পেনসিলভানিয়ার হারশে চকলেট ওয়ার্ল্ড আমাদের নিউইয়র্কের বাঙালি পাড়া জ্যাকসন হাইটস থেকে মোটে ১৪৫ মাইলের পথ। গুগল সার্চ করে জানা গেল গাড়িতে এই পথ ঘণ্টা আড়াইয়ের বেশি লাগার কথা নয়।
নিউইয়র্কের সীমানা পেরিয়ে কিছুক্ষণ ড্রাইভ করার পরই দেখতে পেলাম হাইওয়েতে বড় করে একটা সাইন ‘ওয়েল কাম টু হারশে চকলেট ওয়ার্ল্ড’। মনে মনে ভাবলাম আজব দেশ একটা বটে! বিখ্যাত চকলেট কোম্পানি হারশের মূল কারখানাকে কেন্দ্র করে পেনসিলভানিয়ার হারশি কাউন্টি এখন পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকদের অন্যতম বিনোদন কেন্দ্র। কিন্তু কী আছে এই হারশি ওয়ার্ল্ডে, যা কিনা আমেরিকা তো বটেই, পৃথিবীর লাখ লাখ পর্যটককে চুম্বকের মতো আকর্ষণ করে? চলুন, ঝটপট একটা ট্যুর দিয়ে আসি এই হারশে ওয়ার্ল্ডে থেকে।
১৯৭৯ সালে হারশে চকলেট কারখানার একটা অন্যতম অংশ হিসেবে পেনসিলভানিয়ার পার্ক বুলেভার্ডে নির্মিত হয় পৃথিবীর বৃহত্তম এক চকলেট নগরী হারশিস ওয়ার্ল্ডের। এদের ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতিবছর প্রায় তিন মিলিয়ন পর্যটক এই হারশি পাড়ায় ঢুঁ মারেন শুধু চকলেট বিহারের অনন্য নেশায় বুঁদ হয়ে। সাধারণ কোকো থেকে কীভাবে বিভিন্ন রকম উপাদেয় চকলেট তৈরি হয় এর চাক্ষুষ উৎপাদনশৈলী আত্মস্থ করা যায় মাত্র ১২ মিনিটের একটা ট্রলি ট্যুর থেকে। হারশে ওয়ার্ল্ডের গেট থেকেই দেখা যায় পর্যটকদের লম্বা ভিড়। সবাই ১২ মিনিটের এই ফ্রি রাইডের জন্য যেন উন্মুখ হয়ে দাঁড়িয়ে আছে। ছোট ছোট ট্রলির মতো বিদ্যুৎচালিত গাড়ি, যার প্রতিটি বগিতে মোট ছয়জন করে বসার ব্যবস্থা রয়েছে। সেখানকার উপস্থিত গাইডরা একজন একজন উপস্থিত পর্যটকদের ট্রলিগুলোতে উঠতে সাহায্য করতে মহাব্যস্ত।
বিদ্যুৎচালিত এই ছোট বিশেষ যানটিতে যখন চড়লাম, তখন সত্যিকার অর্থেই যেন অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল। প্রথমেই মূল কারখানার ভেতর আমাদের ছোট ট্রেনের মতো যানটি ঢুকে পড়ল। চোখে পড়ল বিভিন্ন রকম কোকোয়ার বিচি, যেখান থেকে কীভাবে চকলেট তৈরি হয় তার ছবি। এর উৎপাদন-প্রক্রিয়া থেকে শুরু করে খুঁটিনাটি সব রকম তথ্য কম্পিউটারের বড় পর্দায় কারখানার দেয়ালে ভেসে আসছে। তারপর শুরু হলো কোকোর বিচি গুঁড়ো করে সেখান থেকে কীভাবে চকলেট তৈরি হয় তার একরকমের তথ্য চিত্র। আমরা সবাই অনেকটা চকলেট বিশেষজ্ঞদের মতো মুখ গম্ভীর করে খুঁটিয়ে খুঁটিয়ে সব তথ্য যাচাই-বাছাই করতে ব্যস্ত হয়ে পড়লাম। চকলেট উৎপাদন থেকে শুরু করে এর চূড়ান্ত প্যাকিং পর্যন্ত সব রকম তথ্য জানা গেল এই ১২ মিনিটের ছোট্ট ভ্রমণ থেকে।
