বিজয় দিবসে নিউইয়র্কে থাকছে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসে ‘জাতীয় স্মৃতিসৌধ’ তৈরি করে সেখানে অভিবাদন জানাবেন মুক্তিযোদ্ধারা। যুক্তরাষ্ট্র শাখা সেক্টর কমান্ডারস ফোরামের এই অনুষ্ঠান হবে জুইশ সেন্টারে। সেখানে মুক্তিযোদ্ধারা একাত্তরের গল্প শোনাবেন। মুক্তিযুদ্ধে ভারতীয় বন্ধু ড. পার্থ ব্যানার্জিও একাত্তরের দিনগুলোর স্মৃতিচারণ করবেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ উপলক্ষে সপ্তম গ্রেড থেকে দ্বাদশ গ্রেডের ছাত্র-ছাত্রীদের জন্য ‘মুক্তিযুদ্ধ-একাত্তর’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অনুষ্ঠান হবে। সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসুস সামাদ অনুষ্ঠানে আসার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
এ ছাড়া ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ হবে খাবার বাড়ি চায়নিজ সেন্টারে। যুক্তরাষ্ট্র শাখা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সমাবেশ হবে ১৫ ডিসেম্বর রাতে ব্রুকলিনের রাঁধুনি রেস্টুরেন্টে।
বিজয় দিবস উপলক্ষে এর বাইরে আরও নানা আয়োজন থাকছে। নিউইয়র্ক সিটির পার্শ্ববর্তী নিউজার্সির প্যাটারসন সিটি হলে এদিন বাংলাদেশের পতাকা উড়াবেন প্যাটারসনের সিটি মেয়র।