বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দিলেন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে বিক্ষোভকারীদের ওপর যে জায়গায় গাড়ি তুলে দেওয়া হয়েছে, সেখানে পুলিশের উপস্থিতি। নিউইয়র্কের ম্যানহাটনের থার্ড অ্যাভিনিউয়ে ১১ ডিসেম্বর
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভকারীদের ওপর গাড়ি তুলে দিয়েছেন এক নারী। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটনে স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেল চারটায় ঘটনাটি ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অভিবাসন ও শুল্ক কর্তৃপক্ষের হাতে আটক কয়েকজন ব্যক্তির পক্ষে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। আটক ওই ব্যক্তিরা এক মাস ধরে অনশন করছেন।

অনশনকারীদের সমর্থনে শুক্রবার বিকেলে নিউইয়র্কের টাইম স্কয়ার থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি থার্ড অ্যাভিনিউয়ের দিকে অগ্রসর হওয়ার সময় কালো রঙের একটি গাড়ি বেপরোয়া গতিতে বিক্ষোভকারীদের ধাক্কা দেয়।

গাড়িটি চালাচ্ছিলেন ৫২ বছর বয়সী এক নারী। গাড়িতে ২৯ বছর বয়সী একজন যাত্রীও ছিলেন। তাঁদের দুজনকে আটক করেছে পুলিশ। ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হবে, তা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, গাড়ির চালক হঠাৎ করেই গতি বাড়িয়ে দেন। বিক্ষোভকারীদের ধাক্কা দেওয়ার পর তিনি কয়েকজন পথচারীদেরও ধাক্কা দেন।

নিউইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী সোফিয়া ভিকারম্যান বলেন, গাড়িটি বেপরোয়া গতিতে মিছিলকারীদর ওপর চড়াও হওয়ার পর ধাক্কা খাওয়া মানুষগুলো আর সড়কের পাশ দিয়ে যাওয়া বাইসাইকেলগুলো যেন হাওয়ায় ভাসছিল।

পুলিশ জানিয়েছে, আহত ছয়জনকে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কারও আঘাতই গুরুতর নয়। গাড়ির চালক ও আরোহীকে আটক করা হয়েছে।