ট্যুর থেকে বের হয়ে এবার হারশে চকলেট শোরুম ঘুরে দেখার পালা! শোরুমের ভেতর গিয়ে চোখ তো সপ্তমে ওঠার উপক্রম! বিভিন্ন সাইজের আর রঙের চকলেট জীবনে কখনো আর কোথাও দেখিনি। আর শুধুই কি দেখা! সুন্দর সুন্দর বিক্রয় প্রতিনিধিরা ট্রেতে বিভিন্ন রকম চকলেট সাজিয়ে-গুছিয়ে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছেন। আমরা খানিকটা মুচকি হেসে ট্রে থেকে পছন্দমতো চকলেট নিয়ে শোরুম দেখতে ব্যস্ত হয়ে পড়লাম। ঝাঁ-চকচকে চকলেট শোরুম দেখছি আর মনে মনে ভাবছিলাম আমার প্রিয় দেশটার কথা। আহারে, আমাদের দেশের বেশির ভাগ শিশু চকলেট তো দূরের কথা, একবেলা ভাত পর্যন্ত খেতে পারে না। হঠাৎ মন্টুদার চিত্কারে আমি যেন সুদূর বাংলাদেশ থেকে আবারও চকলেট শোরুমে ধুপ করে ছিটকে পড়লাম! ‘এই দেখ, দেখ...পাঁচ পাউন্ড ওজনের চকলেট।’ উচ্চতায় সাড়ে তিন ফুট পর্যন্ত বিভিন্ন সাইজের চকলেট ধরে ছোট-বড় সবাই তখন ছবি তুলতে ভীষণ ব্যস্ত।
এদিকে হারশির হাসিমুখে বিক্রয় প্রতিনিধিরা সবাইকে কিছুক্ষণ পরপর একটা করে ফ্রি চকলেট দিয়েই যাচ্ছেন তো দিয়েই যাচ্ছেন। মনে হলো এ যেন চকলেট ভোজের এক রাজকীয় ভোজের নেমতন্ন। দুঃখ রয়ে গেল যে আমাদের মুঘলেরা চকলেট চেখে দেখেননি। তা না হলে নির্ঘাত শুনতে হতো ‘চকলেট খেতে হবে আজ মুঘলের সাথে’। সবাই চকলেট খাচ্ছেন, চকলেটকে কোলে নিয়ে ছবি তুলছেন, চকলেট নিয়ে ডিগবাজি খাচ্ছেন...। এ কারণেই হয়তো ফরাসিরা আদর করে বলতে ভালোবাসে ‘জীবনটাই হলো চকলেটের মতো’। বেশ বোঝা গেল যে এই চকলেট-দুনিয়ায় এলে কেন প্রত্যেক মানুষই একেকটা চকলেটে পরিণত হয়ে যান!
কিন্তু শুধুই কি চকলেট নিয়ে কারবার এই হারশে চকলেট ওয়ার্ল্ডে? মোটেই না। এই চকলেট-দুনিয়ায় ছোট ছোট শিশুর জন্য রয়েছে অসাধারণ একটা হারশে পার্ক। বিভিন্ন ধরনের রাইড থেকে শুরু করে শিশুদের জন্য নানা রকম মজাদার খেলার আয়োজন রয়েছে এই পার্কে। বড়দের জন্য রয়েছে নাটক, সিনেমা, মিউজিয়াম আর অসাধারণ সব রেস্তোরাঁ। সব মিলিয়ে ছুটি কাটানোর জন্য অথবা লম্বা উইকেন্ডে পরিবারের সবাইকে নিয়ে ভ্রমণ করার জন্য হারশি ওয়ার্ল্ডের কোনো জুড়ি নেই। আহা! ঠিক একই কায়দায় বাংলাদেশে যদি একটা চকলেট-দুনিয়া হতো!