বিচারক সংকটে ঝুলে আছে লাখো অভিবাসন মামলা
যুক্তরাষ্ট্রের সীমান্ত দিয়ে অভিবাসীদের আগমন আগের চেয়ে বেড়েছে। এতে হিমশিম খেতে হচ্ছে অভিবাসন কর্মকর্তাদের। আর অভিবাসন মামলার স্তূপ জমে যাচ্ছে। কিন্তু স্বাধীন সিদ্ধান্ত নিতে না পারা এবং বিচারক ও কর্মী সংকটের কারণে আদালতে অভিবাসন মামলার এই স্তূপ সামাল দিতে পারছেন না অভিবাসন বিভাগের বিচারকেরা। এ কারণে আরও বিচারক ও কর্মী নিয়োগসহ স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছেন অভিবাসন বিচারকেরা।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরে যুক্তরাষ্ট্রের অভিবাসন কঠিন হয়ে উঠেছিল। অভিবাসন আইনের কোনো পরিবর্তন করতে ব্যর্থ হলেও নানা প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে অভিবাসনের দেশ যুক্তরাষ্ট্র অভিবাসীদের জন্য ভীতিকর দেশ হিসেবে পরিচিত হয়ে উঠেছিল।
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে একটি মানবিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দেন। অভিবাসীদের প্রতি মানবিক হওয়ার প্রশাসনিক নির্দেশনাও দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুবাতাস বইতে শুরু করেছে এমন বার্তা পেয়েই দক্ষিণের সীমান্ত দিয়ে জনপ্রবাহ বেড়ে গেছে। প্রেসিডেন্ট বাইডেনও এখন পর্যন্ত অভিবাসন নিয়ে কোনো নতুন আইন প্রণয়নে সক্ষম হননি।
এরপরও লোকজনের আগমন অব্যাহত রয়েছে। দক্ষিণ আমেরিকার নানা দেশসহ এশিয়া, আফ্রিকা এবং অন্যান্য অঞ্চল থেকেও লোকজনের ব্যাপক আগমন ঘটছে। এমনকি একটি সংঘবদ্ধ দালাল চক্র বাংলাদেশ থেকেও এ বিপদসংকুল পথে লোকজনকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাচ্ছে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের অভিবাসন অফিসগুলোর তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, শুধু গত মে মাসেই দক্ষিণের সীমান্ত দিয়ে এক লাখ ৮০ হাজার মানুষের আগমন ঘটেছে।
অভিবাসনের এ প্রবাহ সামাল দেওয়ার জন্য প্রতিটি আশ্রয় আবেদন নিয়ে অভিবাসন আদালতকে সিদ্ধান্ত নিতে হয়। অভিবাসন বিচারকদের সিদ্ধান্ত দিতে হয়, কারা প্রবেশ করবেন বা আবেদনকারীর শুনানি কবে হবে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত অন্যান্য আদালত থেকে ভিন্ন। সাধারণ বিচারকেরা সাংবিধানিক প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন। মার্কিন বিচার বিভাগের অধীনে বিচারকেরা তাঁদের সিদ্ধান্তের জন্য কোনো প্রশাসনিক চাপে থাকেন না বা প্রশাসনিক জবাবদিহিও তাঁদের নেই।
কিন্তু অভিবাসন বিচারকেরা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া। এসব বিচারকদের ওপর প্রশাসনিক নির্দেশনা থাকে, চাপ থাকে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় চাপ ছিল দ্রুততার সঙ্গে লোকজনের আবেদন বাতিল করে বিতাড়নের নির্দেশ প্রদান করা। এ নিয়ে অভিবাসন বিচারকেরা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছিলেন তাঁদের ইউনিয়নের মাধ্যমে। ট্রাম্প প্রশাসন কর্তৃক অভিবাসন বিচারকদের ইউনিয়নকে সব সময় অবজ্ঞা করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতে প্রায় ৫০০ বিচারক রয়েছেন। এসব অভিবাসন বিচারকেরা সব দেশের অভিবাসন আদালত পরিচালনা করে থাকেন। এখন প্রতি মাসে সীমান্ত দিয়ে যে জনপ্রবাহ শুরু হয়েছে, তা দ্রুততার সঙ্গে দেখার জন্য প্রশাসনের চাপ রয়েছে। বাইডেন প্রশাসনের অধীনে আরও ১০০ অভিবাসন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও এসব নিয়োগ সময় সাপেক্ষ ব্যাপার।
