বিতর্কিত কিস্টোন এক্সএল বিল অনুমোদিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত কিস্টোন এক্সএল পাইপলাইন বিল মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গত শুক্রবার অনুমোদিত হয়েছে। সিনেটেও শিগগিরই এ বিল পাস হবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের উভয় কক্ষে প্রাধান্য থাকা রিপাবলিকান দলের সমর্থিত এ উদ্যোগে প্রেসিডেন্ট বারাক ওবামা ইতিমধ্যেই ভেটো দেওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন। খবর এএফপি ও বিবিসির।
কানাডা থেকে যুক্তরাষ্ট্রে তেল সরবরাহ করতে নতুন পাইপলাইন স্থাপনে আইন করতে বিরোধী দল রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিম্নকক্ষে ওই বিল উত্থাপন করে। কংগ্রেসের দুই কক্ষেই এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণ রয়েছে।
পাস হলেও বিলটি দুই-তৃতীয়াংশ সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্টের ভেটো উপেক্ষা করে চূড়ান্তভাবে পাস হওয়ার জন্য ওই পরিমাণ সমর্থন প্রয়োজন ছিল। ওবামার দল ডেমোক্রেটিক পার্টির ২৮ জন আইনপ্রণেতাও বিলে রিপাবলিকানদের পাশাপাশি সমর্থন দিয়েছেন।
নেব্রাসকা অঙ্গরাজ্যের একটি আদালত ওই পাইপলাইন স্থাপনের ওপর থেকে আইনি বাধা শুক্রবার তুলে নেন।
১ হাজার ৮৯৭ কিলোমিটার দীর্ঘ এ পাইপলাইন প্রকল্পের কথা ২০০৮ সালে প্রথম জানানো হয়। পরিবেশের জন্য ক্ষতিকর এ কারণ দেখিয়ে প্রেসিডেন্ট ওবামা ওই প্রকল্পের বিরোধিতা করেছেন। কিন্তু রিপাবলিকানরা বলছে, পাইপলাইনটি হলে বহুসংখ্যক কর্মসংস্থান হবে।