বিক্ষোভের পর ট্রাম্প সমর্থকের বক্তৃতা বাতিল
যুক্তরাষ্ট্রের বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে গত বুধবার ব্রেইটবার্ট নিউজের কট্টর ডানপন্থী সম্পাদক মাইলো ইয়ানোপুলোস বক্তব্য দিতে পারেননি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় মিথ্যা খবরের জন্য সমালোচিত ব্রেইটবার্ট নিউজের সম্পাদক মাইলো ইয়ানোপুলোসের একটি ছাত্র সংগঠনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল। কিন্তু হাজারো বিক্ষোভকারী অনুষ্ঠানস্থলে গিয়ে ভবনের জানালা ভেঙে জেনারেটরে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। ইয়ানোপুলোস অনুষ্ঠানে যোগদানের কর্মসূচি বাতিল করতে বাধ্য হন।
পুলিশ বাধা দিতে চাইলে বিক্ষোভকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করে। বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় একটি উদারপন্থী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। ট্রাম্পের প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন একসময় ব্রেইটবার্ট নিউজের প্রধান ছিলেন। সিএনএন লিখেছে, বুধবারের বিক্ষোভে অনেকে ট্রাম্পবিরোধী স্লোগানও দিয়েছে।