মতো বয়স না হলেও স্থানীয় উইন্ডিজ তাকে কাজ দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। ইরিক নিজেও এই বাস্তবতা সম্পর্কে সচেতন। নিউইয়র্ক টাইমসকে ইরিক বলে, ‘আমিই এখন আমাদের ঘরের একমাত্র পুরুষ।’
বাবা বিতাড়িত হওয়ার পর ইরিককেই এখন সংসারের হাল ধরার কথা ভাবতে হচ্ছে। মুদি দোকান থেকে পণ্য কিনতেও তাকেই ছুটতে হয় বেশ কয়েক মাইল দূরে। ইরিকের মাও অনিবন্ধিত অভিবাসী। তিনিও ভালো মানের কোনো কাজ করতে পারছেন না। সংসারের একমাত্র উপার্জনশীল এই সদস্যকে কারখানায় দীর্ঘ সময় কাজ করতে হয়। ফলে ছোট ভাই ১২ বছর বয়সী এডউইনের দেখাশোনার জন্য ইরিককে বিদ্যালয় থেকে সরাসরি বাসায় ফিরতে হয়। এতে পুরো পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
এডউইনের কাছে তার বাবার বিদায় দুঃস্বপ্নের মতো। এর সঙ্গে রয়েছে মায়েরও বিতাড়িত হওয়ার আশঙ্কা। আর সবার ছোট ১০ বছর বয়সী আনু একেবারেই নিস্তব্ধ হয়ে আছে। আর ৬ বছর বয়সী ইলসি তো খাওয়া-দাওয়াই ছেড়ে দিয়েছে।
মেক্সিকোর এই পরিবারটির মতোই বাস্তবতা এখন বিরাজ করছে অনিবন্ধিত অভিবাসীদের পরিবারে। প্রতিটি অনিবন্ধিত অভিবাসীর পরিবারের সদস্যরা শঙ্কায় ভুগছেন। আর এসব পরিবারের কোনো সদস্যের বিতাড়ন পুরো পরিবারের জন্যই বিপর্যয়কর হয়ে ওঠে। ইরিকে, এডউইনের মতো আমেরিকায় প্রায় ৬০ লাখ শিশু রয়েছে, যাদের মা-বাবার কমপক্ষে একজন অবৈধ অভিবাসী। এই সব পরিবারকে এখন প্রতিনিয়ত বিতাড়নের শঙ্কায়
ভুগতে হয়। এমনকি গ্রিনকার্ডধারী দম্পতির সাক্ষাৎকারের সময়ও এ ধরনের অভিবাসীদের অভিবাসন ও শুল্ক বিভাগের সদস্যরা তুলে নিচ্ছে। এমন পরিস্থিতিতে
এমনকি ওই দম্পতির আমেরিকান স্বামী বা স্ত্রীও কিছু করতে পারেন না।
১৬ বছর বয়সী আমেরিকান নাগরিক জিম চুকুইরিমাও এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছেন। সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেন নিউইয়র্ক টাইমসের প্রতিনিধি। তার মা নেইলি একজন অনিবন্ধিত অভিবাসী। ইকুয়েডরের চলচ্চিত্র তারকা নেইলি প্রেম করে বিয়ে করেছিলেন চুকুইরিমার সৎ বাবা মুনিজকে। কানেকটিকাটের এ বাসিন্দাকে তিনি বিয়ে করেন ২০১৫ সালে। ২০১৫ সালেই নেইলি গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেই সময় থেকেই নেইলি সব সময়ই ভয়ে থাকতেন কখন অভিবাসন এজেন্টরা তাকে ধরে নিয়ে বিচারের মুখোমুখি করবে। তাঁর এই আশঙ্কাই সত্যে পরিণত হয়।
অভিবাসন এজেন্টরা নেইলির অবস্থান জানত। নেইলি জানান এক যুগেরও বেশি আগে তাকে বিতাড়নের আদেশ সংবলিত চিঠি তার ঠিকানায় পৌঁছেনি। গত ৫ ফেব্রুয়ারি তাকে অস্থায়ীভাবে থাকার সুযোগ দেওয়া
হয়। কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই চার দিন পর সে সুযোগ বাতিল করা হয়, যা পুরো পরিবারটিকে স্তম্ভিত করে
দেয়। এ নিয়ে প্রশাসনের সঙ্গে আইনি লড়াই করতে
গিয়ে পরিবারটি আর্থিকভাবে দেউলিয়া হয়ে যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২৮ ফেব্রুয়ারি তাকে বিতাড়নের দিন ধার্য হয়।
নেইলির স্বামী মুনিজ নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি মনে করি এটা আমারই দোষ। আমি তাকে বিপদে ফেলেছি। কিন্তু আমি তাকে রক্ষা করার সর্বাত্মক চেষ্টা করেছি। তাকে ছাড়া আমি সর্বহারা।’
গত শতকের প্রথম দশকে আমেরিকার কোনো নারী কোনো বিদেশিকে বিয়ে করলে নাগরিকত্ব হারাতেন। সে আইন এখন কেতাবেও নেই। নতুন আইন হয়েছে। অভিবাসীদের সুরক্ষায় কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে। কিন্তু আমেরিকার নাগরিকদের নিজ পরিবারের সদস্যদের বিতাড়ন থেকে রক্ষা করার কোনো শাসনতান্ত্রিক অধিকার এখনো দেওয়া হয়নি। নিম্ন আদালতও বিষয়টি খতিয়ে দেখছে না।