বিক্ষোভ ও তথ্য ফাঁসের পেছনে ওবামা: ট্রাম্প
রিপাবলিকানদের বিরুদ্ধে বিক্ষোভ এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের পেছনে সদ্যবিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।
ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট বারাক ওবামা এর পেছনে রয়েছেন। কারণ, নিশ্চিতভাবেই তাঁর সমর্থক লোকজনই এসব কাজ করছে। আমি এটাও মনে করি, এটা শুধু রাজনীতি।’ অন্য অনেক অদ্ভুত অভিযোগের মতো এ অভিযোগের পক্ষেও কোনো যুক্তি-প্রমাণ উপস্থাপন করতে পারেননি ট্রাম্প। ট্রাম্পের এ অভিযোগের ব্যাপারে বারাক ওবামা কোনো মন্তব্য করেননি।
ট্রাম্প এ সময় বাজেট পরিকল্পনা এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন।
বিভিন্ন বিষয় নিয়ে ফক্স অ্যান্ড ফ্রেন্ডস নামের ওই অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প নিজের এক মাসের প্রেসিডেন্ট মেয়াদে অর্জন হিসেবে ‘এ’ গ্রেড দিয়েছেন। কিন্তু নিজের চেষ্টার জন্য নম্বর দিয়েছেন ‘এ প্লাস’। বড় বড় গণমাধ্যমকে ভুয়া আখ্যায়িত করা ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে সাংবাদিকদের নৈশভোজে যোগ দেওয়া হবে ‘ভণ্ডামির’ সমতুল্য।