বিজ্ঞাপন বাজেটের ৫০ ভাগ এথনিক মিডিয়ার জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত মিডিয়াগুলোতে বিজ্ঞাপন বাজেটের প্রায় ৫০ ভাগ এখন থেকে এথনিক বা কমিউনিটির মিডিয়ার জন্য বরাদ্দ রাখা হবে। এ লক্ষ্যে একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছেন নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও।  ২২ মে সকালে মেয়রের অফিস সিটি হলের ব্লু হলে এথনিক মিডিয়ার সম্পাদক-প্রকাশকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিল ডি ব্লাজিও এই তথ্য জানান। মেয়রের এই অর্ডার ২০২০ সালে কার্যকর হবে। সিটির ইতিহাসে এই প্রথম এথনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রদানের উদ্যোগ নেওয়া হলো।

অনুষ্ঠানে মেয়র ব্লাজিও নিউইয়র্ক সিটিকে অভিবাসীদের সিটি হিসেবে আবারও উল্লেখ করেন এবং বহু কমিউনিটির সমন্বয়ের এই সৌন্দর্য ধরে রাখা ও একে লালনের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেয়র অফিসের ইমিগ্রান্ট অ্যাফেয়ার্স কমিশনার বিটা মোস্তফি। পরে মেয়র উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মেয়র ব্লাজিও বলেন, তিনি আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ভীষণ দুশ্চিন্তায় আছেন। আগামী নির্বাচনে ট্রাম্পের ভবিষ্যৎ অনিশ্চিত বুঝতে পেরেই এই দুশ্চিন্তা বলে তিনি মন্তব্য করেন। এ সময় মেয়র আগামীতে ইমিগ্রান্টদের স্বার্থ সুরক্ষায় একটি কম্প্রিহেন্সিভ ইমিগ্রান্ট নীতি তৈরির পরিকল্পনার কথাও জানান।

২০১৩ সালে মেয়র বিল ডি ব্লাজিও প্রথমবারের মতো মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিউইয়র্ক সিটির কমিউনিটি ও এথনিক মিডিয়ার জন্য বিজ্ঞাপনের বাজেট ৮ লাখ ৫০ হাজার ডলার থেকে বাড়িয়ে ২ দশমিক ৭৪ মিলিয়ন ডলার করা হয়েছে। মেয়রের নতুন নির্বাহী আদেশে তা ৬ মিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিটি হলে এথনিক মিডিয়ার বিজ্ঞাপন প্রদানের বিষয়ে মেয়রের নির্বাহী আদেশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মেয়র অফিসের মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট কমিশনার এ্যান ডেল ক্যাস্টিলো, ডিপার্টমেন্ট অব সিটিওয়াইড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কমিশনার লিসেট ক্যামিলো, অপারেশন ডিরেক্টর জেফ থামকিটিক্যাসেম ও ডিরেক্টর হোজে বায়োনা উপস্থিত ছিলেন। 

২০১৩ সালের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সিটিতে ইমিগ্রান্টের সংখ্যা (অন্য দেশে জন্মগ্রহণকারী) শতকরা ৩৭ ভাগ। আর ২০১৮ সালের তথ্যানুযায়ী, ইমিগ্রান্টের সংখ্যা প্রায় ৩৮ ভাগ। এই ইমিগ্রান্টদের মধ্যে অধিকাংশই ইংরেজি পত্রিকা পড়েন না। তাঁরা নিজ নিজ কমিউনিটির পত্রিকা পড়েন।