বাড়ি ছাড়তে হলেও ১৪ দিন সময় পাবেন ভাড়াটিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আবাসন আইনে পরিবর্তনের ফলে ভাড়াটিয়ারা এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধা পাচ্ছেন। নতুন ল্যান্ড লর্ড-টেন্যান্ট আইনের আওতায় ভাড়াটেরা ৭২ ঘণ্টা নোটিশের জায়গায় বাড়ি ছাড়ার জন্য ১৪ দিন সময় পাবেন।

এখন থেকে কোনো বাড়িওয়ালা ভাড়া পাচ্ছেন না—এমন অভিযোগ এনে আবাসন আদালতে উচ্ছেদের আবেদন করলে আদালত ভাড়াটিয়াকে বাধ্যতামূলক ১৪ দিন সময় দেবেন।

আবার এই সময়ের মধ্যে ভাড়ার অর্থ দিতে পারলে বাড়িওয়ালা তা গ্রহণ করতে বাধ্য থাকবে এবং উচ্ছেদের প্রক্রিয়াটা স্থগিত হয়ে যাবে। বাড়িওয়ালারা সে ক্ষেত্রে নতুন সংকটের মুখোমুখি হচ্ছেন। কারণ যদি সেই ভাড়াটিয়া পরবর্তী মাসেই আবার ভাড়া দেওয়া বন্ধ করে দেয়, তখন তাকে আবার ফি জমা দিয়ে প্রথম থেকে উচ্ছেদের প্রক্রিয়া শুরু করতে হবে। 

বাড়িভাড়া আইন নিয়ে সিরাক্যোজ ডট কম গত ২৯ জুলাই একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেআইনিভাবে উচ্ছেদের জন্য বাড়িওয়ালাদের বিরুদ্ধে জরিমানাসহ অপকর্মের অভিযোগ আনা যাবে।

অবিশ্বাস্য হলেও সত্য, নতুন এই নীতিতে বাড়িওয়ালারা সম্ভাব্য ভাড়াটিয়ার অতীতের উচ্ছেদ রেকর্ড, আদালতের রায়, এগুলো বিবেচনায় এনে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করতে পারবেন না।

আদালতে উচ্ছেদ প্রক্রিয়া শুরুর আগে ভাড়াটিয়াকে ১০ দিনের লিখিত নোটিশ দিতে হবে এবং তা অতিক্রম না হওয়া পর্যন্ত আদালতের প্রক্রিয়াই শুরু করা যাবে না। ভাড়াটিয়া আদালতে উপস্থিত হলেই বাধ্যতামূলকভাবে তাকে অন্তত পক্ষে দুই সপ্তাহের সময় দেবেন আবাসন আদালত।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিরাক্যোজ শহরের বাড়িওয়ালা, ওনান্দাগা কাউন্টি রিয়েল এস্টেট ইনভেস্টরস ক্লাবের সভাপতি কারলোট্টা ব্রাউন বলেছেন, ‘অমি ও অন্যান্য বাড়ির মালিকেরা নতুন আবাসন নীতিটা এখনো বোঝার চেষ্টায় আছি। কিন্তু যতদূর মনে হচ্ছে, এই আইনের বেশির ভাগই অযৌক্তিকভাবে বৈষম্যপূর্ণ।’

ব্রাউন বলেন, ‘আমরা কোনো সমাজসেবী সংস্থা নই। এই আইন অন্যায্যভাবে পক্ষপাতদুষ্ট।’

এখানে একটি বিষয় বলে রাখা গুরুত্বপূর্ণ, যদিও এটি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আবাসিক আইন এবং তাতে উপরোল্লেখিত পরিবর্তন সম্প্রতি এসেছে, কিন্তু নিউইয়র্ক নগরের আবাসন আইন সম্পূর্ণরূপে স্বশাসিত। স্বশাসিত অথচ সাংঘর্ষিক নয়।

এতে বুঝে নেওয়া যায়, যেসব নতুন পরিবর্তন নিউইয়র্ক অঙ্গরাজ্যের আবাসিক আইনে এখন প্রণয়ন হয়েছে, তার সবই নিউইয়র্ক নগরের জন্যও স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে। অবশ্য ভাড়াটেদের প্রতি অতি সৌজন্যমূলক নতুন এই নীতির বেশির ভাগই নগরের স্বশাসিত আবাসন আইনে আগে থেকেই বিদ্যমান আছে। বরং সিটির আবাসন আইনে আদালত বাড়িওয়ালার বিপক্ষে ভাড়াটিয়াকে অনেক বেশি সুবিধা আগে থেকেই দিয়ে আসছিল, তার ওপর অঙ্গরাজ্যের আইনের এই পরিবর্তন যেন ভাড়াটিয়াদের জন্য সোনায় সোহাগা হয়ে আসল।