বিজয় দিবসে ওয়াশিংটন ডিসিতে বিজয় মেলা করবে বাংলা স্কুল
এবারের বিজয় দিবসকে একটু ভিন্নভাবে উদ্যাপনের উদ্যোগ নেওয়া হয়েছে ওয়াশিংটন ডিসিতে। এর অংশ হিসেবে বিসিসিডিআই বাংলা স্কুল বিজয় মেলা ও ১৩ তম পৌষ পিঠা উৎসবের আয়োজন করেছে। বাংলা স্কুলের আয়োজনে দ্বিতীয়বারের মতো স্মৃতিসৌধের রেপ্লিকায় পুষ্প অর্পণ করা হবে। এরপর দেশীয় ঐতিহ্যের ধারায় পিঠা উৎসব উদ্যাপন করা হবে।
এর বাইরে, সেখানে থাকবে হাজার কণ্ঠে জাতীয় সংগীত সোনার বাংলা গাওয়ার আয়োজন। থাকবে শিশুদের জন্য উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো, পিঠা তৈরি ও পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আর র্যাফেল ড্র প্রতিযোগিতা।
নর্দান ভার্জিনিয়ার কমিউনিটি কলেজে অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি আর ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডে বসবাসরত হাজারো বাংলাদেশির একটি মিনি বাংলাদেশ দেখা যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
এবারের আয়োজন চলবে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত। আর নানা কর্মসূচির যেসব ব্যবস্থা থাকছে তার প্রতিটিতে দেশের বিজয় দিবস, মুক্তিযুদ্ধ, আর দেশীয় ঐতিহ্যকে সামনে আনার প্রয়াস রাখা হয়েছে। উন্মুক্ত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার শিরোনাম থাকছে, ‘এসো আঁকি বিজয়ের রঙে’। অঙ্কনের বিষয় থাকবে ‘বাংলাদেশ’। ‘যেমন খুশি তেমন সাজো’র প্রতিযোগিতার বিষয় ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’। অনুষ্ঠানে গান গাইবেন, দিলরুবা খানের কন্যা, শিমুল খান।