বিজনেস ট্যাক্স ফাইলিং ব্যবসার ধরনের ওপর নির্ভরশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণত চার রকম ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজনেস ট্যাক্স রিটার্ন ফাইলিং করতে হয়। প্রতিটি ব্যবসার ধরনের জন্য ট্যাক্স ফাইলিংয়ের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আমেরিকায় বিজনেস ট্যাক্স ফাইলিংয়ের ক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে চার ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে সোল প্রোপ্রিয়েটরশিপ, পার্টনারশিপ, করপোরেশন ও কোম্পানি।

সোল প্রোপ্রিয়েটরশিপ
আপনি যদি কোনো আনইনকরপোরেটেড বিজনেসের মালিক হন, তবে আপনি একজন সোল প্রোপ্রিয়েটর। সোল প্রোপ্রিয়েটরশিপ বিজনেসের জন্য কোনো আলাদা ফরমে বিজনেস ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। আপনার ব্যক্তিগত ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য যে ১০৪০ ফরম ব্যবহার করবেন, সেখানেই শিডিউল সি-তে আপনার সোল প্রোপ্রিয়েটরশিপ বিজনেসের লাভ-লোকসান রিপোর্ট করে তার আলোকে শিডিউল এসই-তে সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স নির্ধারণ করতে হবে।

পার্টনারশিপ
ব্যবসার দায়-দেনা অংশীদাররা কে কতটা বহন করবে, তার ওপর ভিত্তি করে পার্টনারশিপ ব্যবসা দু ধরনের হয়; লিমিটেড পার্টনারশিপ ও লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। এ ক্ষেত্রে বিজনেস ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য ফরম ১০৬৫ ব্যবহার করতে হয়। এই ফাইলিংকে ট্যাক্স রিটার্ন নয়, বরং ইনফরমেশন রিটার্ন বলা হয়। কারণ, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠান নিজে কোনো কর দেয় না। সোল প্রোপ্রিয়েটরশিপের মতোই এর কোনো পৃথক কোনো ট্যাক্স এনটিটি নেই। নিজের যাবতীয় লাভ-লোকসান শিডিউল কে-১ ফরমের মাধ্যমে অংশীদারদের মধ্যে বিভাজন করে দেওয়া হয়। তারপর প্রত্যেক অংশীদার তাঁর অংশের লাভ-লোকসান ব্যক্তিগত ট্যাক্স রিটার্নের ফরম ১০৪০-এ শিডিউল ই-এর মাধ্যমে অন্তর্ভুক্ত করে নেয়।

আইএনসি বা করপোরেশন
আইএনসি বা করপোরেশন হলো একটি সেপারেট ট্যাক্স এনটিটি। একটি করপোরেশন প্রতিষ্ঠার পর সাধারণভাবে তা একটি ‘সি করপোরেশন’ হিসেবে চালু হয়। সব সি করপোরেশনকে প্রথমে ফরম ১১২০ ব্যবহার করে আয়-ব্যয় রিপোর্ট করতে হয় এবং সে হিসেবে মুনাফার ওপর করপোরেট ট্যাক্স দিতে হয়। এরপর ফরম ১০৯৯-ডিআইভি ব্যবহার করে প্রত্যেক শেয়ার হোল্ডারকে প্রদেয় লভ্যাংশ তাদের ইনডিভিজুয়্যাল ট্যাক্স রিটার্নে শিডিউল বি-তে রিপোর্ট করে ডিভিডেন্ড ও ক্যাপিটাল গেইন রেট অনুযায়ী ট্যাক্স প্রদান করতে হবে।
এই ডাবল ট্যাক্সেশন এড়াতে কোনো কোনো করপোরেশন কর বছরের প্রথম ৭৫ দিনের মধ্যে ফরম ২৫৫৩ ব্যবহার করে নিজেদের ‘এস করপোরেশনে’ রূপান্তর করে নেয়। এই রূপান্তর করে নিলে কোনো করপোরেট ট্যাক্স দিতে হয় না। এ ক্ষেত্রে শুধু নিজেদের মুনাফার ওপর শেয়ার হোল্ডাররা পার্সোনাল ট্যাক্স দেয়।

এলএলসি বা লিমিটেড লায়াবিলিটি কোম্পানি
আইআরএস এলএলসিকে পার্টনারশিপ এবং সোল প্রোপ্রিয়েটরশিপের মতোই ‘পাস থ্রো এনটিটি’ হিসেবে বিবেচনা করা হয়। একক মালিকানার এলএলসির জন্য আলাদা কোনো ট্যাক্স রিটার্ন ফাইল না করে এর একক মালিকেরা তাদের ব্যবসায়িক লাভ-লোকসান নিজেদের ব্যক্তিগত ট্যাক্স রিটার্নের ফরম ১০৪০-এর শিডিউল সি-তে রিপোর্ট করতে পারেন। আর এলএলসি একাধিক মালিকানার হলে প্রথমে ফরম ১০৬৫-এর মাধ্যমে এলএলসির নিজের ট্যাক্স রিটার্ন ফাইল করে সেই ফরমের শিডিউল কে-১ অনুযায়ী প্রত্যেক মালিক নিজের লাভ-লোকসানের অংশ নিজেদের ট্যাক্স রিটার্ন ফরম ১০৪০-এর শিডিউল ই-তে রিপোর্ট করতে পারেন। আবার একক বা একাধিক মালিকানার যেকোনো এলএলসি চাইলে এনটিটি ক্ল্যাসিফিকেশন ইলেকশন ফরম ৮৮৩২-এর মাধ্যমে আইএনসি বা করপোরেশনের মতো ট্যাক্স ট্রিটমেন্ট চাইতে পারে।