বিচ্ছিন্নতার পথে নামবেন না, দেয়াল বানাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিখায়েল ম্যুলার
মিখায়েল ম্যুলার

জার্মানির ঐতিহাসিক বার্লিন শহরের মেয়র মিখায়েল ম্যুলার মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে ‘বিচ্ছিন্নতার পথে না যেতে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো ভূখণ্ডে দেয়াল তোলায় যে বিভক্তির সৃষ্টি হয়, তা ‘দাসত্ব ও যন্ত্রণার’ কারণ হয়ে দাঁড়ায়; লাখ লাখ মানুষের জীবন ধ্বংস হয়ে যায়।
ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে বার্লিন শহরের মেয়র গত শুক্রবার ওই কথা বলেন। এক বিবৃতিতে এ অভিমত দিয়ে তিনি উল্লেখ করেন, দেয়াল থাকা অবস্থায় বার্লিনের দুই অংশের মানুষকে সীমাহীন দুঃখ-কষ্টের মুখে পড়তে হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরিপ্রেক্ষিতে দেশটিকে রুশ-মার্কিন প্রভাব বলয়ের ভিত্তিতে বিভক্ত করা হয়। এর আওতায় ১৯৬১ সালে দেয়াল তুলে বার্লিন শহরকে দুই ভাগ করে ফেলা হয়। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রাক্কালে ১৯৮৯ সালে ভেঙে ফেলা হয় পূর্ব-পশ্চিম বিভেদের প্রতীক হয়ে ওঠা বার্লিন দেয়াল। এই দেয়াল পূর্ব ও পশ্চিমের মধ্যে সৃষ্টি করেছিল আয়রন কার্টেইন বা লৌহ যবনিকা। সেই বিভেদের ভোগান্তির কথা উল্লেখ করে ম্যুলার বলেন, ‘আমরা বার্লিনবাসী ভালো করে জানি, গোটা ভূখণ্ড বিভক্ত করে ফেলার পর কী দুর্দশা নেমে এসেছিল।...একটি দেশকে নতুন একটি দেয়াল তুলতে দেখে বার্লিন শহর চুপ করে দেখে যেতে পারে না।’
বার্লিনের মেয়র মিখায়েল ম্যুলার বলেন, তাঁরা দীর্ঘদিন যে যন্ত্রণা ভোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মানুষ সেই একই যন্ত্রণা পাক সেটা তাঁরা কোনোভাবেই চান না।