বিচারবহির্ভূত হত্যা বাংলাদেশের প্রধান মানবাধিকার সমস্যা: যুক্তরাষ্ট্র
বিচারবহির্ভূত হত্যা ও গুম বাংলাদেশের অন্যতম প্রধান মানবাধিকার সমস্যা। এ ছাড়া সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ, অনলাইনে মত প্রকাশের সীমাবদ্ধতাসহ দুর্বল শ্রম অধিকার এবং নিম্নমানের কর্ম পরিবেশকেও বাংলাদেশের মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।
গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ২০১৪ সালের এই মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেন। এবারের মার্কিন মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং গতিশীল নাগরিকদের দেশ হিসেবে উল্লেখ করে মানবাধিকারের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে।
জন কেরি বলেন, যখন কোনো দেশের নাগরিকেরা তাঁদের প্রাপ্য অধিকার ও স্বাধীনতা পরিপূর্ণভাবে ভোগ করতে পারে, তখনই দেশটি ভালো থাকে। সন্ত্রাসবাদ এবং সংঘাত-সহিংসতা বর্তমান বিশ্বে মানবাধিকারের জন্য প্রধান হুমকি বলে মন্তব্য করেন তিনি।
মানবাধিকার প্রতিবেদনে গত সংসদীয় নির্বাচন, নির্বাচন বর্জন এবং পরবর্তী রাজনৈতিক কর্মসূচিতে সহিংসতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালের সংসদ নির্বাচন নিয়ে অধিকাংশ আন্তর্জাতিক পরিদর্শকের সমালোচনার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া ২০১৪ সালে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম, সংবাদপত্র এবং সাংবাদিকদের ওপর হামলার বিবরণ, ইন্টারনেটে মত প্রকাশের ওপর নিয়ন্ত্রণ আরোপসহ সভা-সমাবেশে বাধা প্রদান, সরকারের দুর্নীতি ও অস্বচ্ছতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবাধিকার প্রতিবেদন প্রকাশের সময় প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী টম ম্যালিনাস্কি। তিনি বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সব মহলের সঙ্গে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। রাজনৈতিক অচলাবস্থা দূর করার জন্য রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের প্রতি যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছে এবং রাজনৈতিক সহিংসতার মাধ্যমে জনজীবনকে বিপর্যস্ত করার ব্যাপারে যুক্তরাষ্ট্র শক্তভাবে প্রতিবাদ জানিয়েছে।
মার্কিন কংগ্রেসে প্রণীত আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার প্রতিবছর সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে সরকারের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিবরণ দেওয়া হয়।