বাড়িভাড়া ও মর্টগেজে স্বস্তি জানুয়ারি পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো গত ২৪ এপ্রিল করোনা মহামারির কারণে ভাড়াটে থেকে বাড়ি ভাড়া আদায় ও মালিক থেকে বাড়ির মর্টগেজ তিন মাসের জন্য স্থগিত করেছিলেন। এবার সেই মেয়াদ আবার বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো চলতি সপ্তাহে বলেছেন, কোভিড-১৯ মারামারির কারণে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত নিউইয়র্কের ভাড়াটেদের উচ্ছেদ করা যাবে না। বাড়ি ভাড়া না দেওয়ার কারণে বাড়ি থেকে উচ্ছেদের ওপর স্থগিতাদেশ বাড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে ‘টেন্যান্ট সেফ হারবার অ্যাক্ট’ আদালত থেকে করোনভাইরাস সময়কালে আর্থিক সমস্যায় থাকা ভাড়াটেদের ভাড়া না দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে।

করোনাভাইরাসের এই বিপদাপন্ন সময়ে কোনো ভাড়াটেকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়নি—তা নিশ্চিত করার জন্য কুমো মার্চ মাসেই আবাসিক ও বাণিজ্যিক উচ্ছেদের বিষয়ে একটি স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন। এর আগেও তিনি কোভিড-১৯–এর কারণে কয়েক দফায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে উচ্ছেদ থেকে সুরক্ষায় তিনি নির্দেশনা জারি করেছিলেন।

এর আগে গত ২৪ এপ্রিল নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও বলেন, এই মুহূর্তে যদি কোনো ভাড়াটেকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়, তাহলে নিউইয়র্ক নগর সে ব্যাপারে বাড়ি মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে এবং এই উচ্ছেদ বন্ধ করা হবে।

মেয়র আরও বলেন, বর্তমানে ভাড়া দেওয়া স্থগিত করাই কেবল এই সংকটের সমাপ্তি নয়। যেহেতু এখনো মানুষ কর্মক্ষেত্রে ফেরত যেতে পারেননি, তাই সংকটের সময় হিসাব করে আরও ৬০ দিন পর্যন্ত ভাড়া না দেওয়ার বিষয়টি বাড়ানো দরকার। যাতে বাড়ির মালিকেরা করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত ভাড়াটেদের উচ্ছেদ করতে না পারেন।