
টিভি বিতর্কে যোগ দিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। দৃশ্যত বিতর্ক উসকে দেওয়ার মাধ্যমেই মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করছেন তিনি। বিতর্কে দলীয় সমর্থকসহ অন্যদের নজর মূলত ছিল ট্রাম্পের ওপরই। খবর বিবিসির।
রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের প্রথম টেলিভিশন বিতর্ক স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে ধনকুবের ট্রাম্প বলেন, তিনি শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করতে পারেন। এ বক্তব্যে শ্রোতাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপর তিনি অতীতে নারীদের কটাক্ষ করে দেওয়া বক্তব্যেও অনড় থাকেন।
ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত এই বিতর্কে রিপাবলিকান দলের ১০ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নেন।
বিতর্কে ট্রাম্প হোঁচট খান একটি জাতীয় স্বাস্থ্যসেবা পদ্ধতির পক্ষে অতীতে তাঁর সমর্থন দেওয়া এবং নারীদের বিষয়ে নেতিবাচক মন্তব্য নিয়ে।
অভিবাসীদের নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করেন আরেক মনোনয়নপ্রত্যাশী জেব বুশ। তিনি ট্রাম্পকে বিভেদ সৃষ্টিকারী হিসেবে বর্ণনা করেন।