বিএনপিতে সবাই রাজা, কোন্দলই নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে ১৯ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে কেক কাটার অনুষ্ঠান হয় জ্যাকশন হাইটসের হাটবাজার পার্টি হলে। সেখানেই কেক কাটার অনুষ্ঠান শেষ হতে না-হতেই বিবাদে জড়িয়ে পড়েন নেতা ও তাঁদের সমর্থকেরা। সেই বিবাদ থেকে হাতাহাতি, মারামারি সবই হয়েছে।

ওই অনুষ্ঠানে নিউইয়র্ক বিএনপির বেশ কয়েকটি গ্রুপের নেতারা উপস্থিত হন। কিন্তু বিভেদ লুকিয়ে রাখা সম্ভব হয়নি। জ্যাকশন হাইটস আয়োজিত এই অনুষ্ঠানে গিয়াস, সম্রাট ও জিল্লুর গ্রুপের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সেখান দলের তরফ থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক শিল্পী বেবি নাজনীন উপস্থিত ছিলেন।
জ্যাকশন হাইটসে যখন এই অনুষ্ঠান হচ্ছে, তখন আধা ঘণ্টার দূরত্বে ব্রুকলিনে ৫০ গজের মধ্যে দুটি আলাদা কেক কাটার আয়োজন ছিল। একটির আয়োজক মিজানুর রহমান ভুঁইয়া, সেখানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন। আরও উপস্থিত ছিলেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শওকত আলী। গান গেয়েছেন আরেক শিল্পী রিজিয়া পারভীন। ব্রুকলিনে আরেকটি অনুষ্ঠান ছিল চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় গ্রিন হাউস রেস্তোরাঁয় ‘সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম, যুক্তরাষ্ট্র’-এর উদ্যোগে। এই অনুষ্ঠানে বেবী নাজনীন ছিলেন প্রধান অতিথি। বিশেষ অতিথি ছিলেন আশিক ইসলাম। জানা গেছে, এই অনুষ্ঠানের নেপথ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা ওরফে বাবুল।
মোস্তফা কামাল পাশা ও মিজানুর রহমান ভুঁইয়া ওরফে মিল্টন চট্টগ্রামের সন্দ্বীপের একই ইউনিয়নের বাসিন্দা। কিন্তু প্রবাসে বিএনপির রাজনীতিতে দুজনই আলাদা করে নিজেদের স্থান করে নিতে চান। একই অবস্থা জ্যাকশন হাইটস-কেন্দ্রিক কুইন্সের বিএনপির কর্মী-সমর্থকদেরও। সেখানে গিয়াস, সম্রাট ও জিল্লুর কখনো আলাদাভাবে চলেন, কখনো আবার জোট বাঁধেন। জোট বাঁধেন তখনই, যখন এহসানুল হক মিলন বা সাদেক হোসেন খোকার মনোনীত কেউ সামনে আসার চেষ্টা করেন।

যুক্তরাষ্ট্রে বিএনপির রাজনীতিতে এই খেলা চলছে অনেক বছর ধরে। একেকজন নিজেদের মতো করে একেকটি কমিটি করে পকেটে ঢুকিয়ে রেখেছেন। আর এ কারণেই প্রবাসেও বিবাদ নিত্য বিষয়ে পরিণত হয়েছে। এই সমস্যা স্বীকার করে নিয়ে গিয়াস আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনা সত্যি। কেননা, এখানে আমাদের কর্মীর চেয়ে নেতা বেশি।’
