বাড়ি না কিনেও বাফেলোতে যাচ্ছেন বাংলাদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের প্রান্তিক নগরী বাফেলোতে বাড়ি না কিনেও বাংলাদেশিদের স্থানান্তর ঘটছে ব্যাপকভাবে। আগে নিউইয়র্ক থেকে মিশিগানে বাংলাদেশি অভিবাসীরা বেশি যেতেন। কিন্তু সম্প্রতি আসা অভিবাসীদের মধ্যে মিশিগানের চেয়ে বাফেলোতে যাওয়ার প্রবণতা বেশি।
স্বল্প ভাড়ায় বাড়ি প্রাপ্তি, ধর্মীয় শিক্ষার সুযোগ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে সুনামের কারণে বাংলাদেশির পছন্দের তালিকার শীর্ষে চলে এসেছে বাফেলো। সেখানে স্থানান্তরের আগে বাড়ি কিনছেন অনেকেই। তবে অনেক পরিবারই এখন বাফেলোতে বাড়ি কেনার আগেই স্থানান্তর হচ্ছে।
নিউইয়র্কের প্রান্তিক নগরী বাফেলো একসময় নানা কারণে পরিচিত ছিল সবার কাছে। বাফেলো বিশ্ববিদ্যালয় আমেরিকার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এর সুনামের কারণে আমেরিকার শিক্ষার্থীদের কাছে বাফেলো বিশ্ববিদ্যালয় এখনো পছন্দের তালিকায়।
এক শতাব্দী আগে আমেরিকার দক্ষিণে ব্যাপক জনস্থানান্তরের কারণে বাফেলোর মতো নগরী আমেরিকার মূলধারার লোকজনের কাছে অনেকটাই অপাঙেক্তয় হয়ে পড়ে। ফলে অঞ্চলটির হাজার হাজার বাড়ি আক্ষরিক অর্থেই পরিত্যক্ত হয়ে পড়ে। অভিবাসীর দেশ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ আমেরিকায় আসা বাংলাদেশিরা নিজেদের আবাসের জন্য এই নগরীকেই খুঁজে নিয়েছেন। পরিশ্রমী বাংলাদেশিরা এখানে বসতি গড়েছেন; গড়ে তুলেছেন মসজিদ-মাদ্রাসা। তাবলিগ জামাত থেকে শুরু করে ধর্মপ্রাণ বাংলাদেশিদের ব্যাপক অভিবাসন ঘটেছে বাফেলোতে গত এক দশকে।
অনেকেই মনে করছেন, বাফেলোতে স্থানান্তরের জন্য বাড়ি কিনতে হবে। তবে আগেভাগে বাড়ি না কিনেও বাফেলোতে স্থানান্তরের সুযোগ রয়েছে। মাসে ৫০০ থেকে ৭০০ ডলার ভাড়ায় দুই বেডরুমের বাসা পাওয়া যায় এখানে। অনেকেই ভাড়ায় বাড়ি নিয়েই প্রথমে বাফেলোতে আসেন। পরে এলাকা দেখে বাছাই করে ভালো এলাকায় বাসা কেনার চেষ্টা করেন। এ সুযোগ নেওয়ার জন্য গড়ে উঠেছে বেশ কিছু বাংলাদেশি রিয়েলে স্টেট ও সেবাদাতা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর সেবা গ্রহণ করে অনেকেই ছুটে আসছেন বাফেলোতে। মূলত নিউইয়র্ক নগরীর উচ্চ জীবনযাপন ব্যয়ের কারণেই তা ছেড়ে বাফেলোতে পাড়ি জমাচ্ছেন বাংলাদেশিরা। এ ছাড়া এখানকার ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটিও এই স্থানান্তরের একটি বাড় কারণ।