বিতর্ক দেখে সিদ্ধান্ত নেবেন অর্ধেক ভোটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্কের ওপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটারের সিদ্ধান্ত। তিন পর্বের এই বিতর্ক দেখেই দেশটির ভোটারদের প্রায় ৫০ শতাংশ সিদ্ধান্ত নেবেন, কাকে ভোট দেওয়া যায়। গতকাল সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের একটি জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়।
নিউইয়র্কের লং আইল্যান্ডে হফস্ট্রা ইউনিভার্সিটিতে স্থানীয় সময় গতকাল সোমবার রাত নয়টায় হিলারি ও ট্রাম্পের মধ্যে প্রথম বিতর্ক হওয়ার কথা। এটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার হওয়ার কথা।
এর আগে প্রকাশিত ওই জরিপের ফলাফলে ধারণা দেওয়া হয়, ১০ কোটির মতো আমেরিকান দৃষ্টি রাখবেন এই বিতর্কের দিকে। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক ভোটার মনে করেন, দুই প্রার্থীর কাকে ভোট দেওয়া যায়, সে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে তিন দফার এই বিতর্ক। দেশটির যে ১০ শতাংশ ভোটার এখনো কোনো পক্ষ অবলম্বন করেননি, তাঁরাও এই অর্ধেক ভোটারের মধ্যে রয়েছেন।
রয়টার্স/ইপসোসের এই জরিপটি অনলাইনে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোয় চালানো হয়। এতে ২ হাজার ১২৪ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এর বাইরে অংশ নেওয়া ১ হাজার ৩৩৭ জনকে তাঁদের ইতিহাস, নিবন্ধন তথ্যসহ নানা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ভোটার বলে মনে করা হচ্ছে।
জরিপের ফল থেকে আরও জানা যায়, এই ৫০ শতাংশের বাইরে যেসব ভোটার রয়ে গেছেন, তাঁদের ৩৯ শতাংশ মনে করেন, দুই প্রার্থীর মধ্যে এই বিতর্ক সিদ্ধান্ত নিতে কোনো সহায়তাই করবে না। বাকি ১১ শতাংশ এখন পর্যন্ত বুঝে উঠতে পারছেন না, বিতর্কটি তাঁদের ওপর কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করবে।
জরিপে অংশ নেওয়া ৭২ শতাংশ ভোটার বলেছেন, বিতর্ক চলাকালে যখন কোনো প্রার্থী কোনো বিষয়কে ‘অসত্য’ বলে অভিহিত করবেন, তখন তাঁরা সঞ্চালকের কথাগুলো মন দিয়ে শুনবেন। এই ৭২ শতাংশের মধ্যে হিলারি ও ট্রাম্পের অনেক সমর্থকও রয়েছেন।
এদিকে জরিপে অংশ নেওয়া বহু ভোটারই দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ‘সভ্য’ বিতর্ক আশা করছেন। দলের পক্ষে মনোনয়ন পাওয়ার আগে থেকেই হিলারি ও ট্রাম্প পরস্পরকে আক্রমণ করে আসছেন। ই-মেইল বিতর্ক ইস্যুতে হিলারির কারাদণ্ড হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রাম্প। আর তাঁর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন হিলারি। সেই সঙ্গে ওভাল অফিসের জন্য ট্রাম্প মানসিকভাবে ‘অযোগ্য’ বলেও মন্তব্য করেন তিনি।