বাড়তি মূল্য নেওয়ায় স্টোরে জরিমানা
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দিশেহারা নিউইয়র্কবাসীর কাছ থেকে বেশি মূল্যে জীবাণুনাশকসহ অন্যান্য প্রতিষেধক সামগ্রী বিক্রি করায় একটি স্টোর থেকে দুই লাখ ৭৫ হাজার ডলার জরিমানা আদায় করেছে নগর কর্তৃপক্ষ।
এ ছাড়া ভোক্তা ও কর্মী সুরক্ষা কর্তৃপক্ষ ৫৫০টি স্টোরকে বাড়তি মূল্য আদায় করার দায়ে অভিযুক্ত করে। এ কারণে সিটি মেয়র ডি ব্লাজিও সাংবাদিক সম্মেলনে কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভোক্তা ও কর্মী সুরক্ষা বিভাগের কর্মকর্তা হিজোনার বলেন, সব প্রতিষ্ঠানকে হুঁশিয়ারি করে জানানো হয়েছে মূল্য বৃদ্ধির এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি। তা যেকোনো মূল্যে রোধ করা হবে। ১৬ মার্চ মেয়র নগরবাসীকে বাড়তি দামের শিকার যে কাউকে ৩১১ নম্বরে কল করে অভিযোগ জানাতে বলেন।
জীবাণুনাশক দ্রব্যাদির বাড়তি মূল্য রাখার জন্য জরিমানা প্রদানকারীদের মধ্যে মিডটাউনের স্কেসম্যান অ্যান্ড হার্ডওয়্যার ও কুইন্সের এস্টোরিয়ার ফ্রেশ মার্কেট আছে বলে অ্যাটর্নি জেনারেল ল্যাটিয়া জেমস জানিয়েছেন।