অভিবাসন বিচারক দানা লেই মার্কস বলেন, আদালতের অবস্থা এখন খুবই নাজুক। অভিবাসনের জরুরি মামলা রেখে তাঁদের নিত্যদিনের মামলাও এখন দেখতে হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, যেন খুনের মামলা রেখে আদালতকে ট্রাফিক আইন লঙ্ঘনের মামলাকে অগ্রাধিকার দিতে হচ্ছে।
প্রেসিডেন্ট জো বাইডেন গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের সময় যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতে ১৩ লাখের বেশি মামলার স্তূপ ছিল। সেই স্তূপ এখন পাহাড়ে পরিণত হচ্ছে। বিচারকেরা এত আবেদন সামাল দিতে পারছেন না। শুধু অভিবাসন বিচারকই নয়, আদালতের জন্য অন্যান্য সাপোর্ট কর্মীদেরও এখন সংকট চরমে।
অভিবাসন বিচারক আমেনা খান বলেছেন, আমরা জীবন বাজী রেখে লড়াই চালিয়ে যাচ্ছি। নিজেদের পেশাগত স্বাধীনতা এবং বিচারক হিসেবে নিজেদের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন এ অভিবাসন বিচারক।
‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস’-এর মুখপাত্র আমেনা খান জানান, প্রত্যেক আবেদনকারীকে পর্যাপ্ত সময় প্রদান না করলে সুবিচার নিশ্চিত হবে না। সীমান্ত পাড়ি দেওয়া অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সম্পর্কে তেমন কিছু জানেন না। এমন লোকজনকে একজন আইনজীবী নিয়োগের সুযোগ দিতে হবে। আইনজীবী ছাড়া অভিবাসন আদালত মোকাবিলা করলে অধিকাংশ আশ্রয় আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান হওয়ার আশঙ্কাই বেশি বলে তিনি মনে করেন।
প্রশাসনের চাপ রয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার—বিচারকেরা এমন চাপে পড়ে নিজের বিচারিক বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না। অভিবাসীদের জন্য সময় প্রদান করতে হচ্ছে। এ কারণে হাজারো আবেদন বিচারকদের টেবিলে সিদ্ধান্তের অপেক্ষায় পড়ে আছে।
শুধু সীমান্ত দিয়ে আসা লোকজনের অভিবাসন মামলাই নয় এসব বিচারকদের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অভিবাসন মামলাগুলোর জমে ওঠা নথিপত্র নিয়েও সিদ্ধান্ত দিতে হচ্ছে। আদালতের নিয়মিত প্রক্রিয়ায় এসব সিদ্ধান্ত প্রদান এখন অনেকটাই কঠিন হয়ে উঠেছে বিচারক ও লোকবলের সংকটের কারণে।
শিরিল হাসান নামের একজন অভিবাসী বলেন, তিনি দক্ষিণের সীমান্ত দিয়ে দেড় বছর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। সময়ের মধ্যে আশ্রয়ের আবেদন জানালেও এখনো শুনানির দিন ধার্য হয়নি। এমন অবস্থায় তাঁর কাজের কোনো অনুমতি নেই। ঝুলে থাকা অভিবাসন আবেদনের সুরাহা নিয়ে অধীর অপেক্ষায় দিন কাটছে এ অভিবাসীর।
শিরিল বলেন, প্রতিদিন পোস্টম্যানের অপেক্ষায় থাকেন, কবে চিঠি আসবে, কবে মামলার শুনানি হবে এ তথ্যটি জানার জন্য।
শিরিল হাসানের আইনজীবী জানিয়েছেন, অভিবাসন নিয়ে আগেও যেমন রাজনীতি হয়েছে, তেমনি এখনো তেমন হচ্ছে। কার্যকর আইনগত ও প্রশাসনিক সিদ্ধান্তের অভাবে অভিবাসনের দেশ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ক্রমাগত নাজুক পরিস্থিতির মধ্য দিয়েই যেতে হচ্ছে।
এদিকে অভিবাসন বিচারক দানা লেই মার্কস, আমেনা খানসহ চারজন বিচারক নিজেদের স্বতন্ত্র অবস্থান আইনসিদ্ধ করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, প্রশাসনিক নিয়ন্ত্রণের বাইরে অভিবাসন আদালত প্রতিষ্ঠা করতে হবে।
দানা লেই মার্কস বলেন, আমরা বিচারের নামে প্রশাসনিক আইনের বাস্তবায়নের জন্য পুলিশের মতো ব্যবহৃত হতে পারি না। কংগ্রেসে অভিবাসন বিচারক নিয়োগ সংক্রান্ত আইনে স্বাধীন এবং ন্যায়সংগত বিচার নিশ্চিত করার জন্যই বলা হয়েছে।