বিকল্প প্রস্তাবে সরকারের সিদ্ধান্ত বদলাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি প্রশ্নে বিকল্প প্রস্তাব তুলে ধরা গেলে এ বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান সিদ্ধান্তে বদল আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১৭ জুন নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্কের (বেন) এনার্জি প্যানেলের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় এই মত আসে।

নিনি ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার শুরুতে বেনের এনার্জি প্যানেলের বিকল্প জ্বালানি কৌশল প্রণয়ন উদ্যোগের পটভূমি বর্ণনা করা হয়। পটভূমি বর্ণনা করেন বেনের বিশ্ব-সমন্বয়কারী ড. নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, জ্বালানি প্রশ্নে বাংলাদেশ সরকারকে তাদের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে যেতে দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে বিকল্প প্রস্তাব তুলে ধরা গেলে পরিস্থিতির বদল ঘটতে পারে।

একটি নমুনা হিসেবে সম্প্রতি জ্বালানি সচিবের বক্তব্য উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ঘোষিত বিদ্যুৎ উৎপাদন নীতি অনুসারে শতকরা ৫০ ভাগ কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করার কথা। কিন্তু জ্বালানি সচিব বলেছেন, ৫০ ভাগের স্থলে ৩০ ভাগ কয়লা থেকে উৎপাদন করা হবে।

নজরুল ইসলাম বলেন, যদিও এটি তাঁর (জ্বালানি সচিব) মৌখিক ঘোষণা। তবু আমাদের মনে হয়, বিকল্প প্রস্তাব থাকলে সরকার তাদের সিদ্ধান্ত বদলাতে পারে। এতে বিদ্যুৎ নিয়ে যে আন্দোলন হবে, তাও গতি পাবে। অন্য বিকল্প জানা থাকলে জনসাধারণও সরকারকে চাপ দিতে পারবে। এই প্রেক্ষাপটে বেনের এনার্জি প্যানেল একটি খসড়া প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে।

প্রাথমিক খসড়াটি প্রণয়ন করেছেন জ্বালানি বিজ্ঞানী ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের গবেষক ড. আহমেদ বদরুজ্জামান। ধারণাপত্রটি সম্পর্কে অনুষ্ঠানে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লকহ্যাভেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও পদার্থবিজ্ঞানের অধ্যাপক খালেকুজ্জামান মতিন।

বিকল্প জ্বালানি পরিকল্পনা নীতির যে প্রাথমিক খসড়াটি আহমেদ বদরুজ্জামান রচনা করেছেন, তার নানা দিক নিজের বিশ্লেষণসহ তুলে ধরেন অধ্যাপক মতিন। বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কম ব্যয়বহুল বলে যে ধারণা দেওয়া হচ্ছে, তা যে ঠিক নয় তার দৃষ্টান্ত হিসেবে তিনি চীন ও ভারতের কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র থেকে সরে আসার দৃষ্টান্ত দেন।

অধ্যাপক মতিন বলেন, ধারণাপত্রটিতে যেসব বিকল্প তুলে ধরা হয়েছে, সেগুলো বাংলাদেশ সরকার-ঘোষিত ব্যয়ের তুলনায় অনেক কম ব্যয়বহুল, তুলনামূলকভাবে পরিবেশবান্ধব, নবায়নযোগ্য উপকরণ ব্যবহারের উপযুক্ত ও বাংলাদেশের জন্য বাস্তবসম্মত।

অধ্যাপক মতিন জানান, ধারণাপত্রটি প্রাথমিক। অন্যান্য বিশেষজ্ঞরা এই ধারণাপত্রটির ওপর ভিত্তি করে আরও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রস্তাবগুলো চূড়ান্ত রূপ দেবেন।

সভায় অংশ নেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, সরকার থেকে বলা হয়, তেল-গ্যাস-সম্পদ রক্ষার নামে জাতীয় কমিটি কেবল বিরোধিতাই করে। কথাটা ঠিক নয়, বিভিন্ন সময় অনেকগুলো বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। শিগগিরই আন্তর্জাতিক পরিসরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশি গবেষকদের প্রণয়ন করা একটি সামগ্রিক পরিকল্পনা সরকারের ঘোষিত বিদ্যুৎ উৎপাদন নীতির বিকল্প হিসেবে জনসাধারণের সামনে উপস্থাপন করা হবে।

আনু মুহাম্মদ তাঁর বক্তব্যে বিকল্প প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি দৃষ্টান্ত দেন যে, কানাডা ও আমেরিকা কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলো একে একে বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দিচ্ছে ব্রাজিলের মতো দেশও। পারমাণবিক প্রকল্পকে বেশি গুরুত্ব দেওয়া কেন ঠিক হবে না, তার কারণগুলো বিভিন্ন দেশের বাস্তব দৃষ্টান্ত ও বিশেষজ্ঞদের মতামতের সূত্রে তুলে ধরেন তিনি।

পারমাণবিক শক্তির বিদ্যুৎ প্রকল্পের চেয়ে পারমাণবিক সম্ভাব্যতা নিয়ে বৈজ্ঞানিক সামর্থ্য বৃদ্ধির স্বার্থে গবেষণা চালানোর দিকে বেশি জোর দেন আনু মুহাম্মদ। তাঁর বক্তব্যে সৌরশক্তির ব্যবহারের সম্ভাব্যতা গুরুত্ব পায়। তিনি জানান, তাঁরা এমনভাবে পরিকল্পনা করছেন, যা হবে সরকারের পরিকল্পনার তুলনায় অনেক বেশি পরিবেশসম্মত, কম ব্যয়বহুল, নিরাপদ ও ঋণনির্ভরতা মুক্ত।

সভায় সভাপতির বক্তব্যে নিনি ওয়াহেদ বলেন, বেন ও জাতীয় কমিটি আলাদা আলাদাভাবে বিকল্প সন্ধান করলেও প্রস্তাবগুলো অনেকটা কাছাকাছি। বাংলাদেশ সরকার বিকল্পগুলো নিয়ে ভাবলে, তা দেশ ও বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেরদৌস নাজমী, রাজিয়া নাজমী, খুরশেদুল ইসলাম, অভিনয়শিল্পী শিরীন বকুল প্রমুখ।

আনু মুহাম্মদ নিউইয়র্কে আসার আগে কানাডা সফর করেন। কানাডার টরন্টোতে সুন্দরবন নিয়ে ‘গ্লোবাল প্রটেস্ট’-এর অংশ হিসেবে ‘বাংলাদেশ-কানাডা সলিডারিটি’ আয়োজিত প্রতিবাদী অনুষ্ঠানে অংশ নেন তিনি। ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেনেবল ডেভেলপমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড’ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সুন্দরবন পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন আনু মুহাম্মদ। সুন্দরবন নিয়ে উপস্থিত শ্রোতাদের অনেক প্রশ্নের জবাব দেন তিনি। আনু মুহাম্মদ বলেন, সুন্দরবন কেবল বাংলাদেশের ইস্যু নয়, সারা বিশ্বের জন্যই একটা বড় ইস্যু।