বাড়িভাড়া পরিশোধ না করে কিনছে বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। গত বছরের মার্চ থেকে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে একদিকে মৃত্যু, অন্যদিকে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। করোনার কারণে রেকর্ডসংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বর্তমানে ১ কোটির বেশি মানুষ এই ভাইরাসের কারণে বেকারভাতা নিচ্ছেন।

অনেক মানুষের অর্থ কষ্টে দিন যাচ্ছে, তবে দেখা যাচ্ছে এর উল্টো চিত্রও। বেকার ভাতা, প্রণোদনা, রেন্ট রিলিফসহ এত অর্থ সহায়তার পর কিছু মানুষ বাড়ি ভাড়া না দিয়ে সেই অর্থ জমিয়ে অন্যত্র বাড়ি কিনছেন বলে অভিযোগ উঠছে।

অভিযোগ উঠেছে, গত বছরের ডিসেম্বরে নিউইয়র্ক রাজ্যের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো ভাড়াটিয়াদের উচ্ছেদ করা যাবে না—এমন আইনে স্বাক্ষর করার পর বাংলাদেশিসহ অনেকই বাড়িভাড়া না দিয়ে অন্য জায়গায় বাড়ি কিনছেন। মহামারি করোনাভাইরাস শুরুর পর থেকে নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডের এক ভাড়াটিয়া ২০১৯ সালের মে মাস থেকে তাঁর বাড়ির মালিককে বকেয়া প্রায় ৮০ হাজার ডলার পরিশোধ করছেন না। ওই ভাড়াটিয়া দিনের পর দিন বাড়ির মালিককে করোনার দোহাই দিয়ে বাড়িভাড়া দিচ্ছেন না। বরং ধমক দিয়ে মালিককে বাড়ি থেকে বের করে দিচ্ছেন—এমন ভিডিও গণমাধ্যমে উঠে এসেছে। এমনকি অনেকে কাজ করার পরও বাড়ি ভাড়া দিচ্ছেন না বলেও অভিযোগ উঠছে।

মাইকেল ও ইরিনা ওই বাড়িটি কেনেন ২০০৭ সালে। ইরিনা মেডিকেল স্কুলে পড়ার জন্য তার বাবার বাড়িতে চলে যান। তারপর তাদের বাড়িটি নিকোডেমাস মিলার ও কিম দেমেট্রোর দম্পতিকে মাসে ৪ হাজার ৫০০ ডলারে ভাড়া দিয়েছিলেন।

বাড়ির মালিক অভিযোগ করছেন, মিলার ও দেমেট্রো আট মাস ভাড়া পরিশোধ করেন। হঠাৎ ২০১৯ সালের মে মাস থেকে ২০২১ জানুয়ারি পর্যন্ত প্রায় দেড় বছর বাড়ি ভাড়া দিচ্ছেন না। করোনা আসার পর থেকে একের পর এক ওই ভাড়াটিয়া দম্পতি অজুহাত শোনাতে থাকেন। কিন্তু রাত হলেই ডিজে পার্টি, বন্ধুদের নিয়ে আড্ডা, এমনকি প্রতিদিন কোনো না কোনো দামি জিনিস অনলাইনে অর্ডার করছেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক।

বাড়ির মালিক অভিযোগ করেন, ‘করোনার প্রাদুর্ভাবের পর নিউইয়র্ক নগরের নিয়মকানুনের কারণে ভাড়াটিয়াদের বাড়ি থেকে উচ্ছেদ করতে পারছি না। আমি কোনো উপায় না দেখে এখন হাউজিং কোর্টে উচ্ছেদের মামলা দায়ের করেছি।’

এদিকে নিউইয়র্কের বায়তুল জান্নাহ মসজিদের ওপরের তলায় ভাড়া থাকতেন এক বাংলাদেশি ভাড়াটিয়া। করোনা শুরুর পর থেকে ওই বাংলাদেশি ভাড়াটিয়া ভাড়া না দিয়ে কয়েক দিন আগে কিছু না বলে নিউইয়র্কের আপস্টেট বাফেলোতে বাড়ি কিনে চলে যান। এরপর ওই মসজিদের দায়িত্বরত ইমাম পুলিশের দ্বারস্থ হলেও তারা জানিয়ে দেয়, এটি তাদের আইনের বাইরে।

নিউইয়র্ক নগরের হাজার হাজার বাংলাদেশিসহ অন্য জাতিগোষ্ঠীর লোকজন করোনাভাইরাসের কারণে বেকারত্বের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে বাড়ি কিনছেন বলে অভিযোগ উঠছে। সম্প্রীতি মিশিগান, বাফেলো, নিউজার্সি অনেকেই পাড়ি জমিয়েছেন।

জ্যামাইকায় বসবাস করেন রহিম মির্জা নামে এক বাংলাদেশি মার্কিন। প্রায় ১১ মাস ভাড়া না দিয়ে বেকার ভাতা জমিয়ে জানুয়ারি মাসে মিশিগানে বাড়ি কিনে চলে যান। তাঁর বিরুদ্ধ এমন অভিযোগ আরেক বাংলাদেশি মার্কিন বাড়ির মালিকের।

নিউজার্সি অঙ্গরাজ্যের বাড়ির মালিক বাংলাদেশি মার্কিন এম চৌধুরী বলেন, ‘করোনা শুরুর পর থেকে ১০ মাসের বেশি সময় ধরে বাড়ি ভাড়া পাচ্ছি না। বাড়ি ভাড়া দেওয়ার কথা বললে ভাড়াটিয়া উল্টো কাজ নেই বলে ফোন কেটে দেয় অথবা ফোন ধরে না।’

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, শুধু নিউইয়র্কে বাসাভাড়া বাবদ ১.১ বিলিয়ন ডলার বিল পরিশোধ করেননি ভাড়াটিয়ারা। সূত্র বলছে, নিউইয়র্ক নগরের ৫০ হাজার ভাড়াটিয়া জনপ্রতি ১৫ হাজার ডলার বকেয়া পরিশোধ করেননি। এ ছাড়া ১ লাখ ৭৫ হাজার ভাড়াটিয়া, যাদের মধ্যে ১৯ শতাংশ অ্যাপার্টমেন্টে বসবাস করেন, তারা করোনা শুরুর আগে থেকেই দুই মাস বকেয়া পরিশোধ করেননি।

নিউইয়র্ক নগরের ‘প্রো ল্যান্ডলর্ড কমিউনিটি হাউজিং ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম’ বলছে, একজন ভাড়াটিয়া ৬ হাজার ১০০ ডলার করে ৪ মাস থেকে ৬ মাস পর্যন্ত বাসাভাড়া পরিশোধ করছেন না।

সিএইচআইপি ডিরেক্টর জে মারটিন বলেন, সম্প্রতি করোনা রিলিফ বিলে পাশ হওয়ার পর নাগরিকেরা রেন্টাল অ্যাসিসটেন্স ১.৩ বিলিয়ন ডলার পাবে। তবে এই অর্থ পর্যাপ্ত নয়।