বিতর্ক: প্রস্তুত হিলারি ও ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প

হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প কাল সোমবার তাঁদের বহু প্রতীক্ষিত প্রথম মুখোমুখি বিতর্কে অবতীর্ণ হচ্ছেন। উভয়ের জন্যই এই বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি ‘নকআউট’ পাঞ্চে প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করার মাধ্যমে লড়াই নিজের পক্ষে নিয়ে আসার এটি একটি অপূর্ব সুযোগ।
নিউইয়র্কের হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ে দর্শকদের উপস্থিতিতে ৯০ মিনিট স্থায়ী এই বিতর্ক শুরু হবে স্থানীয় সময় সোমবার রাত নয়টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাতটা)। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক এই বিতর্ক সরাসরি সম্প্রচার করবে।
প্রথম বিতর্কটি সঞ্চালনা করছেন এনবিসি টিভির জনপ্রিয় সংবাদ উপস্থাপক লেস্টার হল্ট। হল্ট জানিয়েছেন, উভয় প্রার্থীকে তিনি তিনটি বিষয় নিয়ে প্রশ্ন করবেন—যুক্তরাষ্ট্র কোন পথে চলছে, কীভাবে সমৃদ্ধি অর্জন সম্ভব এবং কীভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা যায়।  
ডোনাল্ড ট্রাম্প সহজেই উত্তেজিত হন, বিশেষত ব্যক্তিগত যোগ্যতা বিষয়ে সন্দেহসূচক কোনো প্রশ্নে। হিলারি সম্ভবত চেষ্টা করবেন ট্রাম্পের দুর্বল দিকগুলো খুঁচিয়ে তাঁকে গোড়া থেকেই বেকায়দায় ফেলে দিতে। ট্রাম্পের দুর্বলতা চিহ্নিত করতে সাহায্য করার জন্য হিলারি শিবির একজন মনোরোগ বিশেষজ্ঞ ও ট্রাম্পের সাবেক জীবনী লেখককে কাজে লাগাচ্ছে। প্রস্তুতি হিসেবে হিলারি কয়েক দিন থেকেই ‘মক ডিবেট’ বা সাজানো বিতর্কে অংশ নিচ্ছেন।
ট্রাম্প শিবিরও হিলারির দুর্বল দিকগুলো খুঁজে দেখেছে। ‘মক ডিবেটে’ অংশ নিচ্ছেন ট্রাম্পও।

টিভি দর্শকের হিসাবে এ বিতর্ক আগের যেকোনো রেকর্ড ছাড়িয়ে যাবে। ২০১২ সালে ওবামা ও মিট রমনির প্রথম বিতর্কের মোট টিভি দর্শক ছিল ৬ কোটি ২০ লাখ। এবার সম্ভবত ১০ কোটি বা তার চেয়ে বেশি হবে টিভি দর্শকের সংখ্যা।

হিলারি অত্যন্ত অভিজ্ঞ তার্কিক, ফলে সবাই আশা করছে তিনি এই বিতর্কে ভালো করবেন। অন্যদিকে ট্রাম্পের ব্যাপারে প্রত্যাশা এতই কম যে বড় কোনো ধরনের ভুল ছাড়া ৯০ মিনিট কাটাতে পারলেই তিনি নিজেকে বিজয়ী ঘোষণা করবেন, এ ব্যাপারে কোনো ভুল নেই। তবে ট্রাম্পকে অনভিজ্ঞ ভেবে উপেক্ষা করা হিলারির জন্য ক্ষতিকর হতে পারে। বাছাই পর্বে ট্রাম্প ১৫ জন অভিজ্ঞ ও বহু পরীক্ষিত রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে ধরাশায়ী করে প্রমাণ করেছেন, বিতর্কে তিনি কারও চেয়ে কম যান না।