বিক্ষোভ, বর্জনে আজ অভিষেক

পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার মধ্যে আজ শুক্রবার ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। এই আয়োজন আড়ম্বরপূর্ণ করতে নেওয়া হচ্ছে নানা আয়োজন। উদ্যাপন করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে জড়ো হচ্ছেন ট্রাম্পের সমর্থকেরা। প্রতিবাদ-বিক্ষোভ করতে মাঠে থাকছেন ট্রাম্পবিরোধীরাও। রাজনীতিক ও বিভিন্ন ক্ষেত্রের তারকাসহ অনেক বিশিষ্টজন বর্জনের ঘোষণা দেওয়ায় এবারের মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ওয়াশিংটন পুলিশের একটি সূত্র বলেছে, ট্রাম্পের অভিষেকে আট থেকে নয় লাখ লোক অংশ নিতে পারেন। এই সংখ্যা বারাক ওবামার প্রথমবারের অভিষেকে অংশগ্রহণকারীদের অর্ধেক। এই নয় লাখের মধ্যে আবার সবাই ট্রাম্প-সমর্থক নন। প্রায় তিন লাখ বিক্ষোভকারী জড়ো হবেন রাজধানীতে।
এদিকে অভিষেক অনুষ্ঠান বর্জনকারীদের তালিকা দীর্ঘ হচ্ছে। অভিষেক বর্জন করতে যাওয়া ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতার সংখ্যা ৫০ জনের বেশি। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ সদস্য এবং নাগরিক অধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা জন লুইস ও অন্যদের নিয়ে ট্রাম্পের ‘আক্রমণাত্মক মন্তব্যের’ প্রতিবাদেই প্রতিনিধি পরিষদের ওই ডেমোক্র্যাট সদস্যরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। থাকছেন না হলিউডের সেরা তারকারাও।
তবে অনুপস্থিতির এই দীর্ঘ তালিকা নিয়ে মোটেও বিচলিত নন ট্রাম্প। বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু লোক অভিষেক অনুষ্ঠানে না এলে কোনো সমস্যা নেই। কারণ, আমাদের ফাঁকা আসনের প্রয়োজন। সেগুলোতে অন্যদের বসতে দেওয়া যাবে।’
তারকাদের হাজির না হওয়া নিয়েও উদ্বিগ্ন নন ট্রাম্প। বলেছেন, ‘তারকাদের প্রয়োজন নেই আমার। আমি চাই জনগণ।’
অভিষেকে বেশিসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে উঠে-পড়ে লেগেছে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরের অন্তর্বর্তীকালীন দল। সামাজিক গণমাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। ওয়াশিংটনকে রীতিমতো দুর্গে পরিণত করা হয়েছে। মোতায়েন থাকবে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ২৮ হাজার সদস্য। ওয়াশিংটনের কেন্দ্রস্থলে নিরাপত্তা বেড়া ও বালুভর্তি ট্রাক রাখা হবে।

আট বছর আগে বারাক ওবামার অভিষেক নিয়ে যতটা সাড়া পড়েছিল, এবারের অবস্থা তার ধারেকাছেও নেই। ওয়াশিংটনের পর্যটন কর্তৃপক্ষের পরিচালক ইলিয়ট ফার্গুসন বলেন, ওবামার সময়ে যে ধরনের উৎসাহ-উদ্দীপনা কিংবা হোটেলগুলোতে যে ধরনের চাহিদা ছিল, এবার পরিস্থিতি তেমন নয়।
মনে করা হচ্ছে, অভিষেকের দিন ট্রাম্পবিরোধী বিক্ষোভের হিড়িক পড়ে যেতে পারে। ৩০টি সংগঠন জানিয়েছে, তারা ২ লাখ ৭০ হাজার বিক্ষোভকারী জড়ো করবে। সবচেয়ে বড় বিক্ষোভের আয়োজন অবশ্য করা হয়েছে শনিবার। ওই দিন আড়াই লাখ নারী ওয়াশিংটনে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার কথা ছিল শহরের মেয়র বিল ডি ব্লাজিও, বিশিষ্ট চলচ্চিত্রনির্মাতা মাইকেল মুর এবং অভিনেতা অ্যালেক বল্ডউইনের।
ওয়াশিংটনের পুলিশপ্রধান পিটার নিউজহ্যাম বলেছেন, তাঁরা গণগ্রেপ্তারের জন্য প্রস্তুত রয়েছেন। অবশ্য সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে না বলে কর্তৃপক্ষ আশাবাদী।
তবে নিজের অভিষেকে কোনো কমতি রাখতে চান না ডোনাল্ড ট্রাম্প। ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন! ওয়েলকাম সেলিব্রেশন’ শীর্ষক কনসার্টের আয়োজন রেখেছেন। আজ সকালে ট্রাম্প ও মেলানিয়াকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন বারাক ওবামা ও মিশেল ওবামা। দুই দম্পতি মোটর শোভাযাত্রায় কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে যাবেন। শপথ অনুষ্ঠান শেষে ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসের পথে প্রায় আড়াই কিলোমিটার শোভাযাত্রায় অংশ নেবেন ট্রাম্প দম্পতি।