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে নিউইয়র্কের কার বেশি যোগাযোগ, সেটা নিয়ে কারও পরিষ্কার ধারণা নেই। বলা হয়, লন্ডন থেকে তারেক রহমান একটি গ্রুপের সঙ্গে যোগাযোগ করলেই তিনি বেরিয়ে পড়েন নিজের নামে কমিটি করার জন্য। অন্যদিকে, ঢাকায় যাঁরা বিএনপির নেতৃত্ব দেন, তাঁদের প্রতিনিধি হিসেবে এখানে অবস্থানরত সাদেক হোসেন খোকা কিংবা এহসানুল হক মিলনের আশপাশে থেকে নিজেদের বিএনপি কমিটির ভাবতে থাকে আরেক গ্রুপ। আবার কোনো পক্ষকে যাঁরা কাছে পান না, তাঁরা নিদেনপক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিল্পী বেবি নাজনীনকে সামনে নিয়ে আলাদা অনুষ্ঠান করেন। এভাবে বহুধাবিভক্ত বিএনপি নিকট অতীতে কখনোই এক ছাদের নিচে বসতে পারেনি। এই অবস্থার সঠিক উত্তর নেই কারও কাছে। এ প্রসঙ্গে বেবী নাজনীন বলেন, ‘আসলে বিএনপির দেশে যা অবস্থা, এখানেও একই অবস্থা।’ বিভিন্ন গ্রুপের অনুষ্ঠানে কেন যান—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো জানি-ই না কোনটা অনুমোদিত কোনটা অনুমোদিত নয়! একজন শিল্পী হিসেবে আমাকে যাঁরাই ডাকেন, আমি সেখানে যাই। এখানে বিএনপির কোনো মা-বাবা নেই। আমি যেহেতু বিএনপিকে ভালোবাসি, তাই যখন মানুষ সংগঠিত হয়ে আমাকে ডাকে, আমি যাই কেবল তাদের উৎসাহ দিতে। ওরা সবাই বিএনপির কর্মী, শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমি তাদের বঞ্চিত করতে পারি না।’
বিএনপির বর্তমান অবস্থা থেকে উত্তরণ প্রসঙ্গে বেবী নাজনীন ও গিয়াস আহমেদ বলেন, ‘আসলে আমাদের একটি সম্মেলন দরকার এবং যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দরকার। যেহেতু কেন্দ্রীয় কোনো কমিটি নেই অনেক বছর ধরে, তাই যার যার মতো করে, অনুষ্ঠান করছে, কেউ কাউকে মানতে চাইছে না।’
যুক্তরাষ্ট্র বিএনপির সর্বশেষ কমিটি যেটা ২০১১ সালে ভেঙে দেওয়া হয়, তার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন আবদুল লতিফ আর জিল্লুর রহমান। তারেক রহমানের কথা বলে এই কমিটি বাতিল করেছিলেন বলে জানিয়েছিলেন এহসানুল হক মিলন। তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিএনপিকে সংগঠিত করতে যুক্তরাষ্ট্র বিএনপি বলে একক ধারণার বাইরে, আলাদা আলাদা স্টেট বিএনপির কমিটি গঠন করতে দুই বছর আগে মাঠে নামেন এহসানুল হক। নিউইয়র্কের বাইরে মিশিগান, বোস্টন, পেনসিলভেনিয়া, জর্জিয়া, ওয়াশিংটন, শিকাগো—এই ছয়টি স্টেটে যখন কমিটি গঠন করেন, তখনই তাঁর বিরুদ্ধে প্রচার শুরু হয়ে যায়। তাঁকে নিউইয়র্কে বিএনপির কর্মকাণ্ডে অবাঞ্চিত ঘোষণা করেন গিয়াস-জিল্লুর-লতিফ-বাবুল প্রমুখ।
এ বিষয়ে এহসানুল হক মিলন বলেন, ‘যেভাবে দল চলছে, তার একটা বিহিত হওয়া দরকার। এটা একটা খোয়াড়ে পরিণত হয়েছে। যে যেভাবে চাইছে, সেভাবে দলকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলছে। কোনো নিয়ন্ত্রণ নেই কেন্দ্রের। কিন্তু একটা সিস্টেমের মধ্যে তো আসতে হবে। কাউকে না কাউকে তো মানতে হবে। একটা নিয়মতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিকভাবে ভোটাভুটি করে, এখানে বহুবিভক্ত বিএনপিকে এক পতাকাতলে আনতে হবে।’